ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজিএমইএ সহ-সভাপতি: বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহনের সক্ষমতা নেই


বিজিএমইএ সহ-সভাপতি: বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহনের সক্ষমতা নেই

বর্তমান ব্যয় কাঠামোর কারণে দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানা নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধের সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী মন্তব্য করেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ানোর ফলে উৎপাদনকারীদের মুনাফার হার কমে যাচ্ছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে ৩০ কোটি ডলারে ডেনিম কারখানা স্থাপনে তুরস্কের বিনিয়োগ, কর্মসংস্থান হবে ৪,৪০০ জনের

পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ-র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।

এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।

বহুমুখী চাপের মধ্যে পোশাক খাতের অবস্থান নিয়ে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাক শিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে।

মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই।

আরও পড়ুন: আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে ব্যাংকগুলোকে পৃথক সেল গঠনের নির্দেশ

কারখানা বন্ধ হওয়া ও বেকারত্বের শঙ্কা নিয়ে আলোচনা সভায় বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোর মধ্যে এই ব্যবসা লাভজনক নয়।

আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ, উৎপাদক এবং শ্রম অধিকার কর্মীরা একমত হন যে, মজুরি সংকটকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার বিরোধ হিসেবে দেখা উচিত নয়। টেকসই সমাধানের জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বৈশ্বিক রপ্তানি চাহিদা, পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন খরচ এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

আরও পড়ুন: খোলা বাজারে ডলারের দাম ১৩০ টাকার উপরে পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রশংসাপত্র (Appreciation Letter) প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA) থেকে। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলার, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শদানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই প্রশংসাপত্র বিতরণ করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮১ জন শিক্ষার্থী এই স্বীকৃতি লাভ করেছেন।

অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরবর্তীতে ৮১-তে পৌঁছায়।

সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কিছু শিক্ষার্থী শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।

তাদের উচ্চশিক্ষার অর্থায়নের উৎস হিসেবে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। এছাড়াও Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

উদ্যোগটির বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান মন্তব্য করেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য আগে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাদের কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। তিনি উল্লেখ করেন যে, এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিসরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন।

তিনি আরও বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এই গ্র্যাজুয়েটরা ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন এবং তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এই উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন করা এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন প্রশংসাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন ড. রেজা কিবরিয়া, শিক্ষা খাতে তদন্ত কমিটির সভাপতির পদে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


নতুন দায়িত্ব পেলেন ড. রেজা কিবরিয়া, শিক্ষা খাতে তদন্ত কমিটির সভাপতির পদে

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছেন। জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাকে সভাপতি করে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম বিজ্ঞপ্তিতে সই করেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত সাব-কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সাব-কমিটি।

অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিটি তদন্তের প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ২০২৫-২৬ কার্যবর্ষের বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একইসাথে ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসান শিহাব অনুষ্ঠানে বলেন, "আমাদের দায়িত্ব পালনকালে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ ছিল। এর মধ্যে ক্লাবের ওয়েবসাইট তৈরি, লোগো উন্নয়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পন্ন করেছি। এ ছাড়া ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল ক্লাবের জন্য ভালো কিছু করা। নতুন যারা দায়িত্ব গ্রহণ করেছ, আমি বিশ্বাস করি, তোমাদের হাত ধরে ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করবে।"

নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, "জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি টানা ১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে দুটি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, শিগগিরই তৃতীয়টি অনুষ্ঠিত হবে। নবীনদের উদ্দেশে তিনি বলেন, ক্লাবে যুক্ত হতে অভিজ্ঞতা বা একাডেমিক বর্ষ কোনো বাধা নয়; প্রয়োজন শুধু ফটোগ্রাফির প্রতি আগ্রহ। হাতে থাকা যেকোনো ডিভাইস দিয়েই ফটোগ্রাফির চর্চা শুরু করা সম্ভব। আমরা খুব শিঘ্রই ক্যাম্পাসে ফটোওয়াক এবং আসন্ন শীতে চুড়ামনকাটি বাজারে হাতে-কলমে ফটোগ্রাফি শেখার আয়োজন করবোই ইনশাআল্লাহ।"

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের প্রভাষক মো. তৌহিদুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুজ্জামান। অনুষ্ঠানে ক্লাবটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সিরিজে নেই জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


বাংলাদেশ সিরিজে নেই জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা

দক্ষিণ আফ্রিকা সীমিত ওভারের সিরিজের আগে উদ্বেগের মধ্যে রয়েছে। আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে দলের দুই ক্রিকেটারকে পাচ্ছে না তারা। ইনজুরির কারণে সাদা বলের দুটি সিরিজ থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি। তার পাশাপাশি তরুণ পেসার কোয়েনা মাফাকাও টি-টোয়েন্টি সিরিজে দর্শক হয়ে গেছেন।

কোয়েটজি পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিরুদ্ধে সিএসএ চার দিনের সিরিজ ডিভিশন-১-এর ম্যাচে চোট পান। ওই ম্যাচে ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলার পাশাপাশি ১৫ ওভার বল করে দুটি উইকেট নেন তিনি। তবে ফলোঅনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বল করেননি এই অলরাউন্ডার।

অন্যদিকে, ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় ফের বিপত্তির সম্মুখীন হন মাফাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে তার খেলার কথা ছিল, কিন্তু সেখান থেকেও বাদ পড়েছেন তিনি।

দুই পেসারের ছিটকে যাওয়ার কারণে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। তিনি ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৫.৫৭ বোলিং গড় নিয়ে খেলেছেন। আর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটার জে জে ব্যাসন ও ইথান বোস।

চোটের ধাক্কা সামলে নতুনদের নিয়ে বাংলাদেশ সিরিজে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ আফ্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%