১১:৫৭ পি.এম
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ করার জন্য এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংহতি প্রকাশ করা হয়।
শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জোটের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন শিক্ষকরা।
আরও পড়ুন: সাদামাটির স্বর্গভূমি দুর্গাপুর: অতীত, আদিবাসী জীবন ও আগামীর উন্নয়ন ভাবনা
বক্তারা মন্তব্য করেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সারা দেশের বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর। জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে এই অযৌক্তিক হয়রানি বন্ধ এবং তদন্ত নোটিশ প্রত্যাহারের জন্য জোর দাবি জানান।
এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের বিষয়টি তুলে ধরে বক্তারা আরও বলেন, শিক্ষকেরা যুগের পর যুগ ধরে লাঞ্ছনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন আশ্বাসের নামে শিক্ষকদের নবম পে-স্কেল থেকেও বঞ্চিত করার চেষ্টা চলছে। জীবনযাত্রার ব্যয় অনুসারে অধিকার না মিললে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হতে বাধ্য।
এছাড়া, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ঘোষিত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের সহকারী অধ্যাপক মো. শামছুল হোক, জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার প্রভাষক মো. ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদরাসার সহ-সুপার মো. আনোয়ারুল হক, নূরপুর বোয়ালী মাদরাসার ইবতেদায়ি প্রধান মো. আতাউর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতারা বক্তব্য দেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকেরা অংশ নেন।
আরও পড়ুন: জোরপূর্বক পদত্যাগের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি, পূর্বধলায় সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন