রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৬ পি.এম
চুয়াডাঙ্গা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ : আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন অনিয়মের কারণে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ করেছে। জরিমানার মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়।
আজ রোববার দুপুরে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জানা যায়, রোববার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযানের সময় মো. বাবুল বিশ্বাসের বিশ্বাস বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মিষ্টি জাতীয় সামগ্রীর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়ার কারণে মো. জিয়া উদ্দিনের জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডারকে আট হাজার টাকা এবং মো. সাহিবুল ইসলামের সিরাজ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি দোকানের বিরুদ্ধে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতি ঘটছে। সেপ্টেম্বর মাসের প্রথম ২৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। রোগীর চাপ মোকাবেলার জন্য ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা সংখ্যা ৫টি থেকে ২৫টি করা হলেও, তাতেও সংকুলান হচ্ছে না। কিছু রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ৬ জন, জুনে ৪ জন, জুলাইয়ে ১৫ জন এবং আগস্টে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরের ২৬ দিনে ভর্তি হওয়া ১০৪ জন রোগীসহ চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা ২০৪ জনে পৌঁছেছে।
হাসপাতাল সূত্র জানাচ্ছে, আগস্ট মাসে ডেঙ্গু রোগীদের জন্য মাত্র পাঁচটি শয্যা নির্ধারিত ছিল। সেপ্টেম্বর মাসে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় আরও ২০টি শয্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ২৫টি শয্যা ডেঙ্গু রোগীদের জন্য রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় এসব শয্যায় জায়গা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীসহ প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন রোগী ভর্তি থাকেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাকিলা আফরোজ বলেন, "বর্তমানে হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। পাশের উপজেলা থেকেও অনেকে এখানে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল কম থাকায় রোগীদের সেবা দিতে তাঁদের কষ্ট হচ্ছে।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না জানান, প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি বলেন, "মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।"
তিনি আরও বলেন, চিকিৎসক ও জনবল সংকটের মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। পৌরসভার স্থায়ী বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, "চলতি মৌসুমের শুরু থেকে মশক নিধনে তেমন কার্যক্রম চোখে পড়েনি। বিভিন্ন ড্রেন, নালা ও মশার প্রজননস্থল অপরিষ্কার থাকায় মশার উপদ্রব বেড়েছে।"
রমেশ মন্ডল নামের আরেক বাসিন্দা বলেন, "শুধু ওষুধ ছিটালে হবে না। ড্রেন-নালা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতামূলক প্রচার বাড়ানো দরকার।"
তবে পৌর কর্তৃপক্ষ জানাচ্ছে, মশক নিধনে কার্যক্রম চলছে। পৌরসভার সচিব লালু সরদার বলেন, "স্থানীয় সরকার বিভাগ ও পৌরসভার অর্থায়নে গত ৩০ আগস্ট থেকে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে। নিয়মিত ড্রেনও পরিষ্কার করা হচ্ছে।"
পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম চলছে। বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ছিটানোর পাশাপাশি ড্রেন পরিষ্কার করা হচ্ছে।"
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদেরও সচেতন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১০ হাজার ৩০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত ৪৬২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৫ জন, পূর্ববর্তী মামলায় ৭৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬০ জন, পরোয়ানামূলে ১০৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জন রয়েছেন।
এছাড়া, মাদক মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৮৪ জনই মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৭ জন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২৮ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া ২৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২১২ লিটার চোলাইমদ।
পুলিশ জানায়, জনস্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।
মনোনীত শিক্ষার্থীদের ফরমের দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।
সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের সফটকপি পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২-এর জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। চার বছরের মধ্যে মোট ২৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
২০২২ সালের তালিকায় সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা অন্তর্ভুক্ত আছেন।
২০২৩ সালের তালিকায় মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার রয়েছেন।
২০২৪ সালের তালিকায় আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী অন্তর্ভুক্ত।
২০২৫ সালের তালিকায় সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান ও বিদিশা অধিকারীসহ অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন।
এদিকে ইউজিসির প্রধানমন্ত্রী স্বর্ণপদক আবেদন গাইডলাইনে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হলো—স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। আবেদনকারীরা চাইলে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষণ করে পরে সম্পন্ন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আবারও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ পরিবারের দৈনন্দিন ব্যয় বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উদ্বেগ কমানোর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে ডিসকাউন্ট বা মূল্যছাড় দিতে শুরু করেছে দেশটির বড় খুচরা বিক্রেতারা। হ্যালোউইন বা উৎসবের মৌসুম সামনে আসায় বাজারে মূল্যছাড় দেয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে।
ডিসকাউন্ট চেইন আলডি গত বুধবার জানায়, কোম্পানিটি আগামী ৩ নভেম্বর পর্যন্ত তাজা খাবারের বিভিন্ন পণ্যে প্রায় ৮ কোটি ৬০ লাখ ডলার সমপরিমাণের মূল্যছাড় দেবে। এছাড়া আলডির দোকানে থাকা মোট পণ্যের এক-তৃতীয়াংশের দাম গত বছরের তুলনায় বর্তমানে অনেক কমানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সুপারশপ চেইন ক্রোগার পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরবরাহকারী কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চ মূল্যের কারণে বিরোধ সৃষ্টি হওয়ায় ক্রোগার সম্প্রতি কিছু দোকান থেকে আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ড রেড বুল ও বোয়ার্স হেডের পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে। বাড়তি দামে পণ্য কিনে গ্রাহকদের ওপর বোঝার ভার না চাপাতেই সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানায় ক্রোগার।
যুক্তরাষ্ট্রে অনলাইনেও মুদিপণ্য কেনাকাটায় দাম কমানোর প্রতিযোগিতা দেখা গেছে। নিত্যপণ্য সরবরাহের প্লাটফর্ম ইনস্টাকার্ট গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় গ্রোসারি চেইন ‘নো মার্কআপ’ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এর মানে হলো, একজন গ্রাহক দোকানে গিয়ে সরাসরি যে দামে পণ্য কিনতে পারেন, অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্ডার করলেও তাকে ঠিক একই দামে বা অফারে পণ্য দেয়া হবে। অনলাইন ডেলিভারির নামে আলাদা করে অতিরিক্ত কোনো দাম রাখা হবে না।
ইনস্টাকার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস রজার্স জানান, ক্রেতারা এখন সেসব অনলাইনের দিকে বেশি ঝুঁকছেন যেখানে বাড়তি দাম ধরা হয় না। "এছাড়া অনলাইনে একই দামে পণ্য বিক্রি করা রিটেইলারদের প্রবৃদ্ধির হার বাড়তি দাম নেয়া প্রতিষ্ঠানগুলোর তুলনায় অন্তত ১০ শতাংশীয় পয়েন্ট বেশি।"
যুক্তরাষ্ট্রের আরেক পাইকারি ও খুচরা বিক্রয় জায়ান্ট কস্টকো প্রতিটি প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ধারাবাহিকভাবে দাম কমানোর হিসাব তুলে ধরেছে। সম্প্রতি প্রকাশিত সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) আখরোট, কফি ও কালো গোলমরিচের মতো দৈনন্দিন পণ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।
কস্টকোর সিইও রন ভ্যাচরিস বলেন, ‘পণ্যের উৎস পর্যায়ে কাঁচামালের দাম বাড়লেও আমরা সরবরাহকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করি। আমাদের একমাত্র লক্ষ্য থাকে, কীভাবে পণ্যের দাম যত দূর সম্ভব নিচে নামিয়ে রাখা যায়। নতুন নতুন উপায়ে দাম কমানোটাই আমাদের মূল কাজ।’
দাম কমানোর এ প্রবণতা পুরোপুরি নতুন নয়। খুচরা বাজারের সবচেয়ে বড় নাম ওয়ালমার্ট চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২৫০টি পণ্যে বড় ধরনের ছাড় ঘোষণা করে। পরবর্তী সময়ে জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, এটি ছিল বড় পরিসরে দাম কমানোর পরিকল্পনার একটি ছোট অংশ মাত্র। ওয়ালমার্ট চলতি বছরজুড়ে প্রায় ১১ হাজারের বেশি পণ্যে মূল্যছাড় দিয়েছে।
সম্প্রতি গোল্ডম্যান স্যাকসের খুচরা বাণিজ্য সম্মেলনে ওয়ালমার্ট ইউএসের সিইও গুগিনা বলেন, ‘আমাদের মূল দায়িত্ব হলো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দরকষাকষি করে পণ্যের সাময়িক মূল্যছাড়কে স্থায়ীভাবে কম দামে রূপান্তর করার ফলে বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) গ্রাহকরা নিশ্চিন্তে দৈনন্দিন কেনাকাটা করতে পারছেন।’
অতীতের অর্থনৈতিক মন্দাগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাজারে আর্থিক চাপ তৈরি হতেই ওয়ালমার্ট, কস্টকো ও অলডির মতো প্রতিষ্ঠানগুলোর বাজার হিস্যা সবচেয়ে বেশি বেড়েছে। কম খরচে কেনাকাটার সুযোগ খোঁজা নতুন ক্রেতারা শুরুতে বাধ্য হয়ে এসব সুপারশপে আসেন। এরপর পণ্যের সঠিক দাম ও মানের কারণে তারা স্থায়ী গ্রাহকে পরিণত হন।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান প্লেসার ডটএআইয়ের তথ্যেও এর প্রতিফলন দেখা গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের মুদি বিক্রেতাদের মধ্যে আলডির দোকানে ক্রেতাদের যাতায়াত সবচেয়ে দ্রুত বেড়েছে। কম দামে পণ্য দেয়ার কৌশলই এর অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ক্রেতাদের আকর্ষণ করাই শেষ লক্ষ্য নয়। কম দামের কারণে নতুন ক্রেতারা দোকানে এলেও তাদের নিয়মিত ক্রেতায় পরিণত করার চেষ্টা করছে এসব প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোর আর্থিক প্রতিবেদন ও ব্যবস্থাপনা পর্যায়ের বক্তব্যেও এর ইঙ্গিত পাওয়া যায়।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি বা মূল্যবৃদ্ধির এ সমস্যা হুট করে একদিনে সমাধান করার মতো কোনো জাদুকরী উপায় বা ম্যাজিক বুলেট কারো কাছে নেই। তবে সংকটময় সময়ে সুপারশপগুলোর এভাবে আগাম দাম কমানো ও ছাড় দেয়ার মানসিকতা সাধারণ মানুষের ওপর থেকে মূল্যস্ফীতির তীব্র চাপ কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ