০৩:২৫ পি.এম
সিরাজগঞ্জ সদর উপজেলায় ঈদের দিন যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া রাকিব হোসেন (২৫) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং নিহত শাকিল আহম্মেদ (২৩) একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান বলেন, ঈদের দিন (বৃহস্পতিবার) ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে ঈদের তৃতীয় দিন (রবিবার) তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে রাকিব ছোনগাছা বাজার এলাকা দিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন ও এ নিয়ে শাকিল এবং তার বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যাকাণ্ডের ৩/৪ দিন আগে সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে শাকিল ও তার দুই বন্ধু রাকিব এবং সাব্বিরের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়।
এসব ঘটনার জের ধরে ঈদের দিন সন্ধ্যায় ঘাড়ে ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ওসি রাকিবুল ইসলামসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন