০৭:০৬ পি.এম
জীবনের চাকা ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে রাশিয়া গিয়েছিলেন টাঙ্গাইলের কালিহাতীর মৃদুল খান (২৩)। তবে সেই স্বপ্নের বাস্তবায়ন হলো না।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে অংশ নিয়ে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
মৃতু মৃদুল খান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছচারান গ্রামের সাঈদ খানের সন্তান। পরিবারের সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে উন্নত জীবনের প্রত্যাশায় রাশিয়ায় যান তিনি। ইউরোপে যাওয়ার ভিসা না পাওয়ার কারণে হক এজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে খানজাহান আলী মাজার পরিদর্শন জেলা প্রশাসকের
সেখানে শুরুতে সাধারণ কাজ পাওয়ার আশ্বাস ছিল, কিন্তু পরে বিভিন্ন পরিস্থিতির কারণে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন বলে পরিবারের অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি অনুযায়ী, চলমান যুদ্ধে অংশ নেওয়ার সময় মাইন বিস্ফোরণে মৃদুলের মৃত্যু হয়। প্রথমদিকে বিষয়টি গোপন থাকলেও পরে রাশিয়ায় অবস্থানরত একই এলাকার একজন প্রবাসীর মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর আসে।
মৃদুলের বাবা সাঈদ খান বলেছেন, 'আমার দুটি ছেলের মধ্যে মৃদুল বড়। ভাল ভবিষ্যতের আশায় সে রাশিয়ায় গিয়েছিল। এখন শুনছি তার মরদেহ এখনও সেখানে পড়ে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যারা তাকে যুদ্ধে পাঠিয়েছে, তাদের বিচার চাই।'
এদিকে মৃদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও স্থানীয়রা।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিক খান জানিয়েছেন, 'রাশিয়ায় মৃদুল খানের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন