বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৩:৩৪ পি.এম
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু থাকবে, এই খবর জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মানবতাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দিয়ে বাংলাদেশিদের প্রয়োজন মেটানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের সময় গণমাধ্যমকে এ ঘোষণা দেন তিনি।
দীনেশ ত্রিবেদী জানান, ঢাকায় ২টি, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ৫টি ভিসা সেন্টার থেকে আপাতত টুরিস্ট ভিসা দেয়া হবে। ধীরে ধীরে অন্যান্য সেন্টারগুলোও চালু করা হবে। তিনি উল্লেখ করেন, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে পাওয়া যাবে।
এর আগে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার ক্রেডেনসিয়াল পেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগের শুক্রবার (১২ জুন) তিনি পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল পৌঁছালে বাংলাদেশিরা তাকে শূন্যরেখায় অভ্যর্থনা জানান। গত ৫ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনসিয়াল গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও তিনি কলকাতায় বড় হয়েছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল এবং তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। ২০২১ সালে বিজেপিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি, যেখানে তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হন।
সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হয়, কিন্তু ভারত সরকার এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নিয়েছে।
এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ ইন’ এবং ‘পদ্ধতিগত পুশব্যাক’ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশের কূটনৈতিক টেবিলে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা বলা হলেও, প্র্যাক্টিক্যাল গ্রাউন্ডে বা সীমান্তে কাঁটাতারের দুই পাশে পরিস্থিতি বেশ থমথমে। এ অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ফলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই নিয়োগকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় আজ ভোরে সংঘটিত একটি ভয়াবহ জোড়া ভূমিকম্পের কারণে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের শোক প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, 'আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।' তিনি আরও জানান, 'নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।'
তিনি আরও বলেন, 'ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে।' তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ভেনেজুয়েলার সরকারের প্রতি আহ্বান জানান, 'আমরা তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।'
জামায়াত সেক্রেটারি আশাবাদ ব্যক্ত করেন যে, 'ভেনেজুয়েলার সরকার ও জনগণ শিগগির তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসনকেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। সিনথেটিক এবং সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিদ্যমান মাদক আইনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা যাচ্ছে না। কারণ মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করছে। আর আমাদের কর্মকর্তাদের কাছে অস্ত্রের অভাব রয়েছে।
তিনি উল্লেখ করেন, এটা অনেকটা ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের’ মতো।
এজন্য মাদক আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আইনি কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো এই সংসদেই এ বিষয়ে আলোচনা হবে।
মাদকের অনেক মামলা আদালতে ঝুলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় ৮০ হাজার মাদক মামলা পেন্ডিং রয়েছে। বিভিন্ন জেলায় প্রচুর মামলা ঝুলে রয়েছে।
এ বিপুলসংখ্যক মামলার বিচার প্রথাগতভাবে করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, মাদক মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে এবং প্রথাগত আদালতেও এর বিচার কাজ চলবে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রগুলোকে উৎসাহিত করার অংশ হিসেবে ৭৩টি কেন্দ্রকে এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে করেছেন।
বৈঠকটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকের সময় বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, বর্তমান সরকার ১৩০০ উন্নয়ন প্রকল্পকে ‘গলার কাঁটা’ মনে করছে। তিনি উল্লেখ করেন, ‘আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন প্রকল্প পেয়েছি। এগুলো আমাদের জন্য বোঝা। না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প আমরা পর্যালোচনা করেছি। আমরা ডিরেগুলেশনে যাচ্ছি। সব প্রকল্প কাছ থেকে মনিটর করা হবে।’
এই কথা তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারের প্রেক্ষাপটে জানান।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘গ্রামগঞ্জে মৃৎশিল্প, শীতলপাটিসহ বিভিন্ন খাতের যেসব কারিগররা রয়েছেন তাদের এগিয়ে নিতে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নিয়েছি। আমরা তাদের কাজ আরো মার্কেট অ্যাবল করতে চাই। যা এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে তা ২০০০ টাকায় বিক্রি হবে। তাদের আয় বাড়লেই তো জিডিপি বাড়বে।’
আমির খসরু আরও বলেন, ‘আমরা গান, কালচার, চলচ্চিত্র—সবই মনিটাইজ করতে চাই। বিনোদন একটি আয়ের উৎস।’ এ সময় তিনি দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কারের মাধ্যমে পর্যটন খাতে যুক্ত করার কথা উল্লেখ করেন। তিনি জানান, তাই আমরা সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ দিতে চাই।
অর্থমন্ত্রী দাবি করেন যে, আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি এবং বলেন, ‘একজন ছাড়া আমি কাউকেই চিনি না।’ তিনি এ সময় কৃষি খাতকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ