প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে রবিবার ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করতে সড়ক সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে ইতোমধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া, রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখসমূহ পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকে নিঃস্বার্থভাবে কাজ করছে।
এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে উক্ত সড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
এদিন সকাল থেকে ডিএসসিসি প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করছেন এবং বিভিন্ন সড়কে চলমান ইমারজেন্সি রেসপন্স টিমের পানি নিষ্কাশন কার্যক্রমও সরেজমিনে দেখছেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছেন। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি নাগরিকদের যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানান এবং একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় আপনার পাশে রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন এলাকায় বিদ্যমান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগসমূহ অত্যন্ত সতর্কতার সাথে এড়িয়ে চলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন