০১:৫৯ পি.এম
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, তাদের স্বাধীনতা রয়েছে, তাঁরা দিতে পারেন। তবে আমি মনে করি, যে বিষয়গুলো বলার, সেগুলো আমলে নেওয়ার মতো কিছু দেখতে পাইনি।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
মন্ত্রী উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেই সমস্ত সুবিধা তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে এ বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তিনি যদি পদত্যাগ করতে চান, সে জন্য আইন অনুযায়ী বিধান রয়েছে। স্পিকার সেটি গ্রহণও করেছেন। এগুলো সব আইনি প্রক্রিয়া।
তিনি উল্লেখ করেন, বর্তমানে রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালাগালি করছেন, তাদের সেই অধিকার রয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের কী প্রত্যাশা থাকতে পারে? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে এবং প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি ও অন্যরা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা এমনটা করতে পারে। তবে সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ সময়ে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন। সংবিধান অনুসারে, তিনি প্রিভিলেজড; তাঁর ইমিউনিটি রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আদালতে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। এর বাইরে যারা কিছু বলছেন, তাদের স্বাধীনতা রয়েছে। তবে আমি মনে করি, এসব আমলে নেওয়ার মতো কিছু দেখি না।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিন ফোনে কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পত্রিকায় এই বিষয়টি দেখেছি। কোনো পত্রিকা এ ধরনের সংবাদ প্রকাশ করলে, তাদের কাছে কী তথ্য-প্রমাণ রয়েছে, সেটি জানতে হবে। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। আবার, কথা বলার জন্য লন্ডন যেতে হবে কি? ইন্টারনেটের দুনিয়ায় লন্ডনে গিয়ে কারো সঙ্গে কথা বলা প্রয়োজন নেই। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যেতে পারে।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সময়ে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে এটি সেই সময়ের বিষয়। সেটা আইন অনুযায়ী চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন