ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কঙ্গোয় নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ইবোলা, মৃত্যু বেড়ে ৬০০


কঙ্গোয় নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ইবোলা, মৃত্যু বেড়ে ৬০০

কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসের সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসের সর্বশেষ প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কঙ্গো সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভাইরাসের মূল কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের বাইরে এবার নতুন করে তশোপো ও ওত-উয়েলে প্রদেশেও সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তশোপো প্রদেশের কিসাঙ্গানিতে দুইটি নতুন সংক্রমণের ঘটনা সন্দেহ করা হচ্ছে। তবে ওত-উয়েলে প্রদেশে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা স্বাস্থ্যমন্ত্রী নির্দিষ্ট করে জানাননি।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট নিশ্চিত ইবোলা সংক্রমণের সংখ্যা ১,৭৫৯ জনে পৌঁছেছে।

তশোপো প্রদেশে শনাক্ত হওয়া দুই সন্দেহভাজন রোগীর মধ্যে একজন ইতুরি প্রদেশের নিয়া-নিয়া স্বাস্থ্য অঞ্চলের সাথে সম্পর্কিত, যেখানে প্রথম এই প্রাদুর্ভাবের ঘটনাগুলো সামনে এসেছিল। তবে অন্য রোগীর ক্ষেত্রে পূর্বের কোনো প্রাদুর্ভাব বা আক্রান্ত এলাকার সাথে স্পষ্ট কোনো ভৌগোলিক সংযোগ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বেশ কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষের নজরদারির আড়ালে রোগটি ছড়িয়ে পড়ার পর, গত ১৫ মে কঙ্গো সরকার নতুন করে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণটি বিরল ‘বান্ডিবুগিও’ ভাইরাসের কারণে ঘটেছে, যার কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ভাইরাসের বিস্তার ঠেকাতে ও প্রতিষেধক খোঁজার আশায় গবেষকদের বহু প্রতীক্ষিত একটি গবেষণার পর গত সপ্তাহ থেকে এর চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ) শুরু হয়েছে।

তবে কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

একদিকে তহবিলের তীব্র ঘাটতি, অন্যদিকে কঙ্গোর পূর্বাঞ্চলীয় সংঘাতময় এলাকায় সশস্ত্র গোষ্ঠীর দ্বারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাস্থ্যকর্মীরা সেখানে পুরোপুরি কাজ করতে পারছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ: প্রেস টিভি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ এম


খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ: প্রেস টিভি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন ৪ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ, যা সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নিয়েছেন ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী, এবং ইরান কর্তৃপক্ষ একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ; এই পাঁচ শহরে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি সন্ত্রাসী হামলায় সপরিবারে শাহাদাতবরণ করেন এই মহান নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, যেখানে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তিগত তথ্য এবং স্বাধীন বিভিন্ন সূত্রের দ্বারা যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিশাল উপস্থিতির সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রে হাজির হচ্ছে ১৪টি সংশোধনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রে হাজির হচ্ছে ১৪টি সংশোধনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে নির্বাচনে আবির্ভূত হয়েছে। সাত বছর পর দলটির গঠনতন্ত্রে আসছে বেশ কিছু বড় সংশোধন। এই সংশোধনীর ফলে দলে নিয়ন্ত্রণে আসবে আর্থিক খাত। এবারের গঠনতন্ত্রে সদস্য ছাড়া সাংবিধানিক বড় পদে আসীন হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

দলীয় সূত্র জানাচ্ছে, বর্তমান আমিরের অর্ধযুগের সময়ে প্রথমবারের মতো গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় ১৪টি সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত।

গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যয়ের ৬৮ নম্বর ধারায় একটি নতুন উপধারা যুক্ত হচ্ছে, যা নির্দিষ্ট করবে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। একই অধ্যায়ে আরও পরিষ্কারভাবে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎসের সকল তথ্য।

শুধু আর্থিক খাতেই নয়, গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ে নতুন ধারার মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের অধীনে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এই পরিষদে দলের সঙ্গে সরাসরি জড়িত না থেকেও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্থান দেয়া হতে পারে। এছাড়া আরো বেশকিছু ধারায় সংশোধন ও পরিমার্জন আসবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত মজলিসে শুরা হয়ে গেল। ২৩তম সংশোধনী প্রস্তাব শুরাতে আনা হয়েছে। কিছু আংশে আমরা সংশোধনী চূড়ান্ত করেছি। আমাদের একটি সংশোধনী কমিটি রয়েছে। সেই কমিটিতে প্রস্তাব নিয়ে আলোচনা করতে হয়। এরপর তা নির্বাহী পরিষদে যেতে হয়। এভাবেই আমরা সবার কাছে পৌঁছেছি এবং ২৬ জুন বিষয়টি আলোচনা হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব আমাদের কাছে এসেছে। এটি নিয়ে শুরা সদস্যদের মধ্যে প্রথম আলোচনা প্রাথমিক পর্যায়ে হয়েছে। বিষয়টি আরও আলোচনার জন্য আসছে, যা এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরাতে আবার আলোচনা হবে, তখন দেখা যাবে। সংশোধনী গোপন থাকে না, সব কিছুই ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যারা

আজ শুক্রবার (১০ জুলাই), ২৫ মহররম ১৪৪৮ হিজরি, এবং আজ মহররম মাসের চতুর্থ জুমা। এই উপলক্ষে, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করার জন্য উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তাঁর বাবার নাম হলো আব্দুল্লাহ, এবং দাদার নাম আব্দুল গনি। তিনি ১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে শায়খ উসামাহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৮২ ও ১৯৮৮ সালে যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শায়খ আব্দুল্লাহ, যিনি তার বাবা, মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কায় তার জন্ম হয়েছে। তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয়। ১৪০৫ হিজরিতে আব্দুল বারি সুবাইতি কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক করেন। এরপর, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন এবং ১৪০৯ হিজরিতে অনার্স ও ১৪১৫ হিজরিতে মাস্টার্স অর্জন করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজ কত রাকাত, কীভাবে আদায় করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


জুমার নামাজ কত রাকাত, কীভাবে আদায় করবেন

 

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমা। এ দিন মুসলমানরা একসঙ্গে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং খুতবা শোনেন। ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। তবে অনেকেই জানতে চান, জুমার নামাজ কত রাকাত এবং সঠিক নিয়মে কীভাবে তা আদায় করতে হয়।

ইসলামী শরিয়ত অনুযায়ী, জুমার নামাজ ২ রাকাত ফরজ। এই বিষয়ে ইসলামী ফকিহদের মধ্যে কোনো মতভেদ নেই। যদিও ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত নামাজ রয়েছে। সাধারণভাবে অধিকাংশ মুসল্লি ফরজের আগে ৪ রাকাত সুন্নাত এবং ফরজের পরে ৪ রাকাত সুন্নাত আদায় করেন। অনেক মুসল্লি ফরজের আগে অতিরিক্ত ২ রাকাতও আদায় করেন। তবে এসব সুন্নাতের রাকাতসংখ্যা নিয়ে মতভেদ থাকলেও ফরজ জুমার নামাজ ২ রাকাত—এ বিষয়ে সবাই একমত।

জুমার নামাজ মূলত শুক্রবারের জোহরের নামাজের পরিবর্তে আদায় করা হয়। সময় একই হলেও জোহরের নামাজ ও জুমার নামাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা বাধ্যতামূলক এবং এর আগে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। অন্যদিকে জোহরের নামাজে খুতবা নেই এবং তা একাকীও আদায় করা যায়।

জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—

"ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইযা নুদিয়া লিস্-সালাতি মিন ইয়াওমিল জুমুআতি ফাসআউ ইলা জিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসিরাল্লা'আল্লাকুম তুফলিহুন।"

অর্থ: “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (রিজিক) অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।”

জোহরের নামাজের সঙ্গে জুমার নামাজের পার্থক্যও রয়েছে। যেমন—

১. জোহরের ফরজ ৪ রাকাত, কিন্তু জুমার ফরজ ২ রাকাত।

২. জুমারের আগে ইমামের খুতবা শোনা আবশ্যক।

৩. জুমার নামাজ অবশ্যই জামাতের সঙ্গে আদায় করতে হবে, একাকী আদায় করা যায় না।

৪. জুমার দিনে দরুদ, তাওবা-ইস্তিগফার, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে।

যেভাবে আদায় করবেন জুমার নামাজ:

মসজিদে প্রবেশের পর সুযোগ থাকলে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ (দুখুলুল মসজিদ) নামাজ আদায় করা সুন্নাত। এরপর সুন্নাত নামাজ পড়ে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবা শেষে ইমামের সঙ্গে ২ রাকাত ফরজ জুমার নামাজ আদায় করতে হবে। ফরজের পর সুন্নাত নামাজ সুন্নত আদায় করা উত্তম।

কারা জুমা আদায় না করলেও চলবে?

যারা গুরুতর অসুস্থ, ভ্রমণরত (মুসাফির) অথবা শরিয়তসম্মত ওজরের কারণে জুমায় উপস্থিত হতে পারে না, তাদের জন্য জোহরের নামাজ আদায় করাই যথেষ্ট। তবে মুসাফির চাইলে জুমার জামাতে অংশ নিতে পারেন।

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই আজান হওয়ার পর দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়া এবং খুতবা শুনে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%