ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মেরিন ড্রাইভে শতাধিক হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন


মেরিন ড্রাইভে শতাধিক হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন

দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। তবে, এই জনাকীর্ণ এলাকায় ফায়ার সার্ভিসের কোনো স্থায়ী স্টেশন নেই। আগুন লাগার পরিস্থিতিতে উখিয়া ও কক্সবাজারের ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হয়। সড়ক ও দূরত্বের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে, ফলে আগুনে পুড়ে যায় ঘরবাড়ি ও সম্পদ।

শনিবার (১৭ অক্টোবর) ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার পর মেরিন ড্রাইভ এলাকার হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবি, দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের পাশাপাশি হোটেল-রিসোর্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী পাথুরে সৈকত, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকত। এসব এলাকায় অসংখ্য হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানও বেড়েছে, কিন্তু জরুরি অগ্নিনির্বাপণ সেবা তেমন বৃদ্ধি পায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেরিন ড্রাইভের বিভিন্ন স্থানে আগুন লাগলে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে কোর্টবাজার হয়ে ঘটনাস্থলে যেতে হয়, যা প্রায় ২২ কিলোমিটার দূরত্ব। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. মুবিন জানান, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছিল। এত দেরিতে পৌঁছানোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ক্ষয়ক্ষতি কমানো কঠিন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আহমেদ জানান, ইনানীর পাটুয়ারটেক একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হলেও এখানে অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগুন লাগলে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হয় এবং সড়কপথে দূরত্ব বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অনেক সময় লাগে।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তিনি আরও বলেন, এখানে আগেও বিভিন্ন বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অনেক সময় বাড়িঘর পুড়ে যায়। অথচ এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জায়গা রয়েছে। সরকার উদ্যোগ নিলে স্টেশন স্থাপন করা সম্ভব। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তাও বাড়বে।

স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই পর্যটন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হচ্ছে। উখিয়া সদর থেকে কোর্টবাজার হয়ে মেরিন ড্রাইভে আসতে হয় বলে যানজটসহ নানা কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এতে অগ্নিকাণ্ডে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি বাড়ে।

আরেক স্থানীয় বাসিন্দা শামসুল আলম জানান, ইনানীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে উখিয়া, ইনানী ও টেকনাফের মধ্যবর্তী পর্যটন এলাকাগুলোতে দ্রুত জরুরি সেবা দেওয়া সম্ভব হবে। এতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো যাবে।

লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর প্রতিষ্ঠানটির অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জানিয়েছেন, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মেরিন ড্রাইভ এলাকার অনেক হোটেল-রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন, ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছাড়াই পরিচালিত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানভিত্তিক যাচাই প্রয়োজন।

পর্যটক সিরাজুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকেও জবাবদিহির আওতায় আনতে হবে। হোটেল চালুর আগে এবং পরিচালনার সময় নিয়মিতভাবে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা জরুরি।

আরও পড়ুন: আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হবে

তিনি বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব হতো। তাই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরই হোটেল পরিচালনা করা উচিত।

পর্যটক মোবারক হোসেন জানান, মেরিন ড্রাইভের হোটেলগুলোর আশপাশে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় এলাকাটি ঝুঁকিপূর্ণ। কোন হোটেলের বৈধ লাইসেন্স রয়েছে আর কোনটির নেই, সে বিষয়েও পর্যটকদের আগে জানার সুযোগ ছিল না। নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠান পরিচালিত হলে দুর্ঘটনার পর জরুরি সেবা পেতে দেরি হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়ায়।

অভিযান জোরদারের আশ্বাস প্রশাসনের

হোটেল-রিসোর্টের বৈধতা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে অভিযান জোরদার করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হোটেল ও রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

ইউএনও বলেন, কিছুদিন আগেও বিচ ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন সদস্য ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকটি হোটেল-রিসোর্টে অভিযান চালিয়েছেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর আইনগত বৈধতা, ফায়ার সার্ভিসের লাইসেন্স, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।

মেরিন ড্রাইভে ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা

মেরিন ড্রাইভ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশাপাশি স্থল ও ডুবুরি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ‘আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’: আশিকুল ইসলাম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, বর্তমানে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে হয়। মেরিন ড্রাইভে ফায়ার স্টেশন স্থাপন করা হলে অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।

তিনি বলেন, সেখানে একটি স্থল ও ডুবুরি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতাও বাড়বে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।

পর্যটননির্ভর মেরিন ড্রাইভ এলাকায় হোটেল-রিসোর্টের সংখ্যা বাড়লেও অগ্নিনিরাপত্তার ঘাটতি দূর হয়নি। টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ড সেই দুর্বলতাকে সামনে এনেছে। এখন দ্রুত ফায়ার স্টেশন স্থাপন, হোটেল-রিসোর্টের অনুমোদন যাচাই এবং নিয়মিত অগ্নিনিরাপত্তা তদারকির মাধ্যমে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১তম ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে নিরাপদ ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ এম


২১তম ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে নিরাপদ ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যতের আহ্বান

নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ গঠন ও ইন্টারনেট ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার উদ্দেশ্যে ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ২০২৬ শুরু হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট শাসন: অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ।’

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে তিনদিনব্যাপী আয়োজিত বিআইজিএফের কর্মসূচি শেষ হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হওয়া ফোরামের প্রথম দিনের কর্মসূচিতে বক্তারা ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো, তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকদের অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। সম্মানিত অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সচিবালয়ের ডিজিটাল নীতি ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষজ্ঞ আনজা গেঙ্গো।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘের তথ্যসমাজবিষয়ক গ্রুপের মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন গ্রুপের সদস্য ও রেসপনসিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাম্বাসেডর এ এইচ এম বজলুর রহমান।

তিনি উল্লেখ করেন, "ইন্টারনেটে সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, বিভ্রান্তিকর তথ্য এবং প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি অনেক বেড়েছে।" তিনি আরও বলেন, মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদাকে ডিজিটাল নীতির কেন্দ্রে রেখে প্রযুক্তির ক্ষতি হলে কার্যকরি প্রতিকার নিশ্চিত করা জরুরি। বৈশ্বিক ইন্টারনেট গভর্ন্যান্সের আলোচনাকে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সংযুক্ত করে বহুমুখী সংলাপ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল উর রহমান (অব.) ডিজিটাল বৈষম্যের পরিবর্তনশীল প্রকৃতি তুলে ধরেন।

তিনি বলেন, "একসময় ইন্টারনেট সংযোগের আওতা বাড়ানোই ছিল প্রধান লক্ষ্য। তবে এখন সংযোগের পাশাপাশি ব্যবহার, ডিজিটাল দক্ষতা, নেটওয়ার্কের মান এবং প্রযুক্তি থেকে সুফল পাওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।" তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক পৌঁছালেও সবাই সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

নতুন অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স ও বিভিন্ন ফেলোশিপের সুযোগ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে তরুণদের ইন্টারনেট গভর্ন্যান্সে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনের অধিবেশনে ‘এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, এমার্জিং টেকনোলজিস অ্যান্ড হিউম্যান-সেন্ট্রিক গভর্ন্যান্স’ বিষয়ে গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল ‘প্রযুক্তির মাধ্যমে এআইয়ের যুগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি নারী সহিংসতা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। প্রযুক্তির ব্যবহারে নিজেদের অসচেতনতায় ব্যক্তিগত তথ্য এআইকে দিয়ে দেয়া এবং একই ফোন একাধিক মানুষের ব্যবহার, প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতাসহ নানা কারণে নারীদের অনলাইন ব্যবহারে ঝুঁকির বিষয়টি তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকি নিয়ে বক্তব্য দেন বিএনএনআরসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হীরেন পণ্ডিত। তরুণদের ক্ষমতায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) সক্ষমতা উন্নয়ন ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. নুরুল ইসলাম। এ সময় তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তৃতীয় দিনের কর্মসূচিতে শিশু ও তরুণদের এআই ব্যবহারে সচেতন করতে ইয়ুথ লিডারদের নিয়ে অধিবেশন আয়োজন করে বিআইজিএফ। শিশুদের উৎসাহ দিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হারলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ এম


জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হারলো বাংলাদেশ

গত জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও টাইগারদের একই পরিণতি ঘটল। জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করল।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৯৯ রানে পরাজিত হয়েছে জিম্বাবুয়ের কাছে।

ম্যাচের পূর্বে বাংলাদেশ নিয়মিত অধিনায়ক লিটন দাসকে চোটের কারণে হারায়। এই সিরিজের বাকি অংশে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সহঅধিনায়ক তাওহীদ হৃদয়।

এদিন টস জিতে জিম্বাবুয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৫০ ওভারে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলরের ব্যাটিংয়ের সাহায্যে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে।

বাংলাদেশের জবাবে দলটি ৩৩.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ এম


অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা

দীর্ঘ ১৮ বছর পর আবারও আলোচনায় আসলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি তাদের রোমান্টিক আবহে ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে পুরোনো এই জুটির প্রতি কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে তাদের পুনর্মিলন শুধুমাত্র ফটোশুটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনাও চলছে তাদের নিয়ে।

গত বৃহস্পতিবার অপু বিশ্বাস আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলো দেখে অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি।

পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ সময় পর তাদের একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

ফটোশুটের ছবিগুলো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এবং এ নিয়ে সন্তুষ্ট অপু। তিনি বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

ছবিগুলো প্রকাশের পর অল্প সময়ের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’

তবে এই ফটোশুটের পেছনে রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ভাবনাও। আদনান আজাদ আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী।

তাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়ে অপু বলেন, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’

অপু জানিয়েছেন, সিনেমা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায় নতুন সিনেমার পরিকল্পনা আরও এগিয়ে যেতে পারে।

তবে এখনো সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০০৮ সালের দিকে মুক্তিপ্রাপ্ত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করেন তারা।

পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

দীর্ঘ বিরতির পর অপুর সঙ্গে তার নতুন করে উপস্থিতি দর্শকদের মনে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে।

ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুর উদ্দেশে লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

অন্যদিকে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যে অনেকেই তাদের আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। এবার অপুর সঙ্গে তার নতুন ফটোশুট সেই পুরোনো জুটিকে আবারও চলচ্চিত্রে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, পরিকল্পনাটি শেষ পর্যন্ত নতুন সিনেমায় রূপ নেয় কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ এম


সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে।

তিনি উল্লেখ করেন, পূজা কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি সম্ভব হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান করছেন পূজা কমিটির সদস্যরা। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে।

তিনি বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সকল অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।’

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%