০৭:১৬ পি.এম
রাজশাহী মহানগরীতে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি, পোস্টার ও উসকানিমূলক কনটেন্ট প্রকাশের অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে তৈরি গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি এবং বিভিন্ন উসকানিমূলক এআইনির্ভর পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় বাংলাদেশ পলিটেকনিকের শিক্ষার্থী এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন