১১:৪৯ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক লাইভে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এবং রংপুর রিপোর্টার্স ক্লাব।
রোববার রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) একটি বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ প্রকাশ করে।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নানের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমকে দ্বিখণ্ডিত করার অর্থ হলো গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দ্বিখণ্ডিত করার ঘৃণ্য চেষ্টা। যারা এই অপপ্রয়াস চালিয়েছে, তারা কখনোই সফল হয়নি। গণমাধ্যম ও গণতন্ত্রই সবসময় বিজয়ী হয়েছে। এ ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে।
আরও পড়ুন: মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা মনে করি, এই অর্বাচীনকে থামানো উচিত। তা না হলে পৃষ্ঠপোষকদের পস্তাতে হবে। কারণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সর্বদা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ‘আমার দেশ’ পত্রিকা তাদের স্বকীয়তা বজায় রেখে সংবাদ পরিবেশন করে। যদি কারো পছন্দ না হয় বা কেউ অপমানবোধ করেন, তাহলে তিনি প্রতিবাদ করার পাশাপাশি প্রচলিত আইনের পথ বেছে নিতে পারতেন। কিন্তু রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ারে বসে প্রকাশ্যে গণমাধ্যমকে অপদস্ত করা এবং গলা টিপে ধরা শুধুমাত্র সংবাদপত্রের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার শামিল।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রের প্রধান এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন