০৭:৪২ পি.এম
বর্তমান বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এইসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ হতে পারে।
আন্ত শিক্ষা সমন্বয় বোর্ডের সূত্রে জানা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পাস করা ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতিমধ্যে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পাস করা ৫৭টি প্রতিষ্ঠানের প্রধানকেও চিঠি পাঠানো হবে।
আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পাস করা ২৯টি প্রতিষ্ঠানের প্রধানদেরও চিঠি দেওয়া হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, চিঠি পাওয়া প্রতিষ্ঠানপ্রধানরা সরাসরি শিক্ষা বোর্ডে এসে তাদের জবাব দিতে হবে। মূলত জানা হবে কেন তাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। যদি প্রতিষ্ঠানপ্রধানদের জবাব সন্তোষজনক না হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব শিক্ষকের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করবে বোর্ড।
এ বিষয়ে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমে বলেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন