০৫:৪৭ পি.এম
হলিউডের তারকা জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও বড় পর্দায় ফিরে আসার সম্ভাবনা প্রকাশ করেছেন। জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তার অভিনয়ের বিষয়টি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন তিনি। তবে তিনি সরাসরি ফেরার ঘোষণা দেননি। ডেপ জানিয়েছেন, প্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি যদি আরও সুন্দর ও স্মরণীয় করার সুযোগ থাকে, তবেই তিনি যুক্ত হতে চান।
এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে জনি ডেপ জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির একটি সুন্দর সমাপ্তি নিশ্চিত করা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।”
ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার বিষয়ে ডেপ বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অভিনেতা জানান, জেরি তার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি বলেন, “জেরি ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত আমি।” কাজটি কী, সেটি তার কাছে বড় বিষয় নয়। তিনি জেরির প্রতি গভীর আস্থা ও বন্ধুত্বের সম্পর্কের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: ওকালতি ছেড়ে অভিনয়ে আসার কারণ জানালেন সিয়াম
২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নিয়ে জনি ডেপের সঙ্গে আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও ফিরতে পারেন। তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন। এরপর ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় তিনি অভিনয় করেন। বিশ্বজুড়ে সিনেমাগুলো প্রায় ৪৫০ কোটি ডলার আয় করে। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।
তবে ব্যক্তিগত জীবন ও আইনি জটিলতার কারণে পরবর্তীতে ডেপের ফ্র্যাঞ্চাইজিতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ২০২০ সালে ‘দ্য সান’ পত্রিকার বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অব ডাম্বলডো’ সিনেমা থেকে সরে দাঁড়াতে হয় তাকে। পরে তার জায়গায় গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে অভিনয় করেন ম্যাডস মিকেলসেন। ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলাও তাকে আলোচনায় নিয়ে আসে। ওই মামলায় জুরি বোর্ডের রায় ডেপের পক্ষে গেলেও উভয় পক্ষের বিরুদ্ধে মানহানির অভিযোগের বিষয়টি উঠে আসে।
এদিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের পরিকল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। ২০২০ সালে ডিজনি ফ্র্যাঞ্চাইজিটির নতুন দুটি সিনেমা নিয়ে প্রাথমিক কাজ শুরু করে। এর একটি ছিল মার্গট রবির সঙ্গে নতুন গল্প, অন্যটি মূল ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি। তবে নারীপ্রধান গল্পের মার্গট রবি অভিনীত প্রকল্পটি শেষ পর্যন্ত আর এগোয়নি।
আরও পড়ুন: ‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান
২০২৪ সালে প্রযোজক জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন, চিত্রনাট্যকার জেফ নাথানসন ষষ্ঠ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। বিশেষ করে গল্পের শেষ অংশটি তার দারুণ পছন্দ হয়েছে। বাকি অংশের কাজ শেষ করে সিনেমাটি নির্মাণের দিকে এগোতে চান তারা। ব্রুকহাইমার আরো জানিয়েছিলেন, তার সিদ্ধান্ত হলে নতুন সিনেমায় জনি ডেপকেই রাখতে চান। কারণ, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি ডেপের অভিনয়শৈলী ও সৃজনশীলতার মধ্য দিয়েই অনন্য হয়ে উঠেছে।
জনি ডেপ নতুন সিনেমা ‘এবেনিজার’-এর মাধ্যমে হলিউডে প্রত্যাবর্তনের পথে রয়েছেন। পাশাপাশি ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা লায়ন্সগেটের থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’-এও তাকে দেখা যাবে। সব মিলিয়ে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ডেপের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ভক্তরা নতুন করে আশায় বুক বাঁধছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন