মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৮:১৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চন্ডিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন তপন দাস (৩৮)। তিনি চন্ডিতলা গ্রামের মৃত সুকুমার দাস ও মৃত নন্দ রানীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তপন দাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ হতে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, "ডিজিটাল যুগে শিক্ষাও হবে ডিজিটাল" চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের ল্যাব ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ও নতুন ইকুইপমেন্ট উদ্বোধন করা হয়।
কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ - সুযোগ-সুবিধা বাড়িয়ে মেয়েদের শিক্ষাকে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টার চালিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “আজকের এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। এই পরীক্ষাই তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি রচনা করবে।” তিনি আরও বলেন, “সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। পরীক্ষার সময় অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অর্জিত জ্ঞানকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে কাজে লাগিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ সবসময় তাদের সাফল্য ও কল্যাণ কামনা করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় সংবর্ধনা উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠন।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন খুলনা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং পরিবেশ সংরক্ষণ কমিটি যৌথভাবে করে।
বিশ্ব পরিবেশ দিবসে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।"
এসময় বক্তারা বলেন, "ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে।"
অতিথিরা আরও উল্লেখ করেন, "প্রতিনিয়ত আমাদের জলবায়ু এবং পরিবেশ পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বছরে একটি করে হলেও গাছ লাগানো উচিত।"
খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি।
প্রধান আলোচক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন শেখ মনিরুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন এবং মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রেস কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান। প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানানো হয়, এ কর্মসূচি সফলভাবে পালনের জন্য জেলার বিভিন্ন কেন্দ্রে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা আরও বলেন, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়াতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে চিহ্নিত দুই নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে ও একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তিনজনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সাতটি মাদক মামলার আসামি রাবেয়া আক্তার সাথীকে (৩০) গ্রেপ্তার করা হয়। একই দিনে স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনটি মাদক মামলার আসামি শিল্পী বেগমকে (৩৮) আটক করে পুলিশ। একই রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামের হুলা এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মো. কাওসার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। সাথী ও শিল্পী দু’জনই উপজেলার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার রাবেয়া আক্তার সাথী উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের মো. জলিল মিয়ার মেয়ে। শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আফজাল হোসেনের মেয়ে। কাওসার হোসেন উপজেলার দৈহারী ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া আক্তার সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও থানায় অভিযোগ করলেও অতীতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে মাদকসহ আটক করে গণধোলাই দিয়ে এলাকা থেকে বিতাড়িত করেছিল। পরে কিছুদিন আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন তিনি।
এদিকে শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার উত্তর স্বরূপকাঠি এলাকায় নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যে ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ