০২:৪১ এম
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রিতে ঢাকা ক্রিকেটার্সকে ৫১ রানে পরাজিত করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।
শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে দলটি গ্রুপ পর্বে নিজেদের টানা তৃতীয় জয় অর্জন করেছে।
ম্যাচের শুরুতে আগে ব্যাটিং করতে নেমে বসুন্ধরা স্ট্রাইকার্স ১৯.৩ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। খালেদ মাসুদের ঝড়ো অর্ধশতকের পর বল হাতে তাপস ঘোষের বিধ্বংসী বোলিংয়ে ঢাকা ক্রিকেটার্সকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দেয় বসুন্ধরা।
আরও পড়ুন: টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন খালেদ মাসুদ। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্রিকেটার্স ১৬.৫ ওভারে ৮৯ রানেই থেমে যায়। ফলে ৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
বসুন্ধরার ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা আসে। দলীয় ৯ রানে মাহমুদুল হাসান শেখের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার মাহেন, যিনি করেন মাত্র ২ রান। আগের দুই ম্যাচে দারুণ ছন্দে থাকা শেহজাদ আকবর সোবহান এদিন বেশিদূর এগোতে পারেননি, তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।
এরপর দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন খালেদ মাসুদ ও সুমন আহমেদ। ১৭ বলে ১০ রান করে সুমন ফিরে গেলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন খালেদ। তিনি মাত্র ৩৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন। তবে দলীয় ৯৬ রানে ফিরোজ রশিদের শিকার হয়ে খালেদ ফিরে গেলে চাপের মধ্যে পড়ে বসুন্ধরা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। অন্তু ১৩ বলে ১৭ এবং রাজি ১১ রান করেন। শেষ দিকে বাবুর ১৬ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে ১৪০ রানে পৌঁছায় বসুন্ধরা।
আরও পড়ুন: আইএইচএফ নেশনস ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
ঢাকা ক্রিকেটার্সের হয়ে ফিরোজ রশিদ ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। মাহমুদুল হাসান শেখ এক মেডেনসহ ১৩ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঢাকা ক্রিকেটার্স। ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ফারুক টিটো। ২৯ বলের ইনিংসে তিনি দুটি চার ও একটি ছক্কা মারেন। রাসেল ১১ এবং তাসবিহ ইবতিসাম রাফি করেন ১০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, অতিরিক্ত থেকে আসে ১৭ রান।
বসুন্ধরার হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাপস ঘোষ। তিনি ৩.৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ঢাকা ক্রিকেটার্সের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। খালেদ মাসুদ ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন। রাজিও ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এ ছাড়া মাহেন ও লাজিম নেন একটি করে উইকেট।
ব্যাট হাতে খালেদের ঝড়ো ফিফটি আর বল হাতে তাপসের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। এই জয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেল দলটি।
আরও পড়ুন: ক্রিকেটারদের নিয়ে অনয়া বাঙ্গারের মন্তব্য পডকাস্টে ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন