ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাবাব ফাতিমা


আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাবাব ফাতিমা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নপত্রটি ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম অ্যারিয়ানা নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদ শিগগিরই এ মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অনুমোদন পেলে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত ও দেশটিতে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এ পদে রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, ওতুনবায়েভার মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।

রাবাব ফাতিমা ২০২২ সালের জুন থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ডিসেম্বরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

জাতিসংঘে দায়িত্ব পালনকালে তিনি শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন রাবাব ফাতিমা। কর্মজীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ছাড়াও নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে গাড়ির ধাক্কায় এক পথচারী মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক নারী।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ডাচ্-বাংলা কারখানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত নারীর নাম খালেদা বেগম (২৫)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলপুর গ্রামের ইসলাম উদ্দিনের কন্যা।

জানা যায়, সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন খালেদা। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর নারী পারুল বেগমকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনি হবিগঞ্জ সদরের বাসদর দেবপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, ‘মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কার্যক্রম চলমান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

সাড়ে ৪ বিলিয়ন ডলার বেড়েছে বাণিজ্য ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ এম


সাড়ে ৪ বিলিয়ন ডলার বেড়েছে বাণিজ্য ঘাটতি

 

মার্কিন-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে পণ্য রপ্তানি কমে গেছে এবং আমদানি খরচ ও পণ্য আমদানি বেড়ে যাওয়ার কারণে গত অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার বা ২৪ শতাংশ। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে এই ঘাটতি বেড়েছে ১৭৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই হাজার ২২১ কোটি ডলার। অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ৩৯৮ কোটি ৪০ ডলার। সেই হিসাবে এক মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ১৭৭ কোটি ২০ লাখ ডলার বা ১.৭৭ বিলিয়ন ডলার হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই হাজার ৯৩৭ কোটি ৭০ লাখ ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার বা সাড়ে চার বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা ছয় হাজার ৪০২ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছেন। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে চার হাজার তিন কোটি ৯০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

এসবের ফলে গত অর্থবছরের ১১ মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৯৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বাণিজ্যে ঘাটতি ৯ শতাংশ কমে দুই হাজার ৪৫ কোটি ডলারে নেমে এসেছে। পূর্ববর্তী অর্থবছরে (২০২৩-২৪) এই ঘাটতি ছিল দুই হাজার ২৪৩ কোটি ডলার।

চলতি হিসাবের ঘাটতি কমেছে। বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট-বিওপি) ঘাটতি কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সূচকে ৩০ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা গেছে।

১০ মাস শেষে (জুলাই-এপ্রিল) এই ঘাটতি ছিল এক বিলিয়ন ডলারের বেশি ১২২ কোটি ৯০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৭৭ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে চালু সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘অউইক্লি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ এম


ভারতে চালু সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘অউইক্লি’

ভারতে বাণিজ্যিকভাবে চালু হলো সপ্তাহে একবার ব্যবহারযোগ্য ইনসুলিন ‘অউইক্লি’, যা ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য।

ডেনমার্কের সংস্থা ‘নোভো নরডিস্ক’ এর তৈরি এই ইনসুলিন ব্যবহারের ফলে ডায়াবেটিসে ভোগা রোগীদের জন্য প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝক্কি নের সামনে আসবে না। বরং এখন তারা সপ্তাহের জন্য প্রয়োজনীয় ইনসুলিনের ডোজ এক দিনের মধ্যে নিতে পারবেন।

‘অউইক্লি’ ইনসুলিনটি টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। এর জন্য সপ্তাহে মাত্র একবার ‘ফ্লেক্সটাচ’ কলমের মাধ্যমে ইনজেকশন নিতে হবে।

এটি একক ডোজের মাধ্যমে সারা সপ্তাহ ধরে ইনসুলিনের সুষম সরবরাহ নিশ্চিত করবে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

রয়টার্সের একটি প্রতিবেদনের দাবি, ভারতে ডায়াবেটিসের প্রকোপ যথেষ্ট বেশি। দেশে ১০ কোটি ১০ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছে।

নোভো নরডিস্ক জানিয়েছেন, এই ইনসুলিনের জেনেরিক নাম ‘ইনসুলিন আইকোডেক’। এর ফলে রোগীদের বছরে ৩৬৫ বার ইনজেকশন নিতে হবে না, বরং তারা কেবল ৫২ বার ইনজেকশনই নিলেই চলবে। এটি প্রচলিত দৈনিক ইনসুলিনের মতোই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে।

ব্যবহার ও কার্যপদ্ধতি সংক্রান্ত তথ্যের মধ্যে রয়েছে, একটি প্রি-ফিল্ড পেন ডিভাইসের সাহায্যে সপ্তাহে নির্দিষ্ট দিনে একবার এই ইনসুলিন পেট, উরু বা বাহুর ত্বকের নিচে নিতে হয়। রক্তের গ্লুকোজের মাত্রা অনুযায়ী এর ডোজ নির্ধারিত হয়।

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য ‘অউইক্লি’ ইনসুলিনের পাশাপাশি খাবারের সময় দ্রুত কার্যকর হতে হবে। তবে টাইপ-২ ডায়াবেটিস রোগীরা এককভাবে বা অন্য ওষুধের সঙ্গে মিলিয়ে এই ইনসুলিন ব্যবহার করতে পারবেন।

এটি শরীরে এক সপ্তাহ ধরে কার্যকর হয়ে আলবামিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে।

নোভো নরডিস্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বিক্রান্ত শ্রোত্রিয় জানিয়েছেন, বিশ্বের সপ্তম দেশ হিসেবে ভারতে ‘অউইক্লি’ ব্যবহারের অনুমোদন পাওয়া গেছে। এটি রোগীদের শারীরিক ও মানসিক বাধা দূর করতে সহায়তা করবে।

এই ওষুধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশে অনুমোদন পেয়েছে।

ভারতে এটি সানোফি কোম্পানির ‘ল্যান্টাস’ এবং বায়োকন, এরিস লাইফসায়েন্সেস ও লুপিনের মতো দেশীয় কোম্পানির দৈনিক ইনসুলিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আইএমএআরসি-এর তথ্য অনুযায়ী, ভারতে ইনসুলিনের বাজার ২০২৫ সালের ৬৬ কোটি ৫০ লাখ ডলার থেকে বেড়ে ২০৩৪ সালের মধ্যে ৯১ কোটি ৬৪ লাখ ডলারে পৌঁছাবে।

অলস জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জিনগত কারণে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। সপ্তাহে একবারের এই ইনসুলিন রোগীদের জন্য নিয়মিত ওষুধ নেওয়া এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ কারখানায় ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ এম


বন্ধ কারখানায় ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ

সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদীর উল্লেখ করেন, রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্পসম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তর করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বন্ধ শিল্প-কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করছে। এর মধ্যে বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের (বিজেএমসি) নরসিংদী ইউনিটের অতিরিক্ত ১৪.৮০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ প্রদানসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পাটমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। নতুন বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্ধ মিলগুলোকে পুনরুজ্জীবিত করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন এই প্রকল্পে প্রায় এক হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে বছরে প্রায় তিন হাজার কোটি টাকার উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি নতুন করে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সয়াবিনবীজ প্রক্রিয়াজাত করে ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তব্যে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার সরাসরি ব্যবসা পরিচালনার পরিবর্তে দক্ষ বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করছে। দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি এবং যৌথ মালিকানাভিত্তিক নানা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে বেশির ভাগ বন্ধ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম দৃশ্যমান হবে।

রপ্তানি আয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, ইউরোপীয় বাজারে চাহিদা হ্রাস এবং বিভিন্ন দেশের নতুন শুল্কনীতির কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তা ব্যয় কমেছে। তবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে উচ্চমূল্যের ম্যানমেড ফাইবার ও ভ্যালু-অ্যাডেড পণ্য উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে। এই রূপান্তর সম্পন্ন হলে একই পরিমাণ পণ্য রপ্তানি করেও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভবনা রয়েছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের মোট ৭৭.০২ একর জমির মধ্যে আগেই ৩৪.৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং সেখানে প্রায় তিন হাজার ২০০ জনের কর্মসংস্থান হয়েছে। নতুন জমি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিনিয়োগ সক্ষমতা আরো বাড়বে।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজ প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি বলেন, বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। পর্যায়ক্রমে বিজেএমসি, বিটিএমসি এবং অন্যান্য বন্ধ শিল্পপ্রতিষ্ঠানেও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে এবং বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জুট অ্যালায়েন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, সরকারের উদ্যোগে বন্ধ পাটকল পুনরায় চালুর কর্মসূচির অংশ হিসেবে গত দুই বছরে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ৩৫ টন থেকে ৫০ টনে উন্নীত করা হয়েছে এবং উৎপাদিত পণ্য শতভাগ রপ্তানি হচ্ছে। তারা জানান, পরবর্তী ধাপে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগে দৈনিক তিন হাজার টন সক্ষমতার একটি সিড ক্রাশিং প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটি আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির সহযোগিতায় বাস্তবায়িত হবে। প্রকল্পটি সয়াবিন তেল ও সয়া মিল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি আরো প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানান তারা।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%