মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
০৬:৫২ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহাবুব (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় ‘বাজরা যুব সমাজ’।
রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় 'বাজরা যুব সমাজ'-এর যুবকেরা মাদক ব্যবসায়ীকে আটকে রেখে পুলিশকে সক্রিয় সহযোগিতা করেন। পরে পুলিশ যুব সমাজের সহযোগিতায় তল্লাশি চালিয়ে মাহবুবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রুজু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারের পর মাহবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।
এলাকাবাসী পুলিশের এই তৎপরতা এবং বাজরা যুব সমাজের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজরা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের নিজের সম্পর্কে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করা বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ১১তম দিনের কার্যক্রমের শুরুতে তিনি এই ঘোষণা দেন।
এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেন, গত ১৪ জুন নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করেন। কিন্তু তার বাবা এখনও জীবিত আছেন। তাই আমি এই অসত্য তথ্য এক্সপাঞ্জ করার জন্য অনুরোধ করছি।
এখন স্পিকার জবাবে বলেন, ওই সংসদ সদস্য সেদিনই আমার চেম্বারে এসে জানিয়েছেন যে, ভুলক্রমে তার মুখ থেকে কথাটি বেরিয়েছে। বিষয়টি পত্রপত্রিকায়ও এসেছে এবং তিনি নিজে ভুল স্বীকার করেছেন। সেজন্য এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।
এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে নিজের করা একটি বক্তব্যও এক্সপাঞ্জ করেছেন (কার্যবিবরণী থেকে বাদ)।
স্পিকার বলেন, গত ১৮ জুন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বাজেট আলোচনায় অংশ নিয়ে মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে কিছু মন্তব্য করেন, যা অনভিপ্রেত। সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই এমন একজনের নিয়ে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে কারণে আমি এমপি আবু আশফাকের মন্তব্য এক্সপাঞ্জ করেছি। একইসঙ্গে আমি যে ওইদিন বলেছিলাম, ‘কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় এখানে আলোচিত হোক, সেটা আমি চাই না।’ আমার ওই বক্তব্যের ‘অন্ধকার অধ্যায়’ অংশটুকুও এক্সপাঞ্জ করেছি।
এর আগে, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির এমপি খোন্দকার আবু আশফাক বলেছেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। কিন্তু তিনি যে নারায়ণগঞ্জে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?।’
সংসদ সদস্যের এই বক্তব্য ওইদিনই এক্সপাঞ্জ করেন স্পিকার। কিন্তু এই বক্তব্য এক্সপাঞ্জ করতে গিয়ে স্পিকার বলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’ পরবর্তীতে স্পিকারের এই বক্তব্য নিয়েও সমালোচনার সৃষ্টি হয়।
স্পিকারের মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিস তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে মাওলানা মামুনুল হককে সংসদে যেতে দেওয়া হয়নি, আজ তিনি সংসদে উপস্থিত না থাকলেও সংসদের ভেতরে তাঁকে নিয়েই আলোচনা হচ্ছে। এতে প্রতীয়মান হয়, কিছু রাজনৈতিক মহল এখনও তাঁকে রাজনৈতিকভাবে ভয় পায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুরোনো অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ান পুনরুজ্জীবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুর পৌঁছেছেন তারেক রহমান।
রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়লালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন।
এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় যাত্রা করেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান এই সফরে দুদিনের জন্য আসছেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। সফরের সময়, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়াও, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সোমবার দপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন তারেক রহমান। ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন।
প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা হলেন—পররাষ্ট্ৰমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এদিকে, বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফরের প্রস্তুতি হিসেবে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে একটি বিয়ের ওয়ালিমা (বৌভাত) অনুষ্ঠানে 'গরুর মাংস' পরিবেশনের অভিযোগের কারণে একটি তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় বর, তার মামা এবং বিয়ের অনুষ্ঠান আয়োজিত ব্যাঙ্কুয়েট হলের মালিককে পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে সিলগালা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কুয়েট হলটি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন কাইরানার 'মুঘল ব্যাঙ্কুয়েট হলে' ওই ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে আচমকা অভিযান চালায়।
শামলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত শুক্লা জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে মুঘল ব্যাঙ্কুয়েট হলে অভিযান চালিয়ে সন্দেহভাজন গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য বর ফারমান, তার মামা সালমান এবং ব্যাঙ্কুয়েট হলের মালিক আনিসের বিরুদ্ধে 'উত্তরপ্রদেশ গো-বধ প্রতিরোধ আইন'-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।"
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিয়ের উপহার হিসেবে বর যে স্করপিও এসইউভি গাড়িটি পেয়েছিলেন, সেটিই ব্যবহার করে ওই মাংস অনুষ্ঠানস্থলে আনা হয়েছিল। পুলিশ গাড়িটি জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া মাংসের নমুনাগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই চক্রের সঙ্গে অন্ন কেউ জড়িত কিনা এবং মাংসের উৎস কী, তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের কঠোর গো-বধ আইনের কারণে এই ঘটনাটি স্থানীয় এলাকায় একটি অত্যন্ত থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেলজিয়ামের তারকা ফুটবলার জেরেমি ডোকু, প্রথম সন্তান প্রসবের সময় উপস্থিত থাকার জন্য বিশ্বকাপের মাঝ পথে দেশে ফিরে যেতে পারেন। ডোকু, ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে, তার এই ইচ্ছার কথা জানান।
প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করার পর, এই ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে জেরেমি ডোকুর সন্তান প্রসব হওয়ার কথা রয়েছে। বেলজিয়াম যদি নকআউট পর্বে পৌঁছায়, তবে ডোকু সম্ভবত সেখানে উপস্থিত থাকতে পারেননি।
তিনি বলেন, “আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কী চাই, আমার উত্তর হলো, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি হারাতে চায় না।” তবে ডোকুর এমন মন্তব্যের পর, তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।
লেকিপ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরোঁ ডোকুর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন। ফুটবলারদের জন্য বিশ্বকাপ কতটা বড় একটি উপলক্ষ, তা উল্লেখ করার পর তিনি বলেন, “সন্তান জন্মের সময় বাবা ‘সম্পূর্ণ অকেজো।’” ফরাসি ক্রীড়া প্রকাশনা লেকিপ-এর ফেসবুক পেজে তিনি পোস্ট করেন, “বিশ্বকাপ এক অবিশ্বাস্য আনন্দের বিষয়।”
তিনি পোস্টে বলেন, “শত শত ফুটবলার আছে যারা তোমার জায়গায় থাকতে পারলে জীবন দিয়ে দিত। তোমার জীবনে হয়তো এমন সুযোগ আর কখনো আসবে না। তুমি তোমার শৈশবের স্বপ্ন পূরণ করছ, অথচ সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার জন্য তুমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছ। যদি কিছু মনে না করো, এটি একটি জঘন্য মুহূর্ত, যেখানে বাবা সম্পূর্ণ অকেজো।” তবে, তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।
এদিকে, অসুস্থতার কারণে ডোকু ইরানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না। গত সোমবার বেলজিয়ামের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ৮৬ মিনিট পর্যন্ত খেলেছেন দ্রুতগতির ডোকু। জানা গেছে, উদ্বোধনী ম্যাচের আগের সপ্তাহে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ডোকু অনুশীলন থেকে আগেভাগেই বেরিয়ে গিয়েছিলেন। রেড ডেভিলসরা শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ