শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:০৪ এম
দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং চিন্ট নিউ এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (জেডসিএনইডিসিএল)-এর সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশের এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড (এসআরআরইএল)।
এই চুক্তির আওতায় বগুড়া, পঞ্চগড় এবং কিশোরগঞ্জ—এই তিনটি জেলায় মোট ৪৮০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় এসআর রিনিউএবল এনার্জি লিমিটেডের অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন এসআর রিনিউএবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি গান পেং।
অনুষ্ঠানে এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরীও উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্ব বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের স্থানীয় অভিজ্ঞতা এবং চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা একত্রিত করে বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
বগুড়া, পঞ্চগড় এবং কিশোরগঞ্জে প্রস্তাবিত ৪৮০ মেগাওয়াটের এই প্রকল্পগুলো দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ এবং টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই চুক্তির মাধ্যমে এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড দেশে পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি ভবিষ্যৎ নির্মাণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পের কাছে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এতে বাসটির কিছু আসন পুড়ে যায়।
এদিকে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও উপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ার কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং দৈনিক মানব কথার সম্পাদক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’ আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা ওই দাবি জানান।
সাংবাদিক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করার অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বক্তারা বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তারা আরও বলেন, সাংবাদিকদের কাজ হল দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এই দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উপস্থিত বক্তারা জানান, গণপূর্ত অধিদপ্তরের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান ওরফে টিপু মুন্সির ভায়রা ড. আবু নাসের চৌধুরী। বক্তারা দাবি করেন, বিগত শেখ হাসিনা সরকারের সময় তিনি ‘ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করার অভিযোগের পাশাপাশি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি ফ্যাসিবাদের বড় দোসর ছিলেন।
বক্তারা অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া আগামী ৭২ ঘন্টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউ দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম রোহান, সাজাদ মতিন, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মঈনউদ্দীন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান। বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে কলেজে পৌঁছানোর পর তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানতে চান।
একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখে মন্ত্রী নারী শিক্ষকের কাছে প্রশ্ন করেন, “স্টুডেন্ট কোথায়?” ওই শিক্ষক জবাব দেন, “ক্লাসে একজন ছাত্রী আছে।” শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। একজন এসেছে।”
এ সময় আরেক শিক্ষক বলেন, “ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।” শিক্ষামন্ত্রী পরে জানতে চান, “কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।” শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে গেলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে।
একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহার কথা তুলে ধরে বলেন, “তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।” শিক্ষকদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী। তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে এসেছিলেন। সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। তিনি প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো যেন মনিটর করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট এখন অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকদের। কিন্তু একটি শ্রেণিকক্ষে ১৫ জন ছাত্রীর বিপরীতে মাত্র একজনের উপস্থিতি এবং শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা কলেজটির পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের প্রতি দ্রুত সর্বদলীয় সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই সংকট শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার। সংকট মোকাবেলায় দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বিত আলোচনা অত্যন্ত জরুরি।
জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তিনি উল্লেখ করেন যে, এই সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, জনজীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্য তৈরি করা প্রয়োজন।
গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করে মঞ্জু বলেন, এই রায়ের নৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব কাজে লাগিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি আরও জোরদার করতে হবে। তিনি ক্যাম্পের ভেতরে মাদক ও অপরাধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি জড়িত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা মানসিক ও সামাজিক সংকটে ভুগছেন, যা বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, সংকটের স্থায়ী সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগোতে হবে এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে হবে।
সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সেজন্য বাংলাদেশকে দক্ষ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান মজবুত করতে দেশের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বাড়ানো প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন লেখক ও চিন্তক আব্দুল হালিম, এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক এবং সহদপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী। অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ