০৪:২৪ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা কৃষক মো. সিরাজ উদ্দীনের (৬৫) মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত সিরাজ উদ্দীন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সকালে সিরাজ উদ্দীন তার ছেলে শাকিলকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে নৌকায় করে নদীর ওপারে গিয়েছিলেন। ঘাস কেটে ফেরার সময় তারা দুজন আলাদা দুটি নৌকায় বসে ছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোতের কারণে সিরাজ উদ্দীনের নৌকাটি ডুবে যায়। ছেলে উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের জোরে তা সম্ভব হয়নি এবং পরবর্তীতে তিনি নদীতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। তবে সারা দিন গত হওয়ার পরেও তাকে পাওয়া যায়নি। অভিযানের কিছু সময় পর তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সিরাজ উদ্দীনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন