ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি


লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি

বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছে চাঁদা দাবির অভিযোগ এসেছে, যখন বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশকে তুষার কাপুর জানিয়েছেন যে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি তার কাছে ফোন করে ৫ কোটি রুপি চাঁদা দাবি করে হুমকি দিয়েছে।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে ফোনকারীর পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ ধারণা করছে যে, এই হুমকিটি একটি ভুয়া বা প্রতারণামূলক ফোন হতে পারে।

পুলিশের সূত্র অনুযায়ী, ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি বক্সার’ হিসেবে পরিচয় দেয় এবং অভিনেতার কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি করে। তুষার কাপুর বিষয়টি তাৎক্ষণিকভাবে মুম্বাই পুলিশকে জানান। এরপর ঘটনাটি তদন্তের জন্য পুলিশের চাঁদাবাজি বিরোধী শাখা এবং ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: কেন বিয়ের বন্ধনে জড়াননি টাবু, অজয়কে নিয়ে অভিনেত্রীর বক্তব্য?

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে মূল বিরোধ সুপারস্টার সালমান খানের। তারা একাধিকবার সালমান খান এবং তার ঘনিষ্ঠদের হুমকি দিয়েছে বা হামলা করেছে। টাইগার শ্রফ একটি সিনেমার প্রচারে সালমান খানকে বলিউডের একমাত্র টাইগার বলেছিলেন। এরপর থেকে তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে পরিণত হন। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে বাড়ি ফেরার সময় টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। যদিও টাইগার শ্রফের গায়ে গুলি লাগেনি, তবে তার গাড়ির চালক এবং এক পথচারী আহত হয়েছেন।

তবে তুষার কাপুরের কাছে চাঁদা দাবির বিষয়টি এখনো পরিস্কার নয়। তদন্তের অংশ হিসেবে ক্রাইম ব্রাঞ্চের টেকনিক্যাল টিম হুমকির ফোনের অডিও রেকর্ডিংটি পরীক্ষা করে এবং তাদের ডেটাবেজে থাকা হ্যারি বক্সারের অফিশিয়াল কণ্ঠস্বরের নমুনার সাথে তা মিলিয়ে দেখে।

পুলিশের ঊর্ধ্বতন সূত্রের তথ্য অনুযায়ী, কণ্ঠস্বরের নমুনা দুটি মেলেনি। এতে পুলিশের এই সন্দেহ আরো জোরালো হয়েছে যে, ফোনকারী অভিনেতাকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের নাম মিথ্যাভাবে ব্যবহার করে থাকতে পারে।

তদন্তকারীরা হ্যারি বক্সারের অন্যান্য অডিও নমুনার সঙ্গে রেকর্ডিংটি তুলনা করে দেখেছেন। প্রাথমিক ভয়েস অ্যানালাইসিস বা কণ্ঠস্বর বিশ্লেষণেও কোনো মিল পাওয়া যায়নি, যা আরো ইঙ্গিত করে যে ফোনকারী মূলত ছদ্মবেশ ধারণ করেছিলেন।

আরও পড়ুন: নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি হয়: শবনম ফারিয়া

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এখন এই ফোনের পেছনের ব্যক্তিকে শনাক্ত করার এবং হুমকির এই বার্তাটি কোথা থেকে পাঠানো হয়েছিল তার উৎস খোঁজার চেষ্টা করছে। পুলিশ খতিয়ে দেখছে যে, অভিনেতাকে ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের জন্য ফোনকারী ইচ্ছাকৃতভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করেছিল কি না।

পুলিশ সূত্র জানিয়েছে, তুষার কাপুর প্রায় এক সপ্তাহ আগে এই অভিযোগ দায়ের করেছিলেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। কর্মকর্তারা ফোনকারীকে শনাক্ত করতে এবং এই কথিত চাঁদাবাজির হুমকির উৎস নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র : এনডিটিভি

আরও পড়ুন: আদালতে হাজির না হওয়ায় ফের বিপাকে নোরা ফাতেহি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ এম


সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাতের মৃত্যুতে ঘটে যাওয়া ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়িয়ে থাকে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সকাল সোয়া ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা (২১) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটতলিয়া গ্রামের শাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। এই ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাইশা ও তার কয়েকজন সহপাঠী বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি লোকাল বাস সেখানে থামে এবং এর পেছনে থাকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির ওপর পড়ে। ফলে সড়কের পাশে থাকা তিন শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক ও রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। তারা ছয় দফা দাবি জানান এবং দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর ফলে মহাসড়কে মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যান চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলমসহ প্রশাসনের কর্মকর্তারা। শিক্ষার্থীরা তাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা ও মামলার অগ্রগতি জানানো, দুর্ঘটনার জন্য দায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, পাশের কনটেইনার ডিপোর লরি দিয়ে মহাসড়ক দখল বন্ধ করা, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা, ঘটনাস্থলে ফুটওভারব্রিজ নির্মাণ এবং নিহত শিক্ষার্থীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।

একপর্যায়ে মহাসড়কের ওপর মাইশার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, প্রশাসন তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা সড়ক থেকে সরে দাঁড়িয়েছেন। নির্ধারিত সময়ে দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হবেন।

মাইশার বাবা শাখাওয়াত হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আগামী শুক্রবার মেয়ের জন্মদিন পালনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে আত্মীয়স্বজনকে দাওয়াতও করা হয়েছিল। মেয়ে খুব খুশি ছিল।" তিনি বলেন, "আজ মেয়ে বিশ্ববিদ্যালয়ে যায়। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। হাসপাতালে গিয়ে দেখি, মেয়ে লাশ হয়ে গেছে।"

মাইশার মা সালমা আক্তারও মেয়ের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান স্বজনেরা।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো. শফিউল আলম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহযোগিতায় আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাইশার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশিল্প মালিকদের শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, নতুন মজুরি বোর্ড গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


পোশাকশিল্প মালিকদের শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, নতুন মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের প্রেক্ষাপটে, কারখানার উৎপাদন সচল রাখার জন্য এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। তারা উল্লেখ করেছেন যে, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। এ ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে।

বিকেএমইএর সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক মন্তব্য করেছেন যে, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। তিনি বলেন, মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরতে হবে।

ফজলুল হক আরও বলেন, প্রতি পাঁচ বছর পরপর মজুরি বোর্ড পর্যালোচনার বিধান ছিল। ২০২১ সালে সর্বশেষ মজুরি বোর্ড গঠনের সময় ৫ বছর ধরে প্রতিবছর ৫ শতাংশ হারে বাধ্যতামূলক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এ সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করে এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ নির্ধারণ করে। শ্রমিকদের অনুকূলে নেওয়া এ সিদ্ধান্ত মালিকপক্ষও তৎকালীন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মেনে নিয়েছিল।

আগামী জানুয়ারিতে তিন বছরের এ সময়সীমা শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি মিছিল বা আন্দোলনের মাধ্যমে নয়, নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান করতে হবে। এ জন্য মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা প্রয়োজন।

শ্রমিকদের দাবি-দাওয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে ফজলুল হক বলেন, শুধু বেতন বাড়ানোর দাবি করলেই হবে না, শিল্পের সেই বাড়তি ব্যয় বহনের সক্ষমতা রয়েছে কী না, সেটিও দেখতে হবে।

শ্রমিকদের দুঃখ-কষ্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সব সমস্যার সমাধান নিয়মতান্ত্রিক পথেই হওয়া উচিত। সরকার গঠিত মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দু’জন করে প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিরা রয়েছেন। তাই বোর্ডের সিদ্ধান্তের ওপর সংশ্লিষ্ট সবার আস্থা রাখা প্রয়োজন।

কারখানা বন্ধের সংখ্যা সম্পর্কে ফজলুল হক বলেন, এ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। তবে উত্তরা এলাকায় আট থেকে ১০ দিন আগেই বিচ্ছিন্ন মিছিলের মাধ্যমে শ্রমিক অসন্তোষের কিছু পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ মুহূর্তে মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় থাকাই সমীচীন।

এদিকে, রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর বর্তমান কমিটির নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে। তাই চলমান আন্দোলনের প্রকৃত কারণ চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির সমাধান করা প্রয়োজন।

ফজলে শামীম এহসান মন্তব্য করেন, মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের পর আন্দোলনের দাবি ও এর পেছনের কারণগুলো স্পষ্টভাবে জানা জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

শ্রমিক অসন্তোষের প্রকৃত কারণ চিহ্নিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে ফিরেই ১ লাখ টাকা করে পুরস্কার পেল ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ এম


বিশ্বকাপ থেকে ফিরেই ১ লাখ টাকা করে পুরস্কার পেল ফুটবলাররা

বিশ্বকাপ খেলে দেশে ফিরে ফুটবলাররা আর্থিক পুরস্কার লাভ করেছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ফুটবলারদের জন্য বিশ্বকাপের আয়োজন করে। এই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম স্তরে রানার্সআপ হিসেবে শেষ করেছে।

স্পেন এই আসরের মূল চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম স্থানে অবস্থান নিয়েছে। আজারবাইজানের বাকু থেকে দেশে ফেরার পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের প্রত্যেক খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুটবলারদের জন্য ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন। বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী আজ খেলোয়াড় ও কোচিং স্টাফদের ৫০ হাজার টাকা করে প্রদান করেন। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।

বাংলাদেশ পাঁচ নম্বর স্তরে রানারআপ হলেও, কিছু ফুটবলার আশাব্যাঞ্জক পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুই ম্যাচে টাইব্রেকারে অসাধারণ সেভ করেছেন। আরও কয়েকজন ফুটবলার অন্য দেশের ক্লাবে নজর কেড়েছেন। বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের প্রতিভা থাকা সত্ত্বেও তা হারিয়ে যায়।

এই ফুটবলারদের হারিয়ে না যাওয়ার দায়িত্ব নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ফলাফল যাই হোক কিংবা অবস্থান, আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দিয়ে তারা যেন বড় ফুটবলার হতে পারে, এই বিষয়টি বাফুফে দেখবে। মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব।”

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মন্ত্রী আমাদের পাশে রয়েছেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দিনের জন্য ২ কোটি টাকা অনুদান চাওয়া হলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ এম


বড়দিনের জন্য ২ কোটি টাকা অনুদান চাওয়া হলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বড়দিনের উদযাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২ নভেম্বর) এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠায়, যেখানে তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে জানানো হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%