০৬:৫০ পি.এম
মুন্সীগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি খবর জানিয়েছেন, আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট কারাপ্রযুক্তির নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু হয়ে গেছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে।
নতুন এই পদ্ধতিতে কারাগারের বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) করা হয়েছে। এর ফলে বন্দিদের পক্ষে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং কারাগারে দুর্নীতি ও অনিয়ম রোধ হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’ এর কারিগরি সহযোগিতা করছে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
কারাগারে নিরাপত্তা নিশ্চিত করতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে বন্দিদের অবস্থান সহজেই সনাক্ত করা সম্ভব হবে। একইসাথে আরএফআইডি বন্দি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে বন্দিদের নির্ভুল গণনা ও নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ তৈরি করবে।
নতুন ক্যাশলেস নিয়মে, বন্দিদের আত্মীয়-স্বজনরা কারাগারে এসে তাদের জন্য প্রদেয় অর্থ সরাসরি ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট) জমা করবেন। বন্দিরা পরবর্তীতে তাদের আরএফআইডি কার্ডের মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কিনতে পারবেন। ফলে কারাগারের ভেতরে বন্দি বা কর্মীদের মধ্যে নগদ টাকার (ক্যাশ) লেনদেন হবে না। বন্দিদের সঠিক অবস্থান এবং নিরাপত্তা তদারকি আরও জোরদার হবে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ নিশ্চিত করেছেন যে, আত্মীয়-স্বজনরা কারাগারে বন্দির জন্য টাকা নিয়ে আসবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টাকা গ্রহণ করে বন্দির কার্ডে যুক্ত করবেন।
অতিরিক্ত নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা হবে এবং বন্দির অ্যাকাউন্টে বা আইডি কার্ডে ভার্চুয়াল ব্যালেন্স ক্রেডিট হবে। বন্দিরা এই কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে ক্যান্টিন থেকে খাবার এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করার সুযোগ পাবেন। জামিন হলে যদি বন্দির অ্যাকাউন্টে টাকা থাকে, তবে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
এনায়েত উল্ল্যাহ আরও বলেন, জেলা কারাগারকে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার গড়ে তোলা হয়েছে। এটি কারাগারের ভেতরে নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব এবং আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল বাস্তবায়ন করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন