০৮:০০ এম
বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার খারাসম্বল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
অভিযানের সময় একটি বসতঘর থেকে ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পাবনায় মরদেহ চুরির আতঙ্কে কবরস্থানে রাতভর পাহারা দিচ্ছেন স্বজনরা
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) এবং তার স্ত্রী মোছা. রনজিদা বেগম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট সংগ্রহ ও মজুদ করে আসছিলেন। পুলিশের দাবি, তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ ধারায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, অবৈধ ও নকল পণ্যবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত, গ্রেফতার ও আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
আরও পড়ুন: শরীয়তপুরে কলেজ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল ভিডিও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন