প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের প্রতি দ্রুত সর্বদলীয় সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই সংকট শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার। সংকট মোকাবেলায় দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বিত আলোচনা অত্যন্ত জরুরি।
জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তিনি উল্লেখ করেন যে, এই সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, জনজীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্য তৈরি করা প্রয়োজন।
গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করে মঞ্জু বলেন, এই রায়ের নৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব কাজে লাগিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি আরও জোরদার করতে হবে। তিনি ক্যাম্পের ভেতরে মাদক ও অপরাধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি জড়িত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা মানসিক ও সামাজিক সংকটে ভুগছেন, যা বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, সংকটের স্থায়ী সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগোতে হবে এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে হবে।
সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সেজন্য বাংলাদেশকে দক্ষ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান মজবুত করতে দেশের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বাড়ানো প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন লেখক ও চিন্তক আব্দুল হালিম, এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক এবং সহদপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী। অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন