ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি


নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

ইসরাইলের আসন্ন নির্বাচনকে নাগরিকরা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করছেন। বর্তমানে নিউইয়র্কে বসবাসকারী এক ইসরাইলি নাগরিক ৬০০০ মাইল পাড়ি দিয়ে ভোট দিতে ইসরাইলে ফিরছেন। তবে তিনি একমাত্র নন, বরং বার্লিন থেকে ব্রুকলিনসহ বিশ্বের বিভিন্ন শহর থেকে হাজারো নাগরিক ইসরাইলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের উদ্দেশ্য, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানো।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে ওই নাগরিক জানিয়েছেন, বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য ইসরাইলে ডাকযোগে বা অনুপস্থিত অবস্থায় ভোট দেওয়ার সুযোগ নেই। তাই ভোট দিতে হলে নির্বাচনের দিন দেশটিতে উপস্থিত থাকতে হবে। এই কারণে তিনি স্ত্রীকে নিয়ে উড়োজাহাজে ইসরাইলে ফিরছেন। তাদের তিন সন্তানকে বেবিসিটারের কাছে রেখে যাচ্ছেন। তিনি বলেন, “মনে মনে প্রার্থনা করছি, যেন যুদ্ধ শুরু না হয় এবং আমরা সেখানে আটকা না পড়ি।”

তিনি আরো বলেন, “আমরা এই যাত্রা করছি কারণ আমাদের সন্তানদের ফিরে আসার মতো একটি ঘর থাকা প্রয়োজন। আমি যাচ্ছি কারণ ইসরায়েলের বর্তমান সরকারকে আমি মেনে নিতে পারছি না এবং চাই তারা ক্ষমতা থেকে সরে যাক। তাছাড়া, একজন গর্বিত ইসরায়েলি হিসেবে আমি আমার দেশের প্রতি দায়িত্বগুলোকে গুরুত্বের সঙ্গে নিই। সেনাবাহিনী ডাকলে আমি সাড়া দিই, আবার নির্বাচনের সময় এলে আমি ভোটকেন্দ্রে হাজির হই—আমার কাছে এই দুটিই সমান দায়িত্ব।”

আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

তিনি উল্লেখ করেন, “আমাদের অনেকেই আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। আমার পরিবারের আবাসস্থল হলো ‘ওয়াহাত আল-সালাম/নেভে শালোম’ নামের একটি গ্রাম, যেখানে ইহুদি ও ফিলিস্তিনি পরিবারগুলো পাশাপাশি থেকে তাদের সন্তানদের বড় করে তোলে। সেখানে আবার ফিরে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

গত তিন বছরের যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় ইসরাইল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের ভবিষ্যতের চেয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার দিকেই বেশি মনোযোগী।

ইসরাইলি নাগরিক দাবি করেন, দেশের গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত ও বৈষম্যপূর্ণ, তবে এর অস্তিত্ব টিকে আছে। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য মহাসাগর পাড়ি দিয়ে সেখানে যাওয়া তার কাছে একটি অপরিহার্য কর্তব্য। গত এক বছর যুক্তরাষ্ট্রে বসবাস করার সময় তিনি অবাক হয়ে লক্ষ্য করেছেন, বিশ্ব ইসরায়েলিদের কীভাবে দেখে। কেবল ইসরায়েলি হওয়ার কারণে শিল্পকলা ও চলচ্চিত্র—যার মধ্যে তার নিজের কাজও রয়েছে—বয়কট করা হচ্ছে। মনে হচ্ছে, বিশ্ব আমাদের সবাইকে আমাদের কট্টরপন্থী সরকারের সাথে গুলিয়ে ফেলছে।

তিনি স্বীকার করেন, প্রথমে দেশে ফিরে ভোট দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও ভেবেছিলেন। সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া, ভোট দেওয়া এবং দীর্ঘ বিমানযাত্রার পর সময়ের পার্থক্যজনিত ক্লান্তি—সব মিলিয়ে বিষয়টি কঠিন মনে হয়েছিল তাঁর কাছে।

আরও পড়ুন: সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কিন্তু পরে একটি ঘটনার কথা মনে পড়ে তাঁর। ইসরাইলি যাত্রীতে ভরা একটি বিমান ছিনতাইয়ের শিকার হয়েছিল। বিমানের ককপিটে এক হামলাকারী ছিল এবং বিমানটি দেশের জাতীয় বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল। যাত্রীরা উদ্ধারের অপেক্ষায় বসে না থেকে সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে হামলাকারীকে কাবু করেন। এতে শেষ মুহূর্তে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

ওই ঘটনার সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ইসরাইলও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। দেশকে এই অবস্থা থেকে টেনে তোলার জন্য কেউ এগিয়ে আসছে না। তাই নিজেদেরই উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, “৭ অক্টোবর আমি ইসরাইলের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পাশে দাঁড়িয়েছিলাম। আর ২৭ অক্টোবর দেশে ফিরছি—লড়াই করতে, যেন এমন একটি দেশ টিকে থাকে, যা সবার জন্য উপযুক্ত।”

শেষে তিনি বলেন, “পালিয়ে যাব, নাকি লড়াই করব? আমি দুটোই বেছে নিচ্ছি।”

আরও পড়ুন: হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর পুনরায় চালু করল সৌদি আরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ভয়াবহ আগুন, ৭ পাট গুদাম ও ৩ দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৬ এম


ফরিদপুরে ভয়াবহ আগুন, ৭ পাট গুদাম ও ৩ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম এবং তিনটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এই ঘটনা ঘটে। ওই সময় গুদামগুলোতে তিন হাজার মণ পাট ছিল, যা আগুনে ভস্মীভূত হয়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই আগুনের শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।

বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল বলেন, "রাত ৮টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, ফলে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়। প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়; যার মূল্য প্রায় দুই কোটি টাকা।"

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে পুড়ে যায়।

কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-কুমিল্লা ৯০ কিমি. রেলপথ নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ এম


ঢাকা-কুমিল্লা ৯০ কিমি. রেলপথ নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয়

বিএনপি সরকার রেলপথের আধুনিকীকরণ এবং যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা-কুমিল্লা ৯০ কিমি. নতুন রেলপথ (কর্ড লাইন) অবশেষে বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। নতুন রেলপথ (কর্ড লাইন) কুমিল্লা-দাউদকান্দি-শ্যামপুর-ফতুল্লা নারায়ণগঞ্জের মাধ্যমে ঢাকার সঙ্গে সংযুক্ত হবে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ। প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এশীয় ব্যাংক (এডিবি) এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকসহ (ইআইবি) বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা প্রকল্পটিতে বিনিয়োগে আগ্রহী। নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি রেলের বহরে নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ রেলপথে ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি লেকোমোটিভ, ২০০টি মিটার গেজ ক্যারেজ, চারটি হুইল লেদ এবং চারটি রিলিফ ট্রেন থাকবে বলে জানা গেছে এবং সমীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে বিদ্যমান রেলপথটি আখাউড়া, ভৈরব বাজার, টঙ্গী হয়ে ঢাকা যাওয়ায় রেলপথের দূরত্ব ৩২০ কিলোমিটার দাঁড়িয়েছে। নতুন রেলপথ (কর্ড লাইন) কুমিল্লা-ঢাকা নির্মাণ হলে দূরত্ব কমবে এবং ট্রেনের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।

রেলওয়ে সূত্রে আরও জানা যায়, নতুন রেলপথ (কর্ড লাইন) কুমিল্লা-ঢাকা ৯০ কিমি. দীর্ঘাংশের বড় অংশ উড়ালপথে নির্মাণের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। নতুন কর্ড লাইনটি কুমিল্লা-দাউদকান্দি-শ্যামপুর-ফতুল্লা-নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষ্যা নদী অতিক্রম করে সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হবে। কর্ড লাইনটি উড়ালপথ ঢাকা থেকে শুরু হয়ে কুমিল্লার গোমতী-দাউদকান্দি নদী পার হয়ে বিস্তৃত হবে। তবে পুরো নতুন রেলপথে কোনো লেভেল ক্রসিং রাখা হবে না।

নতুন এ রেলপথ বাস্তবায়িত হলে বিদ্যমান রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে। নতুন কর্ড লাইন চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে ঢাকার পণ্য পরিবহনে বড় ধরনের পরিবর্তন আসবে। ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নকশা প্রণয়নের কাজ চলছে। প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-লাকসাম-চট্টগ্রাম ট্রেনে পৌঁছাতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। নতুন কর্ড লাইন চালু হলে পণ্য পরিবহনের মাত্রা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত উন্নত করা সম্ভব হবে।

বিগত সরকার ঢাকা-লাকসাম-চট্টগ্রাম রেলপথ উন্নয়নে দুটি প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয় করলেও ট্রেনের গতি বাড়েনি, বরং কমেছে। লেভেল ক্রসিং না থাকায় কর্ড লাইনে ট্রেনগুলো বাধা ছাড়াই চলাচল করতে পারবে, যা উচ্চ গতির ট্রেন পরিচালনার সুযোগ সৃষ্টি করবে। কুমিল্লা-ঢাকা রেল কর্ড লাইন সব জল্পনা-কল্পনার অবশেষে বাস্তবায়নের পথে যাওয়ায় কুমিল্লা তথা বৃহত্তর লাকসামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।

কুমিল্লা সদর আসনের মনিরুল হক চৌধুরী এমপি মন্তব্য করেছেন, "আমার দীর্ঘদিনের আন্দোলনে কুমিল্লা-ঢাকা সরাসরি নতুন রেললাইন স্থাপন হচ্ছে। বাজেটে নতুন রেললাইন (কর্ড লাইন) সরাসরি নির্মাণের অনুমোদন হয়েছে। কুমিল্লা-ঢাকা কর্ড লাইন চালু হলে রাজধানীটাই কুমিল্লায় চলে আসবে। কুমিল্লার লোকজন ঢাকায় গিয়ে অফিস করতে পারবে।"

লাকসাম-মনোহরগঞ্জ আসন ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি বলেছেন, "কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ কর্ড লাইন স্থাপন কুমিল্লাবাসী তথা বৃহত্তর লাকসামবাসীর প্রাণের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রেলপথ নির্মাণ গুরুত্বের সঙ্গে দেখছেন।" লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল মন্তব্য করেছেন, "কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ নির্মাণে বৃহত্তর লাকসামবাসী তথা লাকসাম-নোয়াখালী, লাকসাম-চাঁদপুর জেলাবাসী উপকৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ এম


৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

দুবাইয়ে বাংলাদেশির দোকান থেকে চুরি হওয়া ৯৬ লাখ ৩২ হাজার টাকার ঘটনায় ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ নেওয়ার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রামুর জেঠিরাস্তা নিজ বাড়ি থেকে পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রবাসী সাইফুল ইসলাম গত ১ অক্টোবর চকরিয়া থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।

মামলার বাদী সাইফুল ইসলাম কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদারপাড়ার বাসিন্দা। মামলায় দোকানের কর্মচারী মো. নোমানকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মিলি আক্তার, উম্মে কুলছুম, রমিজুর রহমান তুহিন, মীর আহমদ ও জাহানারা আরজুসহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

সাইফুল ইসলামের অভিযোগ, তার দোকান থেকে দুবাইয়ে ৯৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়। মামলার তদন্তে নেমে পুলিশ চুরির টাকা স্থানান্তর ও আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পায়। এ সময় আত্মসাৎ করা টাকার একটি অংশ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

মামলার ৩ নম্বর আসামি উম্মে কুলছুমের স্বীকারোক্তিতে চেয়ারম্যান শাহ আলমের নাম উঠে আসে। পুলিশের কাছে তার দেওয়া স্বীকারোক্তিতে উম্মে কুলছুম দাবি করেন, আত্মসাৎ করা টাকার একটি অংশ থেকে শাহ আলম ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ পেয়েছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল জানান, তদন্তে শাহ আলমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান কালের কণ্ঠকে জানান, তিনি বিষয়টি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে জেনেছেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ এম


সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনার কার্যক্রম সীমিত থাকার কারণে বাংলাদেশের সঙ্গে দেশটির আকাশপথে যোগাযোগে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। একের পর এক ফ্লাইট স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী কর্মী, ব্যবসায়ী, ওমরাহযাত্রীসহ বিভিন্ন শ্রেণির যাত্রী।

এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তবে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট স্থগিত হয়েছে।

ট্রানজিট যাত্রীরাও অনিশ্চয়তায়

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনার সীমাবদ্ধতার প্রভাব সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট রুটেও পড়েছে। অন্য দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অনেককে ভ্রমণসূচি পরিবর্তন, টিকিট পুনর্নির্ধারণ কিংবা বিকল্প ফ্লাইট খুঁজতে হতে পারে।

তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের মধ্যে কতজন বিকল্প ফ্লাইট পেয়েছেন, কতজন টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কিংবা কতজন অর্থ ফেরত পেয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান পাওয়া যায়নি।

বিকল্প ব্যবস্থা নিয়ে প্রশ্ন

ফ্লাইট স্থগিতের কারণে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে তাদের আর্থিক ও পেশাগত ক্ষতির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ওমরাহযাত্রী ও ব্যবসায়ীদেরও ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় এয়ারলাইন্সগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থগিত ফ্লাইটের যাত্রীদের মধ্যে কতজনকে বিকল্প ফ্লাইটে নেওয়া হয়েছে, কতজনের টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং অর্থ ফেরতের আবেদন কতটি নিষ্পত্তি হয়েছে, তা জানা প্রয়োজন। পাশাপাশি যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়ার ব্যবস্থা কার্যকর রাখা জরুরি।

ফ্লাইট স্থগিতের সর্বশেষ তথ্য যাত্রীদের কাছে পৌঁছানো এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ও গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে এয়ারলাইন্স ও বেবিচকের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোর পরিচালনার পরিস্থিতির ওপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নির্ভর করছে। এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে শুধু যাত্রীদের সতর্ক থাকার পরামর্শই যথেষ্ট নয়। সংকটের সময়ে দ্রুত তথ্য সরবরাহ, বিকল্প ভ্রমণব্যবস্থা, টিকিট পরিবর্তন ও অর্থ ফেরত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ১৪৪টি ফ্লাইট স্থগিত এবং ২২ হাজার ২১ জন যাত্রীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%