মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২:৩০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন আজমতপুর হুদমাপাড়া গ্রামে জনৈক আহসান হাবিবের (৫০) রাইস মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আসাদুল (৪০) এবং তৈয়ব আলী তেনুর ছেলে মোঃ রজিবুল হক (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পক্ষ থেকে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশের বার্তা—আপনার আশপাশে মাদক কারবারি দেখলে তথ্য দিন। আপনার একটি তথ্যই পারে একটি প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে উল্লেখ করেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।’
ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন তারেক রহমান। তার বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং দলটির সমালোচনা সহ্য করার সক্ষমতার প্রসঙ্গ উঠে আসে।
আলাপকালে তারেক বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তার মতে, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না বরং আওয়ামী লীগ থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো। এমনকি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াত এতগুলো আসনও পেত না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা, তারেক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।
অন্যদিকে, জামায়াতের সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।
মাসুদ সাঈদী তার ফেসবুক অ্যাকাউন্টে তারেকের এই বক্তব্যের ভিডিওটি শেয়ার করে ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ বলে মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বিজয় অর্জন করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সিনেটর অ্যামি ক্লোবুচার। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী লিসা ডেমুথকে পরাজিত করে তিনি রাজ্যটির প্রথম নারী গভর্নর হওয়ার পথে রয়েছেন।
৬৬ বছর বয়সী ক্লোবুচারের এই বিজয়ের ফলে মিনেসোটার গভর্নরের কার্যালয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ২০০৬ সালের পর থেকে রাজ্যটিতে কোনো রিপাবলিকান গভর্নর নির্বাচিত হয়নি।
নির্বাচনী প্রচারে ক্লোবুচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এবং সরকারি অর্থের অপচয় ও জালিয়াতি বন্ধ করার প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়াতে এবং রাজ্যের স্বার্থ রক্ষায় তিনি কখনো পিছপা হবেন না।
২০০৬ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন ক্লোবুচার। পরবর্তীতে ২০১২, ২০১৮ ও ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার জন্যও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহাকাশে থাকা একটি পুরনো দূরবীক্ষণ যন্ত্রকে রক্ষা করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ বছরের গ্রীষ্মে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। সেই অভিযানের জন্য একটি রোবটচালিত মহাকাশযানও পাঠানো হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। বর্তমানে, নাসার ওই দূরবীক্ষণ যন্ত্রটি বুধবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উৎক্ষেপণের প্রায় ২২ বছর পর এমন পরিণতির মুখোমুখি হচ্ছে যন্ত্রটি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, নিল গেরেলস সুইফট অবজারভেটরি নামের এই মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের ওজন প্রায় ৩ হাজার ২০০ পাউন্ড বা ১ হাজার ৪৫২ কেজি। নাসা জানিয়েছে, এটি কক্ষপথ থেকে বেরিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং ক্রান্তীয় অঞ্চলের কোথাও পুড়ে ধ্বংস হবে। তবে, এর কিছু অংশ অক্ষত থাকতে পারে, কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানার সম্ভাবনা খুবই কম।
নাসা একটি অনলাইন বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর হিসাব অনুযায়ী, এ ঘটনায় পৃথিবীর কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ২ হাজার ১০০ ভাগের মধ্যে মাত্র এক ভাগ। নাসার পূর্বাভাস অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিট) যন্ত্রটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।
অন্যদিকে, অলাভজনক গবেষণা সংস্থা অ্যারোস্পেস করপোরেশন মনে করে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর ৫টা ১৯ মিনিটে এটি বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এই সময়ের দুই ঘণ্টা আগে বা পরে ঘটনাটি ঘটতে পারে। লন্ডনভিত্তিক জ্যোতির্পদার্থবিদ জোনাথন ম্যাকডাওয়েল যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর হালনাগাদ তথ্যের ভিত্তিতে আরেকটি পূর্বাভাস দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে যন্ত্রটি বায়ুমণ্ডলে প্রবেশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মঙ্গলবার রাতে রয়টার্সকে তিনি বলেন, উপগ্রহটি প্রায় বৃত্তাকার কক্ষপথে রয়েছে এবং এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে ওপরের অংশের কাছে ঘুরছে। এখন দেখার বিষয়, কখন এটি এত বেশি উত্তপ্ত হবে যে ভেঙে টুকরো টুকরো হতে শুরু করবে।
নাসার প্রায় ৫০ কোটি ডলার ব্যয়ে তৈরি সুইফট উপগ্রহটি ছিল এ ধরনের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। এতে তিনটি দূরবীক্ষণ যন্ত্র রয়েছে। ২০০৪ সাল থেকে এটি মহাকাশের গামা রশ্মির বিস্ফোরণসহ বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে আসছে। এই উপগ্রহের নিজস্ব কোনো চালনা ব্যবস্থা নেই, ফলে কয়েক মাস ধরে এটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল। এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল বা ২৭ হাজার ৩৫৯ কিলোমিটার গতিতে ঘুরছিল।
জ্যোতির্বিজ্ঞানীরা আশা করেছিলেন, উপগ্রহটিকে উঁচু কক্ষপথে তুলে এর কাজের মেয়াদ কয়েক বছর বাড়ানো সম্ভব হবে। এজন্য, গত জুলাইয়ে নাসা ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাভিত্তিক নতুন প্রতিষ্ঠান ক্যাটালিস্ট একটি বিশেষ উদ্ধারকারী মহাকাশযান উৎক্ষেপণ করে। এর নাম ছিল ‘লিংক’। মহাকাশে সুইফটের কাছে পৌঁছে সেটির সঙ্গে যুক্ত হওয়া এবং টেনে আরো উঁচু ও দীর্ঘস্থায়ী কক্ষপথে নিয়ে যাওয়াই ছিল লিংকের উদ্দেশ্য। কিন্তু মহাকাশে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই লিংক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে। পরে আগস্টের মাঝামাঝি সময়ে অভিযান পরিচালনাকারীরা উদ্ধার প্রচেষ্টা বন্ধ করে দেন। ফলে সুইফটকে বাঁচানোর আর কোনো উপায় থাকেনি।
যুক্তরাষ্ট্রের প্রথম এ ধরনের উদ্ধার অভিযান ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অনেক। কারণ, এতে নতুন এক ধরনের মহাকাশ প্রযুক্তি পরীক্ষা করার পরিকল্পনা ছিল। এই প্রযুক্তির মাধ্যমে একটি মহাকাশযান অন্য একটি মহাকাশযানকে ধরে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মহাকাশ প্রতিযোগিতায় এ ধরনের প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। উপগ্রহের মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি ভবিষ্যতে সামরিক কাজে এটি ব্যবহার করা যেতে পারে। লিংক অভিযানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল, কারণ, উপগ্রহের রক্ষণাবেক্ষণে এই প্রযুক্তির ব্যবহার কতটা কার্যকর, তা পরীক্ষা করার সুযোগ ছিল এতে।
ক্যাটালিস্ট এই অভিযানকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে তুলে ধরেছিল। প্রতিষ্ঠানটি জানায়, নাসার ৩ কোটি ডলারের চুক্তির আওতায় মাত্র ৯ মাসে লিংক মহাকাশযানের নকশা তৈরি, নির্মাণ ও পরীক্ষা করা হয়েছে। এত কম সময়ে এ ধরনের কাজ আগে হয়নি বলেও দাবি করে প্রতিষ্ঠানটি। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে গবেষণার জন্য দুই দশকেরও বেশি সময় আগে সুইফট উৎক্ষেপণ করা হয়েছিল। এসব বিস্ফোরণের ফলে প্রচণ্ড শক্তিশালী গামা রশ্মি তৈরি হয়, যা দূরের ছায়াপথগুলোর কেন্দ্র থেকে বেরিয়ে আসে।
শুরুতে সুইফটের কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল মাত্র দুই বছর। তবে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ধরে এটি কাজ করেছে। এই সময়ে মহাকাশের নানা ধরনের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করেছে উপগ্রহটি। এর মধ্যে রয়েছে অতি ভারী কৃষ্ণগহ্বরের শক্তিতে সক্রিয় থাকা ছায়াপথ, এক্স-রে বিকিরণ ছড়ানো নক্ষত্র, ধূমকেতু এবং সৌরজগতের মধ্য দিয়ে দ্রুত ছুটে চলা গ্রহাণু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার (৪ নভেম্বর) ভোরে পুলিশ তার লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশের সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর হোসেন আশুগঞ্জ সার কারখানা এলাকার নিজের কার্যালয়ের পাশে অবস্থিত আবাসিক কক্ষে অবস্থান করছিলেন। বুধবার ভোরে ওই কক্ষে তিনি নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ