০৮:৪৭ পি.এম
আর্জেন্টিনা বিশ্বকাপে জয়লাভ করলে পুনরায় বিয়ে করবেন- এই বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পরীমনির একটি ফেসবুক পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। মজার ছলে দেওয়া সেই ঘোষণার পর অনেক ভক্ত তাকে শুভকামনা জানিয়েছেন এবং কেউ কেউ সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। কিন্তু ফাইনালের আগে এসে এই অভিনেত্রী কিছুটা বিপাকে পড়েছেন।
রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, তিনি আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং, প্রেমের পরে হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে এবার আগেভাগে এমন ঘোষণা দেওয়ার জন্য নতুন সমস্যায় পড়েছেন বলে মনে করছেন।
তিনি আরও বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, আমি কিছুই বুঝতে পারছি না কী করব।’
আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
তবে বিয়ে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন পরীমনি। অভিনেত্রীর মতে, বিয়ে করতে হলে একজন অভিভাবকের প্রয়োজন, কিন্তু বর্তমানে সেই জায়গায় কেউ নেই। তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
এখানে পরীমনির বক্তব্য স্পষ্ট যে, আর্জেন্টিনা শিরোপা জিতলেও তিনি সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন না।
অন্যদিকে, আজ রাতেই বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক পরীমনি। তাই শিরোপার লড়াই ঘিরে তিনি উচ্ছ্বসিত। তবে প্রতিপক্ষ স্পেনকেও যথেষ্ট শক্তিশালী হিসাবে দেখছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘লড়াইটা হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে আমার মনে হচ্ছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আর আমি চাই, আর্জেন্টিনা জিতুক, মেসি গোল্ডেন বুট পাক।’
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের কথা তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আসছেন। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও তুলে। লিওনেল মেসিকেও নিয়ে করেছেন একাধিক পোস্ট।
গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ার দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আর্জেন্টিনা ফাইনালে উঠার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও তিনি আরেকটি রসিকতাপূর্ণ পোস্ট করেন।
এখন বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের পাশাপাশি পরীমনির ভক্তদের মধ্যে কৌতূহল- আর্জেন্টিনা যদি সত্যিই শিরোপা জেতে, তাহলে কি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এই ঢালিউড তারকা?
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন