ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে জামায়াতের বিক্ষোভ


সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহীর বানেশ্বর বাজারে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপের আহ্বান সাবেক উপদেষ্টা সাখাওয়াতের

এছাড়া, সমাবেশে জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমির, ইউনিয়ন পর্যায়ের আমিরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সমাবেশে বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান যে, এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন: গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি, মানববন্ধন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলে নাশকতা ঠেকাতে বিএনপির পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


তৃণমূলে নাশকতা ঠেকাতে বিএনপির পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলার উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে বিএনপি। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, নেতাকর্মীদের সক্রিয়তা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও বিশেষ টিম কাজ করছে। স্থানীয় পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিরোধ ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।

বিশেষ টিমের সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলটির প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা এই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বিএনপির হাইকমান্ড সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো পক্ষ যাতে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিবরা অংশ নেন। এসব এলাকায় নির্বাচনে অংশ নেওয়া নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের এ টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানোর বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।

বিএনপির নেতারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শুধু কেন্দ্রীয় নির্দেশনা যথেষ্ট নয়। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে যেন কেউ ব্যক্তিগত উদ্যোগে কোনো সংঘাতে না জড়ান।

বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এর আগে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সংসদীয় দলের সভায় তিনি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার তাগিদ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলংকা ফাইনালে, ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


শ্রীলংকা ফাইনালে, ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে

এশিয়া কাপের রাইজিং স্টারস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলংকা ‘এ’ দলের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় ভারত।

ভারতের বোলাররা লংকান ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়তে পারেননি। শ্রীলংকার দুই ওপেনারের দাপটের কারণে ভারতকে এই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩১৭ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এই ইনিংসে চারটি ব্যাটসম্যান অর্ধশতরান করেন।

টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকা দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরির মাধ্যমে ৫১ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

ভারতের ব্যাটিং শুরুটা ভালো ছিল। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা মিলে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। তাদের ওপেনিং জুটিতে ৮০ রান উঠে যায়। এরপর বৈভব আউট হন, তিনি ২৬ বল খেলে ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৪০ রান করেন।

এরপর অভিষেক শর্মা ও তিলক ভার্মা দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন। অভিষেক আগের ম্যাচের মতো এই ম্যাচেও ভালো শুরু করেছিলেন, কিন্তু শতরান করতে পারেননি। ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭৮ রান করে তিনি আউট হন।

তিলকও বেশি সময় টিকতে পারেননি। ৬৬ বল খেলে ৩টি চার এবং ১টি ছক্কায় ৫৩ রান করেন তিনি। তিলক ফিরে যাওয়ার পর ভারত একের পর এক উইকেট হারাতে থাকে। শাহবাজ খান ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তার কল্যাণে ৮ উইকেট হারিয়ে ভারত ৩১৭ রান করে।

টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকার ওপেনিং জুটিতে ১৭৪ রান আসে। এই জুটির কারণে ভারত পিছিয়ে পড়ে। জয়াবর্ধন ১০টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৭০ বলে ১০৫ রান করে আউট হন।

অন্য ওপেনার ক্রুসপুল্লে ১২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১১৬ রান করেন। নিশান মাদুশকা ৫৬ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকেন। রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করেন, যেখানে তিনি ১টি চার এবং ৩টি ছক্কা মারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসআর এনার্জি ও চীনা প্রতিষ্ঠান জেডসিএনইডিসিএল-এর মধ্যে ৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


এসআর এনার্জি ও চীনা প্রতিষ্ঠান জেডসিএনইডিসিএল-এর মধ্যে ৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চুক্তি

দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং চিন্ট নিউ এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (জেডসিএনইডিসিএল)-এর সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশের এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড (এসআরআরইএল)।

এই চুক্তির আওতায় বগুড়া, পঞ্চগড় এবং কিশোরগঞ্জ—এই তিনটি জেলায় মোট ৪৮০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় এসআর রিনিউএবল এনার্জি লিমিটেডের অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন এসআর রিনিউএবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি গান পেং।

অনুষ্ঠানে এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরীও উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের স্থানীয় অভিজ্ঞতা এবং চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা একত্রিত করে বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বগুড়া, পঞ্চগড় এবং কিশোরগঞ্জে প্রস্তাবিত ৪৮০ মেগাওয়াটের এই প্রকল্পগুলো দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ এবং টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই চুক্তির মাধ্যমে এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড দেশে পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি ভবিষ্যৎ নির্মাণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন লাগানোর ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ এম


রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন লাগানোর ঘটনা

রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পের কাছে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এতে বাসটির কিছু আসন পুড়ে যায়।

এদিকে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও উপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%