০৬:১৪ পি.এম
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নকআউট পর্বে ওঠার জন্য লড়াই জমে উঠেছে। এই অবস্থায় হাইতির বিদায় নিশ্চিত হলেও ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ডের কাছে এখনও ৩২-এ স্থান করে নেওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। ফুটবল ইতিহাসে আপাতত ১০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং স্কটল্যান্ড। এর মধ্যে ৮টি ম্যাচে জয়লাভ করেছে ব্রাজিল, এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনও ব্রাজিলের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেনি।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের আধিপত্য পুরনো। চারবারের সাক্ষাতে ব্রাজিল তিনবার জয়ী হয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৪ সালের বিশ্বকাপে দুই দলের মধ্যে লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৮ বিশ্বকাপে জয় পেয়েছে ব্রাজিল।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
এছাড়া একটি আকর্ষণীয় পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। যখনই স্কটল্যান্ড বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে, তখন ব্রাজিল শিরোপা জিততে পারেনি। যদিও এটি একটি নিছক কাকতালীয় পরিসংখ্যানে পরিণত হয়েছে, তবে বিষয়টি ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দু।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ব্রাজিল এগিয়ে রয়েছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমার ও কিংবদন্তি জিকো যৌথভাবে শীর্ষে আছেন। দুজনেই করেছেন দুটি করে গোল।
সর্বশেষ ১০ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ১৬ গোল করেছে, বিপরীতে স্কটিশদের গোল সংখ্যা মাত্র ৩। ২০১১ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচেও ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।
আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন