ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড, অংশগ্রহণ ৬৩৮ জনের


কুবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড, অংশগ্রহণ ৬৩৮ জনের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী সংগঠন ‘রসায়ন সমিতি’র উদ্যোগে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রার্থমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান বৃদ্ধি, আগ্রহ সৃষ্টি এবং মেধার বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

জানা যায়, প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল থেকে মোট ৬৮০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে ৬৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

প্রাথমিক পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক পর্বে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা এ পর্বে অংশগ্রহণ করবে।

অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিম্পিয়াডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মোন্তাছির ভূঁইয়া বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই পড়াশোনায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার মতো অবস্থানে ছিলাম না। নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী মনে করি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভালো করার সম্ভাবনাই বেশি মনে হয়েছিল। নিজের অবস্থান নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু ফলাফলে দ্বিতীয় হওয়ার পর অনুভূতিটা ছিল অসাধারণ। বাবা-মাকে যখন বিষয়টি জানাই, তখন আবেগ ধরে রাখতে পারিনি।’

অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রসায়ন শুধু ল্যাবের বিভিন্ন বিক্রিয়া বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে রসায়ন জড়িত। সকালে আমরা যে খাবার খেয়ে থাকি, তার উপাদান থেকে শুরু করে সুস্থ থাকার জন্য কী পরিমাণ খাবার গ্রহণ করা উচিত, সবকিছুতেই রসায়নের ভূমিকা রয়েছে।’

আরও পড়ুন: বাউস্টের ইইই ফেস্টে গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তিনি বলেন, ‘আজকের অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা নয়, বরং রসায়নকে জনপ্রিয় করা এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এবারের অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এটা প্রমাণ করে, রসায়নের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, ‘রসায়নের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া খুবই প্রশংসনীয় এবং এটি মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখবে। তবে বর্তমান পরীক্ষার ফলাফল আসলে খুবই হতাশাজনক, যা শিক্ষাব্যবস্থার অবস্থাকেই প্রকাশ করে। বিশেষ করে মোবাইল ফোন হলো বর্তমানে পড়ালেখার প্রধান শত্রু। আমি একে “শয়তানের বাক্স” বলি। এটি পড়ালেখা ও ভালো ফলাফল থেকে দূরে সরিয়ে রাখছে। শিক্ষার্থীদের দায়িত্ব হলো মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়া।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যেকোনো জ্ঞান অর্জনের জন্য প্রথমে ভালো টেক্সটবই এবং দ্বিতীয়ত ভালো শিক্ষক প্রয়োজন, কারণ তাঁরা হলেন জ্ঞানের বাতিঘর। এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে প্রতিদিন তোমাদের নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতে হবে। তবেই তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল আসবে।’

অনুষ্ঠানে সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে রসায়ন ও বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাঠ্যবইয়ের প্রচলিত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা যেন রসায়নকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারে এবং রসায়নের নতুন কিছু জানার ও আবিষ্কারের আগ্রহ অর্জন করে এ আয়োজনের মাধ্যমে আমরা সেই সুযোগ তৈরি করতে চাই।’

আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকারের ‘বনসাই বিশ্ববিদ্যালয়’কে ‘বটবৃক্ষ বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তর করাই আমার মূল লক্ষ্য: উপাচার্য তাহ্‌মিনা আখতার

তিনি আরও বলেন, ‘কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এ আয়োজন সফল করতে বাংলাদেশ রসায়ন সমিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসনীয়। আমরা আশা করি, এ অলিম্পিয়াডের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানসম্মত জীবনযাপনেই দীর্ঘায়ু : ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার বনানীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


বিজ্ঞানসম্মত জীবনযাপনেই দীর্ঘায়ু : ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার বনানীতে

সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ ও সুস্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার উপায় নিয়ে বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) একটি বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে ‘সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার’ শীর্ষক মূল আলোচনা করেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি উপস্থিত সকলকে রোগমুক্ত ও দীর্ঘায়ু জীবনের জন্য বৈজ্ঞানিক উপায়ে ইতিবাচক জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে ক্লাবের ফাদার পিসেতো হল (লেভেল-৮)-এ অনুষ্ঠিত সেমিনারে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যসহ ১০০ জনের বেশি অংশগ্রহণ করেন।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানসম্মত জীবনযাপনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা।

ডা. মনিরুজ্জামান সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

মূল আলোচনা শেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকর জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্থতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ধারণা ছড়িয়ে দেওয়াই এসব আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্‌রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ছুটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বক্তব্য, নৈশভোজ, র‍্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়।

ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাঁদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরো সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

ম্যানচেস্টার সিটি ০-১ ব্রাইটন

ম্যানচেস্টার সিটির জন্য একই মাঠে এবং একই প্রতিপক্ষের বিপক্ষে দুই দিনের ব্যবধানে ভিন্ন অভিজ্ঞতা তৈরি হলো। গত বুধবার কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাইটনকে টাইব্রেকারে পরাজিত করে এনজো মারেস্কার দল।

কিন্তু আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে সিটি সফল হতে পারেনি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা ১-০ গোলে পরাজিত হয়েছে। আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারানোর পর এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়।

সিটির টানা দুই হারে শীর্ষস্থান হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখনও লিগে প্রথম অবস্থানে রয়েছে। অপরদিকে, ৮ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্টও ২১। আগামীকাল লিভারপুলের বিরুদ্ধে ড্র করতে পারলে আর্সেনাল সিটিকে টপকে শীর্ষে চলে যাবে।

আজকের ম্যাচের শুরু থেকেই ব্রাইটন দারুণ খেলা উপহার দেয়। তাদের এই পারফরম্যান্সের ফলস্বরূপ ১১ মিনিটে তারা গোল পায়। মাতেউস নুনেসের ভুলের সুযোগ নিয়ে ব্রাইটনের ইয়াসিন আয়ারি কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পর সিটি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একের পর এক আক্রমণ করেও ব্রাইটনের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন হালান্ড ও ডোকুরা। ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও ছিলেন অসাধারণ, যিনি সিটির বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

বিরতির পর ব্রাইটন ব্যবধান বাড়ানোর সুযোগ পায়, তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ দিকে সিটি সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায়। ৯০ মিনিটে নিকো ও'রাইলির হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের সমান হয়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজের মানে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার পরিবেশকে আন্তর্জাতিক মানে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, দীর্ঘ সময় পরে নিজের বাড়িতে ফিরে আসার মতো অনুভূতি হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভিন্ন ভবন ও সবুজ চত্বরের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার যে গর্ব ও আনন্দ, তা আজও তার স্মৃতিতে অমলিন।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পর ওই শিক্ষার্থী যে আন্তরিকতা ও আনন্দ প্রকাশ করেছিলেন, তা স্মরণীয়।

বিএনপির এই নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে নানা পেশায় যুক্ত থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের আবেগের সম্পর্ক বিদ্যমান। নিজের গ্রাম বা বাড়ির মানুষের সঙ্গে দেখা হওয়ার মতোই বিশ্ববিদ্যালয়ের সাবেক সহপাঠীদের সঙ্গে দেখা হলে আনন্দ অনুভূত হয়।

নিজের ছাত্ররাজনীতির স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, তাদের সময়ে ছাত্ররাজনীতিতে সমস্যা, সংঘাত ও মনোমালিন্য থাকলেও পারস্পরিক সহাবস্থান ও উদারতা ছিল। শিক্ষকেরা কোন ছাত্রসংগঠন করেন, তা বিবেচনা না করে শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল ছিলেন। শিক্ষার্থীরাও রাজনৈতিক সংগঠনের বাইরের সামাজিক সম্পর্কগুলো বজায় রাখতেন।

তিনি উল্লেখ করেন, ছাত্ররাজনীতির সাংগঠনিক পরিচয়ের বাইরেও সামাজিক সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে এই সম্পর্ক ও আন্তরিকতা এখনও বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ধরে রাখতে এবং এর উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগ প্রশংসনীয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেখা উচিত নয়। এর সঙ্গে অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা জড়িয়ে রয়েছে। বরেন্দ্র জাদুঘরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির দেশ-বিদেশে সুনাম রয়েছে এবং রাজশাহীতে যাওয়া অনেক অতিথি এটি পরিদর্শন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণবন্ত, বৃক্ষশোভিত ও গবেষণাবান্ধব শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এর ঐতিহ্য ও সুনাম আরো বৃদ্ধি করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবি

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ করার জন্য এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংহতি প্রকাশ করা হয়।

শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জোটের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন শিক্ষকরা।

বক্তারা মন্তব্য করেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সারা দেশের বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর। জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে এই অযৌক্তিক হয়রানি বন্ধ এবং তদন্ত নোটিশ প্রত্যাহারের জন্য জোর দাবি জানান।

এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের বিষয়টি তুলে ধরে বক্তারা আরও বলেন, শিক্ষকেরা যুগের পর যুগ ধরে লাঞ্ছনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন আশ্বাসের নামে শিক্ষকদের নবম পে-স্কেল থেকেও বঞ্চিত করার চেষ্টা চলছে। জীবনযাত্রার ব্যয় অনুসারে অধিকার না মিললে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হতে বাধ্য।

এছাড়া, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ঘোষিত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের সহকারী অধ্যাপক মো. শামছুল হোক, জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার প্রভাষক মো. ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদরাসার সহ-সুপার মো. আনোয়ারুল হক, নূরপুর বোয়ালী মাদরাসার ইবতেদায়ি প্রধান মো. আতাউর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতারা বক্তব্য দেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকেরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%