মোঃওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
১০:৩৩ পি.এম
শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।
ওই সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। একই সঙ্গে যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রল এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে ভোক্তাদের জন্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আমেরিকার কমার্স ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের (বিইএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) প্রাইস ইনডেক্স আগের মাসের তুলনায় ০.৫ শতাংশ বেড়েছে। আগের মাস আগস্টে এই সূচকের বৃদ্ধি ছিল ০.৩ শতাংশ। অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সেপ্টেম্বরের এই বৃদ্ধির হার মিলে গেছে।
গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে পিসিই মূল্যস্ফীতি বেড়ে ৩.৬ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে আগস্টে এ হার ছিল ৩.৪ শতাংশ।
খাদ্য ও জ্বালানির মতো অস্থির দামের উপাদান বাদ দিয়ে হিসাব করা কোর পিসিই প্রাইস ইনডেক্স সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় ০.৩ শতাংশ বেড়েছে। আগস্টের এই বৃদ্ধির হারও সংশোধিত হিসাবে ০.৩ শতাংশ।
বার্ষিক হিসাবে সেপ্টেম্বরে কোর পিসিই মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশ হয়েছে, যেখানে আগস্টে এ হার ছিল ৩ শতাংশ।
ফেড মূল্যস্ফীতি পরিমাপের জন্য পিসিই প্রাইস ইনডেক্সকে একটি প্রধান সূচক হিসেবে ব্যবহার করে। ফেডের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।
বুধবার ফেড বেঞ্চমার্ক সুদের হার ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। তবে ফেডারেল রিজার্ভ জানিয়েছে যে, মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আর্থিক বাজারে আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৪.৬ শতাংশ ধরে নেওয়া হচ্ছিল।
ভোক্তা ব্যয় বেড়েছে, তবে প্রকৃত ব্যয় অপরিবর্তিত
আমেরিকার অর্থনৈতিক কর্মকাণ্ডের দুই-তৃতীয়াংশের বেশি ভোক্তা ব্যয়ের ওপর নির্ভরশীল। তাই এই খাতের পরিবর্তন অর্থনীতির সামগ্রিক গতিপ্রকৃতি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
বিইএর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ভোক্তা ব্যয় আগের মাসের তুলনায় ০.৫ শতাংশ বেড়েছে। আগস্টে এই বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ।
তবে মূল্যস্ফীতি সমন্বয়ের পর সেপ্টেম্বরে প্রকৃত ভোক্তা ব্যয় অপরিবর্তিত ছিল। অর্থাৎ, পণ্য ও সেবার জন্য ভোক্তাদের মোট ব্যয় বাড়লেও দাম বৃদ্ধির প্রভাব বাদ দিলে ব্যয়ের পরিমাণে কোনো প্রবৃদ্ধি হয়নি।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ভোক্তা ব্যয় বার্ষিক হিসাবে ৩.৮ শতাংশ হারে বেড়েছে। তবে সেপ্টেম্বরে প্রকৃত ব্যয় স্থির থাকায় বছরের শেষ প্রান্তিকে ভোক্তা চাহিদা দুর্বল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তৃতীয় প্রান্তিকে অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ
সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি)'র অগ্রগতি নিয়ে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের এই প্রান্তিকে আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও অন্যদিকে মূল্যস্ফীতি ফেডের লক্ষ্যমাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। জ্বালানি ও অন্যান্য পণ্যের বাড়তি দাম ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে।
এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিষয়ে ফেডকে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে। তবে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানো হবে কি না, সে বিষয়ে ইউএস সেন্ট্রাল ব্যাংক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’, যা সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি চার দিনব্যাপী চলবে এবং এর একাদশ আসরে তরুণ প্রতিনিধিরা মিলিত হবেন।
সম্মেলনটি সামনে রেখে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রচার কার্যক্রমের মাধ্যমে ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৭’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
দেশি ও বিদেশি শিক্ষার্থীরা ডেলিগেট বা প্রতিনিধি হিসেবে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তারা কূটনৈতিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পাবেন।
সম্মেলনের পরিচিতিমূলক বার্তায় উল্লেখ করা হয়েছে, পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি, নতুন বৈশ্বিক সংকট এবং রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক শাসনব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে এই ব্যবস্থার খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার ওপর বহুপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ নির্ভর করছে।
এক দশকের বেশি সময় ধরে কূটনীতি, গঠনমূলক সংলাপ ও বুদ্ধিবৃত্তিক চর্চার ধারাবাহিকতায় সিইউমান আয়োজিত হচ্ছে। এবারের সম্মেলনে বৈশ্বিক সমস্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি পর্যালোচনা এবং আরও ন্যায্য ভবিষ্যৎ গঠনে তরুণদের চিন্তা ও আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা cumun27.cumuna.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। সম্মেলন ও নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরের একটি জামায়াত নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহ মহানগর জামায়াত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি মহানগর জামায়াতের নতুন বাজার সাংগঠনিক থানা শাখার কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবেও কর্মরত রয়েছেন।
আজ সকাল থেকে শহীদুল্লাহর আপত্তিকর একটি ভিডিও টেলিগ্রামে এবং ভিডিওটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে আটটার দিকে শহীদুল্লাহ্ জানান, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা একটি ব্যক্তিগত ভিডিও। তিনি দাবি করেন, অজ্ঞাতনামা কেউ তার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিতে পারে। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।
মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি দাবি করেছেন। তবে বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মহানগর জামায়াতের আমির।
এদিকে, শহীদুল্লাহর অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী জানিয়েছেন, ভিডিওটি ছড়ানোর ঘটনায় সন্দেহভাজন ছাত্রের কথা উল্লেখ করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত কাজ শুরু করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বিশ্ববাজারে প্রবেশ করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে। এ উপলক্ষে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক বিয়ন্ড লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিমার্ক। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।
রিমার্কের করপোরেট কার্যালয়ে সোমবার (২ নভেম্বর) আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক বিয়ন্ডের চিফ অপারেটিং অফিসার রিদওয়ান আহমেদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবি কেয়ারের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। পাশাপাশি খুচরা ও পাইকারি অর্ডারের পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের মেশিনারি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
স্কাইটেক বিয়ন্ডের সিওও রিদওয়ান আহমেদ মন্তব্য করেন, ‘আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য নয়, উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন, কাস্টমাইজড প্যাকেজিং কিংবা সংশ্লিষ্ট শিল্পসেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আলিবাবার মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’
অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন বলেন, ‘আলিবাবার মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য তালিকাভুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। এ কার্যক্রমকে কার্যকর করতে প্রযুক্তিগত সমন্বয়, পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি।’
রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আরিফুল ইসলাম জানান, ‘বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করতে চাই আমরা। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ