ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর


সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেন। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেছিলেন।

এ প্রসঙ্গে ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহ’র মৃত্যুর দুটি সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি আত্মহত্যা করেছেন। তাই দীর্ঘদিন হাজতবাসে থাকা আসামিপক্ষের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করেছেন।

আরও পড়ুন: কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসপি বাধ্যতামূলক অবসরে

গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে একত্রে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। কিন্তু তদন্তে ডন তথ্য গোপন করার কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ জানায় সিআইডি। তাই আলোচিত ও চাঞ্চলকর এ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডনকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশের পাড়ি জমান চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। কিন্তু নায়কের পরিবারের দাবি এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৫ নভেম্বর ধার্য হয়েছে।

আরও পড়ুন: বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মান

টানা ১২ দিন ভাইরাল জ্বরের কারণে বিছানায় কাটানোর পর, সম্প্রতি জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান চেনা ছন্দে ফিরে এসেছেন। অসুস্থতা কাটিয়ে তিনি রাজকীয় কনে সাজে ধরা দিয়ে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া। সাধারণত তাকে ব্রাইডাল লুকে খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘদিন পর তার ঐতিহ্যবাহী ও অভিজাত রূপ দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

শীতের হিমেল হাওয়া সামনে আসছে, আর এই মৌসুম মানেই চারদিকে বিয়ের সানাই ও উৎসবের আমেজ। এই ভাবনাকে সামনে রেখে, একটি শীর্ষস্থানীয় কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের সৌজন্যে এই বিশেষ ব্রাইডাল ফটোশুটে অংশ নেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সাদিয়ার পরনে ছিল নজরকাড়া জমকালো ও ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই চোকার নেকলেস, মাং টিকাসহ রাজকীয় সব গহনা তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। আজকের প্রজন্মের কনেদের পছন্দকে মাথায় রেখে, মেকআপ রাখা হয়েছিল স্নিগ্ধ ও পরিমিত। অতিরিক্ত ভারী মেকআপের পরিবর্তে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলার এই ট্রেন্ডি লুকটি বেশ প্রশংসিত হচ্ছে।

ভক্তদের মাঝে নিজের এই রূপের জাদু ছড়িয়ে দিয়ে ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, “আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।”

মোহনীয় ও রূপবতী সাদিয়া আয়মানের এই নতুন ব্রাইডাল লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আসন্ন শীতের বিয়ের মৌসুমে ফ্যাশন সচেতন তরুণী ও হবু কনেদের জন্য এটি একটি দারুণ অনুপ্রেরণা হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন, দেশে টেকসই উন্নয়ন এবং গণতন্ত্রের উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট হাসিনার ধ্বংসাত্মক ও আতঙ্কের রাজনীতির বিপরীতে শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুস্থ ধারার রাজনীতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেঘনা উপজেলা যুবদল এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

ড. খন্দকার মারুফ আরও বলেন, বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর বার্তা দিয়েছেন যে, চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। অন্যায় করে বিএনপির নাম ব্যবহার করে পার পাওয়ার সুযোগ নেই।

যুবদল প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বিএনপির ভ্যানগার্ড’ হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। ড. খন্দকার মারুফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল হান্নান। বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস.এম. সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো. শহীদুল্লাহ সরকার, আবু ইউসুব নয়ন, মো. জহিরুল ইসলাম এবং দিলারা শিরীন।

সকালে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ, যিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে তিনি সাক্ষ্য দেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে জানিয়েছেন, "ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ আদালতে সাক্ষ্য দিয়েছেন।" এই সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে দীর্ঘক্ষণ জেরা করেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে।

শুনানির সময় মামলার চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা এবং তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনকে আসামি করা হয়।

জুন মাসে মামলাটি বিচার উপযোগী বিবেচিত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বর্তমানে এ মামলায় ২৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, এবং ১২ জন আসামি পলাতক রয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীসার বিষে ঝুঁকিতে শিশুরা, খুলনায় দূষণ রোধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


সীসার বিষে ঝুঁকিতে শিশুরা, খুলনায় দূষণ রোধে মানববন্ধন

সীসা-অ্যাসিড ব্যাটারি অনিরাপদভাবে পুনঃপ্রক্রিয়াজাতকরণ সীসা দূষণের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চিহ্নিত হয়েছে। সীসাযুক্ত রং, খেলনা, রান্নার বাসনপত্র ও প্রসাধনসামগ্রীর মাধ্যমে মানুষ এ বিষাক্ত ধাতুর সংস্পর্শে আসতে পারে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা এ বিষয়গুলো তুলে ধরেন। খুলনার শিববাড়ি মোড়ে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন, র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সীসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচিটি দেশের আট বিভাগে পরিচালিত হচ্ছে। পিওর আর্থ বাংলাদেশের সহযোগিতায় যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল কর্মসূচিটি বাস্তবায়ন করছে। সহ-আয়োজক হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইউক্যান ও আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী, তরুণ, শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সীসার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা। এ ছাড়া দূষণের উৎস চিহ্নিত করা, কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে দূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের ৩৮ দশমিক ৩৪ শতাংশ শিশুর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। অর্থাৎ, প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় চারজন সীসার ঝুঁকিতে রয়েছে। সীসার সংস্পর্শে আসা শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি ও মনোযোগের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। গর্ভবতী নারীদের জন্যও সীসার বিষক্রিয়া গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অনুষ্ঠানে পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, "শিশুদের সীসার বিষক্রিয়া থেকে সুরক্ষিত রাখতে সীসার উৎস শনাক্ত ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করা, পরিবেশসম্মত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"

তিনি আরও জানান, এ লক্ষ্যে পিওর আর্থ বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথভাবে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকা প্রণয়নে কাজ করছে। এই নির্দেশিকা সীসা-অ্যাসিড ব্যাটারির কার্যকর সংগ্রহ, ট্র্যাকিং ও পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণে সহায়তা করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, খুলনা সচেতন নাগরিক কমিটির (সানক) সভাপতি অধ্যাপক রমা রহমান, বেসরকারি সংস্থা আইসিডির প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুজ্জামান, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো ও সচেতন নাগরিক কমিটি (সানকÑ) সদস্য আসাফুর রহমান কাজল, পরিবেশ দূষণ প্রতিরক্ষা কমিটির আহবায়ক মোসলেহ উদ্দিন তুহিন, ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সহ-সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন আয়েশা, ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী এস এম শাহিন সিরাজ, ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইভানা হক, আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের খুলনা জেলা সমন্বয়কারী মাহজাবিন খানসহ বিভিন্ন তরুণ সংগঠক। কর্মসূচিতে খুলনার স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, যুব প্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

বক্তারা আরও উল্লেখ করেন, সীসা দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করা, পরিবেশসম্মত উপায়ে ব্যাটারি কারখানা পরিচালনা এবং আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন জরুরি। পুরোনো ও ব্যবহৃত সীসা-অ্যাসিড ব্যাটারির পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণ, দূষিত স্থান শনাক্ত করে মাটি পরিশোধন এবং ভোগ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

এদিকে, সিসামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ২০২৬–২০৩৫ মেয়াদের একটি জাতীয় কৌশল ও বহুবছরভিত্তিক কর্মপরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ শিশুর রক্তে সীসার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন এবং সাধারণ মানুষের মধ্যে সীসা দূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%