ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলের নির্বাচনে হিজবুল্লাহর মাথাব্যথা নেই: নাঈম কাসেম


ইসরাইলের নির্বাচনে হিজবুল্লাহর মাথাব্যথা নেই: নাঈম কাসেম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানিয়েছেন, ইসরাইলের নির্বাচনের ফলাফল নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ‘প্রতিরোধ’ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সমর্থিত এই গোষ্ঠীর প্রধান।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে নাঈম কাসেম উল্লেখ করেন, ‘ইসরাইল কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইসরাইল তার দখলদারিত্ব অব্যাহত রাখতে পারে না। আমাদের ভূখণ্ড ছেড়ে তাদের চলে যেতেই হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিরোধ সংগ্রাম চলবে। আমাদের এবং লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যত দিন দখলদারিত্ব ও আগ্রাসন চলবে, তত দিন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

গত জুনে লেবানন এবং ইসরাইলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সই হয়। এই চুক্তির লক্ষ্য হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা, লেবাননের যেসব এলাকা ইসরাইলের দখলে রয়েছে সেখান থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।

তবে দক্ষিণ লেবাননে নিজেদের দখলে থাকা এলাকা ও এর আশপাশে ইসরাইল এখনো মাঝে মাঝে হামলা ও স্থাপনা ধ্বংসের অভিযান চালাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে সরকারের পরিকল্পনা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে গোষ্ঠীটি।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ এম


২৯ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাবলী কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ সবকিছুর। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়।

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে রয়েছে। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৩১২ - কনস্টানটাইন দ্য গ্রেট মিলভিয়ান ব্রিজের যুদ্ধে বিজয়ী হয়ে রোমে প্রবেশ করেন এবং জনতার উচ্ছ্বাসের মধ্যে আনুষ্ঠানিক প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন করেন। ম্যাক্সেন্টিয়াসের মরদেহ তাইবার থেকে তুলে শিরশ্ছেদ করা হয়।

৪৩৭ - তৃতীয় ভ্যালেন্টিনিয়ান, পশ্চিম রোমান সম্রাট, তার চাচাতো ভাই দ্বিতীয় থিওডোসিয়াস, পূর্ব রোমান সম্রাটের কন্যা লিসিনিয়া ইউডোক্সিয়াকে কনস্টান্টিনোপলে বিয়ে করেন।

১৩৯০ - প্যারিসে ডাকিনীবিদ্যার অভিযোগে প্রথম বিচার অনুষ্ঠিত হয়, যেখানে তিন জনের মৃত্যুদণ্ড হয়।

১৪৬৭ - ব্রাস্টেমের যুদ্ধে চার্লস দ্য বোল্ড লিয়েজের প্রিন্স-বিশপের বাহিনীকে পরাজিত করেন।

১৬১১ - পোল্যান্ডের রাজা তৃতীয় সিগিসমুন্ড ভাসার প্রতি রাশিয়ার আনুগত্য প্রকাশ ঘটে।

১৬২১ - এডওয়ার্ড বারখামের দায়িত্ব গ্রহণ উপলক্ষে লন্ডনে পেজ্যান্ট উদযাপন করা হয়।

১৬৫৮ - দ্বিতীয় উত্তর যুদ্ধে ওলন্দাজ প্রজাতন্ত্রের নৌবাহিনী সাউন্ডের যুদ্ধে সুইডেনকে পরাজিত করে।

১৬৬৫ - পর্তুগিজ বাহিনী আম্বুইলার যুদ্ধে কঙ্গো রাজ্যকে পরাজিত করে এবং রাজা প্রথম আন্তোনিওকে শিরশ্ছেদ করে।

১৬৭৫ - গটফ্রিড ভিলহেল্ম লাইবনিজ প্রথমবার ক্যালকুলাসে সমাকলনের প্রতীক হিসেবে লং এস (∫) ব্যবহার করেন।

১৭৬২ - ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অস্ট্রীয়দের পরাজয় ঘটে।

১৭৯২ - লেফটেন্যান্ট উইলিয়াম ব্রটন উইলামেট নদীর মোহনার কাছে পর্বতটি দেখে স্যামুয়েল হুডের নামে মাউন্ট হুডের নামকরণ করেন।

১৮৫১ - রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ - আঠারোটি দেশ জেনেভায় মিলিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রস গঠনে সম্মত হয়।

১৮৬৩ - আমেরিকার গৃহযুদ্ধে ওয়াউহ্যাচির যুদ্ধে ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের বাহিনী কনফেডারেট জেনারেল জেমস লংস্ট্রিটের আক্রমণ প্রতিহত করে।

১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ - কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।

১৮৮৯ - ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সাম্রাজ্যের হাই সিজ ফ্লিটের নাবিকরা ভিলহেল্মসহাফেনে বিদ্রোহ করে, যা জার্মান বিপ্লবের সূচনা করে।

১৯২০ - ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।

১৯২৩ - ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।

১৯২৫ - সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিনব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২৯ - ব্ল্যাক টিউডে: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ধস নামে, যা মহামন্দার কারণ হয়।

১৯৪১ - হলোকাস্টে কাউনাস ঘেটোতে নবম দুর্গে নাৎসি জার্মানির দখলদার বাহিনী ১০ হাজারের বেশি ইহুদিকে হত্যা করে।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেদারল্যান্ডসের ব্রেডা শহর ১ম পোলিশ সাঁজোয়া ডিভিশন দ্বারা মুক্ত হয়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত লাল ফৌজ হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৪৮ - সাফসাফ গণহত্যা: ইসরায়েলি সৈন্যরা গালিলির ফিলিস্তিনি গ্রাম সাফসাফ দখল করে এবং ৫২ থেকে ৬৪ জন গ্রামবাসীকে হত্যা করে।

১৯৫৩ - বিসিপিএ ফ্লাইট ৩০৪ সান ফ্রান্সিসকোর কাছে বিধ্বস্ত হয়।

১৯৫৫ - সোভিয়েত যুদ্ধজাহাজ নভোরোসিয়স্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাইনে আঘাত লেগে সেভাস্তোপোল বন্দরে ডুবে যায়, ৬০০ জনের বেশি নাবিক নিহত হন।

১৯৫৬ - সুয়েজ সংকট শুরু হয়: ইসরায়েলি বাহিনী সিনাই উপদ্বীপে প্রবেশ করে এবং মিশরীয় বাহিনীকে সুয়েজ খালের দিকে পিছু হটতে বাধ্য করে।

১৯৫৭ - ইসরায়েলের প্রধানমন্ত্রী দাভিদ বেন-গুরিয়ন এবং পাঁচ মন্ত্রী মোশে দ্বেক নেসেটে গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন।

১৯৬০ - ক্যাল পলি ফুটবল দল বহনকারী বিমান ওহাইওর টলেডোতে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

১৯৬৪ - আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি থেকে স্টার অফ ইন্ডিয়া সহ মূল্যবান রত্ন চুরি হয়, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রত্ন চুরি।

১৯৬৭ - মন্ট্রিয়লের বিশ্ব মেলা এক্সপো ৬৭ ৫ কোটির বেশি দর্শনার্থী নিয়ে সমাপ্ত হয়।

১৯৬৯ - আরপানেটে প্রথমবার দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপিত হয়, যা ইন্টারনেটের পূর্বসূরি।

১৯৭২ - মিউনিখ গণহত্যার তিন জীবিত অপরাধীকে লুফথানসা ফ্লাইট ৬১৫ ছিনতাইয়ের জিম্মিদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়।

১৯৭৪ - জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।

১৯৮০ - ইরান জিম্মি সংকট উদ্ধার অভিযানের জন্য গোপনে পরিবর্তিত সি-১৩০ হারকিউলিস বিমানের প্রদর্শনী ফ্লাইট ফ্লোরিডার এগলিন বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়, ফলে অপারেশন ক্রেডিবল স্পোর্ট বাতিল হয়।

১৯৮৫ - মেজর জেনারেল স্যামুয়েল ডো লাইবেরিয়ার প্রথম বহুদলীয় নির্বাচনে বিজয়ী ঘোষিত হন।

১৯৮৬ - ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এম২৫ মোটরওয়ের শেষ অংশ উদ্বোধন করেন।

১৯৯১ - মার্কিন মহাকাশযান গ্যালিলিও ৯৫১ গাসপ্রা গ্রহাণুর সবচেয়ে কাছে পৌঁছায়, প্রথমবার কোনো গ্রহাণু পরিদর্শন করে।

১৯৯৪ - ফ্রান্সিসকো মার্টিন দুরান হোয়াইট হাউসে দুই ডজনের বেশি গুলি চালায়, পরে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।

১৯৯৮ - দক্ষিণ আফ্রিকায় সত্য ও পুনর্মিলন কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করে, যেখানে উভয় পক্ষের নৃশংসতার নিন্দা করা হয়।

১৯৯৮ - স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৯৫ মিশনে ৭৭ বছর বয়সী জন গ্লেনকে নিয়ে উৎক্ষেপিত হয়, যিনি তখন সবচেয়ে বেশি বয়সী মহাকাশচারী।

১৯৯৮ - যুক্তরাষ্ট্রে এটিএসসি এইচডিটিভি সম্প্রচার এসটিএস-৯৫ মিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুরু হয়।

১৯৯৮ - হারিকেন মিচ হন্ডুরাসে আঘাত হানে, যা আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় প্রাণঘাতী হারিকেন।

১৯৯৮ - সুইডেনের গোথেনবার্গে ডিস্কোথেকে অগ্নিকাণ্ডে ৬৩ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।

১৯৯৯ - ওড়িশায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে।

২০০২ - হো চি মিন সিটির বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত এবং ১০০ জনের বেশি নিখোঁজ হয়।

২০০৪ - আরবি সংবাদমাধ্যম আল জাজিরা ওসামা বিন লাদেনের ভিডিওর একটি অংশ প্রচার করে, যেখানে সে প্রথমবার ১১ সেপ্টেম্বরের হামলার দায় স্বীকার করে।

২০০৫ - ভারতের দিল্লিতে বোমা হামলায় ৬৭ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।

২০০৬ - রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

২০০৬ - এডিসি এয়ারলাইন্স ফ্লাইট ০৫৩ নাইজেরিয়ার আবুজার নামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, ৯৬ জন নিহত হয়।

২০০৮ - ডেল্টা এয়ার লাইন্স নর্থওয়েস্ট এয়ারলাইন্সের সাথে একীভূত হয়ে বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা গঠন করে।

২০০৮ - পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া ভূমিকম্পে ২১৫ জন নিহত হয়।

২০১২ - হারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে, শতাধিক মানুষ নিহত হয় এবং প্রায় ৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

২০১৪ - শ্রীলঙ্কার দক্ষিণ-মধ্যাঞ্চলে বাদুল্লা ভূমিধসে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ নিখোঁজ হয়।

২০১৫ - চীন ৩৫ বছর পর এক-সন্তান নীতি বাতিলের ঘোষণা দেয়।

২০১৮ - ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর লায়ন এয়ার ফ্লাইট ৬১০ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়, ১৮৯ জন নিহত হয়।

২০২০ - সাবেক লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে ইহুদি-বিদ্বেষ বিষয়ক প্রতিবেদনে প্রতিক্রিয়ার জেরে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়।

২০২২ - দক্ষিণ কোরিয়ার সিউলের ইতায়েওনে হ্যালোইন উদযাপনের সময় পদদলিত হয়ে অন্তত ১৫৬ জন নিহত হয়।

২০২২ - সোমালিয়ার মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়।

জন্ম

১৮৭৭ - উইলফ্রেড রোডস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন, জার্মান সৈনিক,রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৮২ - জাঁ গিরাউডউক্স, ফরাসি লেখক ও নাট্যকার।

১৮৯৭ - হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস।

১৯০৫ - হেনরি গ্রীন, ইংরেজ লেখক।

১৯১১ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯১৮ - কবি তালিম হোসেন।

১৯২০ - বারুজ বেনাসেরাফ, নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক।

১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের প্রধানমন্ত্রী।

১৯৩৫ - ইসাও টাকাহাটা, জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪১ - মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৪৭ - রবার্ট সার্ভিস, ইংরেজ ঐতিহাসিক।

১৯৪৮ - বিশ্বজিৎ চক্রবর্তী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৬৪ - ইয়াসমিন লে বন, ইংরেজ মডেল।

১৯৭১ - ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮১ - রিমা সেন, ভারতীয় অভিনেত্রী।

১৯৮৫ - বিজেন্দর সিং, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।

১৯৮৮ - কৃতি খরবন্দা, ভারতীয় অভিনেত্রী।

১৯৯৬ - স্বপ্না বর্মণ, বাঙালি ভারতীয় অ্যাথলিট

মৃত্যু

১২৬৮ - কনরাডিন, ইতালিয়ান রাজা।

১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৯১০ - কালীপ্রসন্ন ঘোষ,বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।

১৯১১ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।

১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে, ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ, ৮৪ তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ, আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।

১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৮৬ - মিমিস ফোটোপুলোস, গ্রিক অভিনেতা, গায়ক ও অ্যাকাডেমিক।

১৯৮৮ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।

১৯৯২ - অশোক রুদ্র, বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ।

১৯৯৮ - ব্রিটিশ কবি টেড হিউজ।

১৯৯৯ - বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।

১৯৯৯ - গ্রেগ, বেলজিয়ান লেখক ও চিত্রকর।

২০১৩ - শেখ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার।

২০১৩ - গ্রাহাম স্টার্ক, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

অন্যান্য

বিশ্ব স্ট্রোক দিবস

আন্তর্জাতিক যত্ন ও সহায়তা দিবস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ এম


নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

ঝালকাঠি জেলার নলছিটি ফেরিঘাটে দীর্ঘদিন ধরে তলিয়ে থাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত সম্পন্ন হয়েছে। এর ফলে যাত্রী এবং যানবাহনের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

গত ২৯ আগস্টে আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ফেরিঘাট পানিতে তলিয়ে থাকার কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। ঘাট এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটত এবং স্থানীয়রা আতঙ্কিত ছিলেন। সেই সময় স্থানীয় ভ্যানচালকসহ অনেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের নজরদারিতে রাস্তাটি মেরামত করা হয়। বর্তমানে ঘাটের অ্যাপ্রোচ রোডটি মসৃণ এবং ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। রাস্তার পাশে বালুর বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন চালকরা এখন আগের তুলনায় নিরাপদে চলাচল করতে পারছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মেরামতের পর দুর্ঘটনার শঙ্কা অনেক কমে গেছে। তারা দ্রুত এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঘাট এলাকার নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি করেছেন।

নলছিটি ফেরিঘাট ঝালকাঠি ও বরিশালের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাস্তা মেরামতের ফলে স্থানীয় অর্থনীতি এবং যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ এম


ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

যানজট নিরসনের লক্ষ্যে এবং রাজধানীর সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগকে সহজতর করার উদ্দেশ্যে নির্মিত পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল (এলিভেটেড) সড়ক আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৯৯ শতাংশ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতরে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

প্রকল্পের সূত্রে জানা গেছে, মূল দ্বিতল সড়কের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। কাশীপুরে টোল প্লাজার সফটওয়্যার ও হার্ডওয়্যার স্থাপন, র‌্যাম্পের রেলিং নির্মাণ এবং নিচতলার সড়কে অতিরিক্ত অ্যাসফল্টের প্রলেপ ও সৌন্দর্যবর্ধনের কাজ দিনরাত চলছে।

প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে সড়কটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হলেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সড়কটি চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় তলার সড়কে পিচ ঢালাইয়ের শেষ স্তর, রোড মার্কিং ও সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে সড়কটি আলোকিত হবে।

প্রকল্প পরিচালক জানান, পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত মূল দ্বিতল সড়কটির দৈর্ঘ্য ৬ দশমিক ২৫ কিলোমিটার। এর সঙ্গে যানবাহন ওঠানামার জন্য প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক বা র‌্যাম্প রয়েছে। পঞ্চবটী মোড়ে তিনটি (এ, বি ও সি) এবং কাশীপুরে দুটি (ডি ও ই) র‌্যাম্প নির্মাণ করা হয়েছে।

সড়কটির ওপরের অংশে রোড মার্কিংয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। সাধারণ দুই লেনের সড়ক ৭ দশমিক ৩০ মিটার প্রশস্ত হলেও এই দ্বিতল সড়কটি ১১ মিটার চওড়া। মূল লেনের পাশাপাশি মাঝখানে ডটেড লাইন দিয়ে প্রায় আড়াই মিটার অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। বিকল হওয়া গাড়ি নিরাপদে সরিয়ে রাখার জন্য এই অংশ ব্রেকডাউন লেন হিসেবে ব্যবহার করা যাবে।

পঞ্চবটী প্রবেশমুখে কোনো টোল প্লাজা রাখা হয়নি। সব টোল প্লাজা কাশীপুরে স্থাপন করা হয়েছে। সেখানে মোট ১০টি লেনের মাধ্যমে টোল আদায় করা হবে। এর মধ্যে ছয়টি লেন দিয়ে মূল এলিভেটেড সড়কে দ্রুত চলাচল করা যাবে। বাকি চারটি লেনের মধ্যে দুটি দিয়ে যানবাহন কাশীপুরে নামবে এবং অন্য দুটি দিয়ে সড়কে উঠবে। টোলের হার এরইমধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে।

নিচের সড়কেও দেয়া হচ্ছে পিচের প্রলেপ

দ্বিতল সড়কের নিচের অংশে ধুলাবালি কমানো এবং আরসিসি ঢালাইয়ের স্থায়িত্ব বাড়াতে নতুন করে ৪০ মিলিমিটার পুরু অ্যাসফল্টের প্রলেপ দেয়া হচ্ছে। প্রকল্প পরিচালক বলেন, সাধারণত আরসিসি সড়কে ভারী যানবাহন চলাচল করলে পাঁচ থেকে ১০ বছর পর উপরিভাগ কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়।

তিনি আরও বলেন, তাই আগেভাগেই সড়কটির ওপর ৪০ মিলিমিটার পিচের প্রলেপ দেয়া হচ্ছে। এতে কংক্রিটের বেড সুরক্ষিত থাকবে এবং যানবাহন মসৃণভাবে চলাচল করতে পারবে। এটি অতিরিক্ত কাজ। তাই এর কারণে মূল সড়কের উদ্বোধন পেছাবে না।

বর্তমানে সড়কবাতি ও সোলার প্যানেল স্থাপনের কাজ প্রায় শেষ। নিচতলার ডিভাইডারে মাটি ভরাট, বৃক্ষরোপণ ও শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ চলছে। সড়কটি চালু হলে ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে দীর্ঘদিনের যানজট কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে টোলের হার নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সড়কের টোলের হার সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইমরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে নির্মিত পঞ্চবটি-চরসৈয়দপুর ও কাশীপুর পর্যন্ত দ্বিতল সড়কে যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল আদায় করা হবে। সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে এ আদেশ কার্যকর হবে।

নির্ধারিত টোলের হার অনুযায়ী, মোটরসাইকেলে পঞ্চবটি থেকে চরসৈয়দপুর যেতে ৪০ টাকা এবং কাশীপুর পর্যন্ত ২০ টাকা দিতে হবে। তিন চাকার সিএনজি অটোরিকশার টোল যথাক্রমে ৫০ ও ৩০ টাকা।

প্রাইভেটকার ও জিপের ক্ষেত্রে পঞ্চবটি-চরসৈয়দপুর পথে টোল ১০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০ টাকা। মাইক্রোবাস ও পিকআপের জন্য এ দুই পথে টোল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।

মিনিবাসের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ২০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ১২৫ টাকা। ৩১ আসনের বেশি ধারণক্ষমতার বাসের জন্য টোল যথাক্রমে ৩০০ ও ১৫০ টাকা। ছয় চাকার ট্রাকের টোল পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৪০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ২০০ টাকা। ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৬০০ ও ৪০০ টাকা। ট্রেইলারের জন্য পঞ্চবটি-চরসৈয়দপুর পথে ৮০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর পথে ৫০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এই টোলের হার কার্যকরের মাধ্যমে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ যোগাযোগে নতুন অধ্যায় শুরু হবে। সৈয়দপুর-রুহিতপুর সেতু ও আন্ডারপাস হয়ে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হলে এ রুটে যান চলাচল কয়েক গুণ বাড়বে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের প্রস্তাবিত টোলের হার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নির্ধারিত টোলকে ব্যয়বহুল বলে মনে করছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। পঞ্চবটি থেকে চরসৈয়দপুর পর্যন্ত ছয় কিলোমিটার মূল সড়কের টোল কমানোর দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ ক্যাবের সভাপতি মো. জাহাঙ্গীর সরকার মন্টু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ এম


স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ৬৮ জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রের ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এই রেলপথটি মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে সংযুক্ত করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির মধ্যে একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল। অপরটি ছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, ট্রেন দুটি একই দিকে চলছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়, যার ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্পেনে চলতি বছর এটি দ্রুতগামী ট্রেনের দ্বিতীয় বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা। দেশটির বিশাল রেল নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে গর্বের বিষয় ছিল, কিন্তু এই ঘটনার পর পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মন্তব্য করেছেন, 'আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন।'

মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।

সানচেজ আরও বলেন, 'স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।' তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%