০৭:১৩ পি.এম
বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের স্থানগুলোতে বিশেষ নজরদারি চাইলেন ডিএমপির কর্মকর্তারা। গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং মুহসীন হল মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে হাজির হয়েছিলেন হাজারো সমর্থক। সমর্থকদের মধ্যে উদ্দীপনা যেন সহিংসতায় পরিবর্তিত না হয়, সে কারণে ঢাকার বিভিন্ন অঞ্চলে বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে পুলিশ বিশেষ নজরদারি রাখবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এই কাজ করবে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে, তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করার। থানা-পুলিশ এবং ডিবি উভয় পক্ষ থেকেই সেখানে সদস্য মোতায়েন থাকবে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে।’ তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, ‘আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত তো থাকবেই। নিজের দলের জয় উদযাপন করুন তবে অন্যদের মত ও সমর্থনের প্রতি সহনশীল হতে হবে।’ গত বুধবার রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়েছিল। পুলিশ বলছে, গত সোমবার রাতে বিশ্বকাপের ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে ঘিরে কয়েকজন স্থানীয় কিশোর ঢোল ও বাঁশি বাজাচ্ছিল। সেই সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। সেটিকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় সরাসরি দায়ে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ। শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিপনই বাদশাকে ছুরিকাঘাত করেছেন। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’ পুলিশ আরও জানায়, রিপন ও নিরব আপন ভাই। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনু তাদের বাবা। হামলায় আহত স্থানীয় বিএনপির ইউনিট সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন