০৮:২২ পি.এম
বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার করা ৬৯টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪৮ হাজার ৮০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ৪-এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪
৪-এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত জুলাই মাসে বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৪ হাজার ৭১৬ টাকা।
এ ছাড়া, বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণার অভিযোগে দুটি ঘটনার তদন্ত করে মোট ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪-এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়ানো টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
৪-এপিবিএন বগুড়ার অধিনায়ক শহীদ আবু সরোয়ার বলেন, শুধু মোবাইল ফোন ও অর্থ উদ্ধার নয়, গত জুলাই মাসে সাইবার ক্রাইম সেল অপরাধের শিকার তিনজন ভুক্তভোগীকে উদ্ধারে সহায়তা করেছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো হ্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত অপরাধের সমাধান এবং সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার ব্যক্তিদের আইনি ও প্রযুক্তিগত সেবা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সাইবার অপরাধসংক্রান্ত যেকোনো সহযোগিতা ও পরামর্শের জন্য এপিবিএনের বগুড়া সাইবার ক্রাইম সেল সবসময় প্রস্তুত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন