বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
ভেনেজুয়েলায় আজ ভোরে সংঘটিত একটি ভয়াবহ জোড়া ভূমিকম্পের কারণে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের শোক প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, 'আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।' তিনি আরও জানান, 'নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।'
তিনি আরও বলেন, 'ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে।' তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ভেনেজুয়েলার সরকারের প্রতি আহ্বান জানান, 'আমরা তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।'
জামায়াত সেক্রেটারি আশাবাদ ব্যক্ত করেন যে, 'ভেনেজুয়েলার সরকার ও জনগণ শিগগির তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসনকেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। সিনথেটিক এবং সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিদ্যমান মাদক আইনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা যাচ্ছে না। কারণ মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করছে। আর আমাদের কর্মকর্তাদের কাছে অস্ত্রের অভাব রয়েছে।
তিনি উল্লেখ করেন, এটা অনেকটা ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের’ মতো।
এজন্য মাদক আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আইনি কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। হয়তো এই সংসদেই এ বিষয়ে আলোচনা হবে।
মাদকের অনেক মামলা আদালতে ঝুলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় ৮০ হাজার মাদক মামলা পেন্ডিং রয়েছে। বিভিন্ন জেলায় প্রচুর মামলা ঝুলে রয়েছে।
এ বিপুলসংখ্যক মামলার বিচার প্রথাগতভাবে করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, মাদক মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে এবং প্রথাগত আদালতেও এর বিচার কাজ চলবে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রগুলোকে উৎসাহিত করার অংশ হিসেবে ৭৩টি কেন্দ্রকে এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে করেছেন।
বৈঠকটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকের সময় বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, বর্তমান সরকার ১৩০০ উন্নয়ন প্রকল্পকে ‘গলার কাঁটা’ মনে করছে। তিনি উল্লেখ করেন, ‘আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন প্রকল্প পেয়েছি। এগুলো আমাদের জন্য বোঝা। না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প আমরা পর্যালোচনা করেছি। আমরা ডিরেগুলেশনে যাচ্ছি। সব প্রকল্প কাছ থেকে মনিটর করা হবে।’
এই কথা তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারের প্রেক্ষাপটে জানান।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘গ্রামগঞ্জে মৃৎশিল্প, শীতলপাটিসহ বিভিন্ন খাতের যেসব কারিগররা রয়েছেন তাদের এগিয়ে নিতে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ নিয়েছি। আমরা তাদের কাজ আরো মার্কেট অ্যাবল করতে চাই। যা এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে তা ২০০০ টাকায় বিক্রি হবে। তাদের আয় বাড়লেই তো জিডিপি বাড়বে।’
আমির খসরু আরও বলেন, ‘আমরা গান, কালচার, চলচ্চিত্র—সবই মনিটাইজ করতে চাই। বিনোদন একটি আয়ের উৎস।’ এ সময় তিনি দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কারের মাধ্যমে পর্যটন খাতে যুক্ত করার কথা উল্লেখ করেন। তিনি জানান, তাই আমরা সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ দিতে চাই।
অর্থমন্ত্রী দাবি করেন যে, আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি এবং বলেন, ‘একজন ছাড়া আমি কাউকেই চিনি না।’ তিনি এ সময় কৃষি খাতকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্ম মন্ত্রণালয় অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ বিষয়ক একটি পত্র জারী করা হয়েছে। এ পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে-' অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলা নামক কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করছে এবং পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।
প্রকৃতপক্ষে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি বা এজেন্ট বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এবং তাদের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।'
এ পত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোন এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সাথে হজ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পত্রটিতে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইড লাইন শীঘ্রই ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে এবং প্রকাশিত হজ প্যাকেজ ও গাইড লাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ