০৭:১১ পি.এম
১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী রীতিমত ঝড় তুলেছেন ক্রিকেট বিশ্বে। তিনি আইপিএল’এ ঝড় তুলেছিলেন ব্যাট নিয়ে।
এখন আসলে বিতর্কের ঝড় উঠেছে। আইপিএল’এ বৈভব ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে নির্বাচকদের তাকে ত্বজোরে ডাকতে বাধ্য করেছেন। তিনি ভারতীয় দলের সাথে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরও করেছেন। কিন্তু এবারে ভারত তিনটি ম্যাচে তাকে ছাড়া খেলেছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে লজ্জাজনকভাবে ওয়াইট ওয়াশের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গেছে। সূর্যবংশী তিনটি ম্যাচ ড্রেসিং রুমে বসে দেখেছেন। কাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সবার প্রশ্ন এবং কৌতুহল হচ্ছে, কবে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী? এই প্রশ্নে ক্রিকেট বিশ্ব বিভক্ত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য টি-২০ বিশ্বকাপ জয়ী টপ অর্ডার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন আর ইশাণ কিষাণের ওপর আস্থা রেখেছে।
আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকেট বলছেন, ‘সে (বৈভব) আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত। কিন্তু তাকে এক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।’ তবে অনেকেই মনে করেন প্রক্রিয়ায় জড়িয়ে বৈভব সূর্যবংশীর মত প্রতিভাকে বসিয়ে না রাখার পক্ষে। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার আগেই বলেছেন, ‘আয়ারল্যান্ড সিরিজেই তার দলে থাকা উচিত ছিল। আমি আশা করি ইংল্যান্ড সিরিজে সে দলে থাকবে।’
কিন্তু গাভাস্কারের আশা পূর্ণ হয় না। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বৈভবকে ছাড়া খেলতে নেমেছিল ভারত। ভারতের ওপেনার অভিষেক শর্মা সর্বশেষ তিন ম্যাচে ৪৯ ও ৫৯ রানের দুটি ইনিংস খেলে নিজের অবস্থান শক্ত করেছে, কিন্তু বিশ্বকাপ জয়ের নায়ক সঞ্জু স্যামসনের ব্যাটে রান আসছে না। সূর্যবংশী যখন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন শেষ তিন ইনিংসে স্যামসন করেছেন ৫, ০ ও ১ রান, যা ভারতের টিম ম্যানেজমেন্টকে বিপাকে ফেলছে। সাবেক ক্রিকেটার ইরফান পাঠান স্যামসনের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
টি-২০ বিশ্বকাপে যুক্তি দিয়ে রানের ইনিংস খেলে নায়ক বনে যাওয়া স্যামসন মাত্র তিন মাসের মধ্যে উল্টো পিঠটাও দেখে ফেলছে। কিন্তু মূল প্রশ্ন হলো, শনিবারের ম্যাচে সূর্যবংশী দলে থাকবে কি না? সুনীল গাভাস্কারের মতে, ভারতের রবি শাস্ত্রী, ইংল্যান্ডের মাইকেল ভন, আলিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার অ্যাবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা এ বিষয়ে মনে করেন, সূর্যবংশীকে বসিয়ে রাখা উচিত নয়।
অন্যদিকে ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পুজারা, সাবা করিমরা মনে করেন, সূর্যবংশীকে অবশ্যই সুযোগটি পাবেন। কিন্তু পরীক্ষিত পারফরমারদের বাদ দেওয়া উচিত নয়। সূর্যবংশীকে দলে সুযোগ পেতে সবার মতো প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে, এই ধারণার সাথে একমত নন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যাবি ডি ভিলিয়ার্স।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা ৩১ শতাংশে নেমেছে
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘তাকে (সূর্যবংশী) কখন মাঠে নামানো হবে? আমি ভেবেছিলাম আয়ারল্যান্ড সিরিজটাই তার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার এবং তার আবহ বোঝার উপযুক্ত সুযোগ ছিল। এটা দুর্ভাগ্যজনক যে তিনি কোনো সুযোগই পাননি। রায়ান টেন ডাসকাটের সেই বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি যেখানে তিনি বলেছেন—অন্যান্য খেলোয়াড়দের মতো সূর্যবংশীকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। আইপিএলে তিনি যেভাবে খেলেছেন, এরপর তাকে সরাসরি কঠিন পরিস্থিতিতে নামিয়ে দেওয়ার উপযুক্ত সময় ছিল, বিশেষ করে আয়ারল্যান্ডের মতো একটি নিচু র্যাংকের দলের বিপক্ষে, যাতে তিনি কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন।’
এক পডকাস্টে ইংল্যান্ডের দুই সাবেক মাইকেল ভন ও আলিস্টার কুক ভারতীয় ক্রিকেট বোর্ড ও প্রধান নির্বাচক অজিত আগারকারকে কাঠগড়ায় তোলেন। পডকাস্টে মাইকেল ভন বলেন, ‘আমাদের অবশ্যই বিসিআই ও প্রধান নির্বাচককে প্রশ্ন করা উচিত কেন সূর্যবংশীকে আয়ারল্যান্ডে খেলানো হয়নি।’ আনুক্রমিকভাবে আলিস্টার কুক জবাব দেন, ‘কাল (শনিবার) আমি সেখানে যাচ্ছি। একজন ভক্ত হিসেবে আমি চাই সে (বৈভব) যেন খেলতে পারে।’ সূর্যবংশীর প্রতিভা নিয়েও সন্দেহ নেই ভারতের সাবেক ক্রিকেটার সাবা করিম ও চেতেশ্বর পুজারার। তবে পুজারা চান না সূর্যবংশীকে সুযোগ দিতে গিয়ে পরীক্ষিত কাউকে বাদ দেওয়া হোক, ‘আমি মনে করি ভারতের উচিত সঞ্জু স্যামসনকে দলে রাখা। আমি মনে করি না তার কোনো চাপ অনুভব করা উচিত। টি-২০ বিশ্বকাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন এবং তাঁর যে ধরণের প্রতিভা রয়েছে, তিনি তো মূল একাদশে থাকা উচিত। সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেওয়া নিয়ে খুব বেশি শোরগোল হওয়া উচিত নয়। তিনি একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং তাঁর আরও দীর্ঘ সময় সুযোগ পাওয়া উচিত। সঞ্জুর স্বাভাবিকভাবে ব্যাটিং করা দরকার এবং খুব বেশি চিন্তা না করা উচিত।’
বৈভব সম্পর্কে পুজারার মূল্যায়ন হলো, ‘যদি বৈভবের খেলার প্রয়োজন হয়, তাহলে তাঁকে খেলা উচিত। কিন্তু কাউকে দল থেকে বাদ দিয়ে নয়, বরং কাউকে বিশ্রাম দিয়ে। আপনি যদি তাঁকে একটি সুযোগ দিতে চান, তবে তা ঠিক আছে। কিন্তু ভারতের শীর্ষ তিন খেলোয়াড়ের কাউকেই বাদ দেওয়া উচিত নয়—তিনি সঞ্জু, অভিষেক বা ঈশান কিষাণ যেই হোন না কেন। তবে এটিও সত্যি যে, বৈভব একটি সুযোগ পাওয়ার যোগ্য এবং তাঁর সুযোগ আসবে।’ বৈভব সূর্যবংশী সুযোগ পাবেন কি পাবেন না, তা জানতে অপেক্ষা করতে হবে কালকের ম্যাচ পর্যন্ত। তবে সুযোগ পেলেই তিনি শচিনকে হটিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তজক ক্রিকেটার বনে যাবেন।
আরও পড়ুন: দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চান ডেপুটি স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন