০৮:০৪ এম
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি নাগরিকদের আটক করার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৯টি দেশের মোট ১৮২ জন আটক ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো ১৮২ জনের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারতের ৩ জন, থাইল্যান্ডের ৩ জন, কম্বোডিয়ার ৩ জন, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের ১ জন নাগরিক। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
অধিকাংশ আটক ব্যক্তির বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের পাসপোর্ট ছিল না, তাদের মধ্যে কয়েকজনকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ প্রদান করা হয়েছে। এসব নথির ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিসিসিপির সিনেট নির্বাচনে উত্তেজনা এখনও বাকি
অভিবাসন বিভাগ জানায়, ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ অনুযায়ী তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
এদিকে, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে দেশে ফেরার বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে, এ জন্য কোনো সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
অভিবাসন বিভাগ বিস্তারিত তথ্য জানার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: তুরস্কের আফিয়নকারাহিসারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, আহত ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন