প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শফিকুর রহমানের ওপর হামলা ও তার কক্ষে ভাঙচুরের ঘটনায় একটি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে কসবা রেলওয়ে স্টেশনে ঘটে এই ঘটনা। এই ঘটনার পর স্টেশনমাস্টার বাদি হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া সুমন মিয়া (২৪) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রোওমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রবিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক মাছ চাষির কাছ থেকে কে বা কারা ১০০ টাকা ভাড়া হিসেবে আদায় করে। এই ঘটনাকে কেন্দ্র করে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি কসবা স্টেশন মাস্টার শফিকুর রহমানের কক্ষে গিয়ে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক সময় উত্তেজিত সুমন মিয়া স্টেশনমাস্টারের ওপর হামলা করেন এবং তার কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে স্থানীয়রা সুমন মিয়াকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শফিকুর রহমান মন্তব্য করেন, প্রথমে সুমন মিয়া তার কক্ষে এসে তাকে গালাগাল শুরু করে। পরে একপর্যায়ে সুমন তার ওপর হামলা চালিয়েছে এবং তার কক্ষে থাকা কম্পিউটার মনিটরসহ বেশ কিছু জরুরি জিনিসপত্র ভাঙচুর করে ও ক্ষতি করেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনার পর তিনি নিজে বাদি হয়ে তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন, কসবা রেল স্টেশনের স্টেশনমাস্টারের ওপর হামলা ও তার কক্ষে ভাঙচুরের ঘটনায় আমরা একজন যুবককে আটক করেছি। পরে তাকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কসবা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে আমরা কসবা থানা পুলিশের কাছ থেকে সুমনকে আমাদের হেফাজতে নিয়ে আসি। এই ঘটনায় স্টেশনমাস্টার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন