ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার সহায়তা ঘোষণা


রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার সহায়তা ঘোষণা

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা করেছে।

আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি সম্পর্কিত সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কিত সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ অনুদানের ঘোষণা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউএনএইচসিআর জানিয়েছে, অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রদত্ত এই গুরুত্বপূর্ণ, নমনীয় এবং বহুবর্ষী অর্থায়ন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শরণার্থী জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের জন্য অপরিহার্য সেবা অব্যাহত রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন: শিবচরের নদ-নদীতে নাব্য সংকট, ‘মরা আড়িয়াল খাঁ’ অস্তিত্ব হারানোর পথে

এটি এমন একটি সময়ে এসেছে, যখন বৈশ্বিক মানবিক সহায়তার অর্থায়ন অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার এই সময়োপযোগী সহায়তা গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সহায়তার উৎস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ইউএনএইচসিআর এবং এর অংশীদাররা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং দুর্যোগপ্রবণ ও নাজুক পরিবেশে বসবাসরত শরণার্থীদের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সেবাগুলি চালিয়ে যেতে সক্ষম হবে।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি এবং আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কিত সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেছেন, ‘অস্ট্রেলিয়া আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর মধ্যে সহায়তা দিয়ে যাচ্ছে, যা আমাদের অঞ্চলকে আরো নিরাপদ, স্থিতিশীল এবং সহনশীল করে তুলছে। মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে সহায়তা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান, তবে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। এই সংকটের মূল কারণগুলোর সমাধান ছাড়া তা সম্ভব নয়।’

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, ‘প্রায় ৯ বছর পর নতুন নতুন মানবিক সংকট সামনে আসায় রোহিঙ্গা সংকটটি বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা একটি শক্তিশালী বার্তা দেয় যে রোহিঙ্গাদের বিশ্ব ভুলে যায়নি। আমি যেসব শরণার্থীর সঙ্গে কথা বলি, প্রত্যেকেই তারা নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করেন, যেখানে তাদের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মিয়ানমারে পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তাসহ স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতি অবিচল সমর্থন অব্যাহত রাখতে হবে।’

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেছেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা জনগণের সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ইউএনএইচসিআরকে দেওয়া এই সর্বশেষ ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা নারী, কন্যাশিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য অত্যাবশ্যক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।’

আরও পড়ুন: রূপপুরে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নতুন ইউরেনিয়াম চালান

২০১৭ সালে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা নিরাপত্তার আশায় বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় বসবাস করছেন, যাদের অধিকাংশ কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। তাদের বেশিরভাগই দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রায় সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের অর্থায়ন সংকট তাদের ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে এবং অনেককে টিকে থাকার জন্য ক্ষতিকর বিকল্পের দিকে ঠেলে দিচ্ছে, যার মধ্যে রয়েছে উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টার সময় প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ হন বা প্রাণ হারান। রোহিঙ্গা এবং আশ্রয়দাতাদের প্রতি অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা সুরক্ষা ও অপরিহার্য সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ ও টেকসইভাবে সংকট মোকাবিলার সক্ষমতা জোরদারে সহায়তা করবে।

অর্থায়নের ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী ও কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক মানুষের ওপর। ২০২৪ সাল থেকে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পে এসেছে। তাদের অনেকেই এখনো পর্যাপ্ত আশ্রয় এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানিসহ মৌলিক সেবার পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত।

বহু বছর ধরে বাস্তুচ্যুত থাকার কারণে অধিকাংশ রোহিঙ্গা শরণার্থী এখনও প্রায় সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। তাৎক্ষণিক মানবিক চাহিদা পূরণ জরুরি হলেও, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি তাদের সক্ষমতা বাড়াতে এবং বাস্তুচ্যুতি-পরবর্তী ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

আরও পড়ুন: ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সংহতি অব্যাহত রাখা অপরিহার্য। অস্ট্রেলিয়ার এই সহায়তা সেই সংহতিরের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদাসহ বসবাস এবং তাদের জরুরি প্রয়োজনীয় সুরক্ষা, সহায়তা ও সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনার দাবি

দুবাই, ৩ আগস্ট, ২০২৬ : ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছে যে জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার রোববার এই তথ্য প্রকাশ করেছে।

ইউকেএমটিও আরো জানায়, জাহাজটি এবং এর নাবিকরা সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন। উল্লেখ্য, একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেনই হলো সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

সংস্থাটি এ বিষয়ে জানাচ্ছে যে, ঘটনাটি ওমানের খাসাব শহরের উত্তর-পূর্বের দিকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।

ইউকেএমটিও জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি, যদি সন্দেহজনক কোনো তৎপরতা দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে জানাতে বলেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগের সুযোগ দিতে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইরান রোববার জানায়, হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে তারা ওমানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রণালীটির অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে নতুন নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, এমন কোনো চুক্তি হলেও এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্তিনেজকে আর দলে ভেড়াচ্ছে না জুভেন্টাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মার্তিনেজকে আর দলে ভেড়াচ্ছে না জুভেন্টাস

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালির ক্লাব জুভেন্টাস।

আর্থিক দিক থেকে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তুরিনের ক্লাবটি। এমন তথ্য জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস।

ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আপাতত অ্যাস্টন ভিলাতেই থাকছেন।

মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। সেই ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকেই ক্লাব ছাড়ার জল্পনা শুরু হয়। তবে, সময়ের সঙ্গে বিভিন্ন আলোচনা হলেও এমন কোনো প্রস্তাব আসেনি, যা ক্লাব ও খেলোয়াড়—উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য ছিল।

২০২০ সালে আর্সেনাল থেকে প্রায় ১৭ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন এবং ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

প্রসঙ্গত, ট্রান্সফার নিয়ে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে ছুটিতে রয়েছেন মার্তিনेज। সম্প্রতি তিনি স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ছুটি শেষে অ্যাস্টন ভিলার প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন, যেখানে এখনও তিনিই দলের প্রথম পছন্দের গোলরক্ষক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


পটুয়াখালীতে অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালী, ৩ আগস্ট, ২০২৬ : জেলার মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েং প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার বিকেলে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. ছালাম আকনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযানের সময় ব্যবসায়ী বাড়িতে না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বাসস’কে জানিয়েছেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ সংরক্ষণ ও ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি জানান, জব্দ পলিথিনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি, পাইলটের চোখে ধরা পড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


লন্ডনের আকাশে রহস্যময় চাকতি, পাইলটের চোখে ধরা পড়ল

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের কাছে অবতরণের প্রস্তুতির সময়, একটি বাণিজ্যিক বিমানের পাইলট একটি রহস্যময় চাকতির মতো বস্তু দেখার দাবি করেছেন। মেট্রো ইউকে এই খবরটি জানিয়েছে।

একটি সরকারি নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে এয়ারবাস এ৩১৯ যাত্রীবাহী বিমানে। বিমানটি নিচে নামছিল এবং রানওয়ের দিকে যাওয়ার জন্য বাঁ দিকে ঘুরছিল। এমন সময় পাইলট ডান ডানার খুব কাছে বিপরীত দিক থেকে আসা একটি বস্তু দেখতে পান। পাইলটের মতে, বস্তুটি দেখতে 'উড়ন্ত চাকতির' মতো ছিল।

বস্তুটির পরিচয় নিয়ে ধারণা করা হয়েছিল এটি একটি বিশেষ ধরনের ড্রোন হতে পারে। রহস্যময় বস্তুটি বিমানের সমান উচ্চতায় বিপরীত দিকে যাচ্ছিল এবং ধারণা করা হয়, এটি বিমান থেকে মাত্র ১০০ থেকে ৩০০ ফুট দূরে ছিল। ঘটনাটি তদন্তের জন্য যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ডে রিপোর্ট করা হয়েছে। এই বোর্ড একটি স্বাধীন সংস্থা, যা বিমান চলাচলের সময় কাছাকাছি সংঘর্ষের ঝুঁকির ঘটনাগুলো পর্যবেক্ষণ করে।

জুনে প্রকাশিত যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, “এ৩১৯ বিমানের পাইলট বলেছেন, বিমান নিচে নামার সময় এবং বাঁ দিকে ঘোরার সময় তিনি একটি চাকতি বা ‘উড়ন্ত চাকতি’ ধরনের সন্দেহজনক ড্রোন দেখতে পান। সেটি একই উচ্চতার বিপরীত দিক থেকে এসে তাদের ডান ডানার খুব কাছ দিয়ে চলে যায়।” পাইলট জানান, বস্তুটি সাসেক্স গ্রামের ওপর দিয়ে উড়তে দেখা যায়। সেটি হ্যাংক্রসের কাছে, গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রায় সাত মাইল দক্ষিণে অবস্থিত।

পাইলট জানান, বস্তুটি স্পষ্টভাবে একটি চাকতির মতো ছিল এবং এর বাইরের অংশে গাঢ় রঙের দাগ ছিল। বিমানকর্মীরা ধারণা করেছিলেন, এটি হয়তো উন্নত বা অস্বাভাবিক কোনো ড্রোন হতে পারে। তবে তারা এর আসল পরিচয় বা কোথা থেকে এসেছে তা নিশ্চিত করতে পারেননি।

এত কাছ দিয়ে গেলেও পাইলটকে জরুরি কোনো পদক্ষেপ নিতে হয়নি। কারণ বিমানটি তখন আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী বাঁক নিচ্ছিল। এলাকা থেকে অন্য কোনো পাইলট এই অজানা বস্তুটি দেখতে পারেননি। তবে বিমান নিয়ন্ত্রণকারীরা সতর্কবার্তা জারি করেছিলেন। প্রতিবেদনের শেষে বলা হয়, ‘বোর্ডের মতে, বস্তুটির বলা উচ্চতা এবং বর্ণনা এমন ছিল যে তারা অজানা বস্তুটির প্রকৃতি নিশ্চিত করতে পারেননি।’ প্রতিবেদনে আরো বলা হয়, ‘বোর্ড মনে করেছে, নিরাপত্তা কিছুটা কমে গেলেও সেখানে কোনো সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%