০৬:৫৪ পি.এম
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত হোসেন সাজ্জাদ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রিফাত হোসেন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে।
আরও পড়ুন: লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক সার্ভেয়ার আসাদুল ইসলাম
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের নিকট একটি অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে, হত্যার পর মরদেহটি রেললাইনে ফেলে দেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করা হলেও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হচ্ছিল না। পরে ঠাকুরগাঁওয়ের একটি পরিবার মরদেহটি তাদের মেয়ের বলে শনাক্ত করে এবং দাফন সম্পন্ন করে।
ঘটনার প্রায় দুই মাস পর, ওই বছরের ৮ মার্চ রাতে কিসমত এলাকায় ইজিবাইক চুরির সময় স্থানীয় লোকজন ইজিবাইকসহ রিফাত হোসেন সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তার মোবাইল ফোনে ওই অজ্ঞাতপরিচয় নারীর একটি ভিডিও দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে সাজ্জাদ ওই নারীকে হত্যার বর্ণনা দেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে ফেরার সময় ট্রেনে ওই নারীর সঙ্গে সাজ্জাদের পরিচয় ঘটে। পরে তাকে ফুঁসলিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা প্রিজন ফ্রেশ সাবানসহ বিভিন্ন পণ্য তৈরি করে লাভবান
এরপর তাকে একটি পরিত্যক্ত ঘর ও সুপারি বাগানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একপর্যায়ে ওই নারী সাজ্জাদের কাছে মোবাইল ফোন ও টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে সাজ্জাদ তাকে হত্যা করেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।
পুলিশের দাবি, ঘটনার পর আলামত গোপন ও হত্যাকাণ্ড আড়াল করতে মরদেহ রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে যান সাজ্জাদ। পরে তার বিরুদ্ধে আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আদালত সাজ্জাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। তিনি আরও বলেন, এই রায় ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন