ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি


টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগে গ্যাস প্রবাহ চালুর দাবিতে গোপালপুরের তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা।

রবিবারের বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের তিতাস গ্রাহকেরা।

এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান, মোস্তফা জামানসহ আরও অনেকে।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে থাকলেও দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। ফলে রান্না-বান্নার জন্য তারা চরম কষ্ট ভোগ করছেন। বক্তারা হুঁশিয়ারি দেন, এই অবস্থা চলতে থাকলে বাধ্য হয়ে ‘নো গ্যাস, নো বিল’ নীতি অবলম্বন করা হবে এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথাও বলেন।

এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিট্রিবিউশনের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান জানান, চট্টগ্রামে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে আগামী ৪-৫ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হয়ে গেলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, সাবিয়া খাতুন, হালিমা আক্তার, কথামনি, প্রীতি আক্তার, তিথি বেগম এবং বিউটি আক্তারসহ আরও অসংখ্য ব্যক্তি।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:২০ পি.এম


প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান নিতে দ্বিধা করবেন না বলে ঘোষণা করেছেন। জাতীয় স্বার্থ রক্ষায় এই অবস্থান গ্রহণের কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিবিসিকে তিনি প্রথম বড় সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে বার্নহ্যাম উল্লেখ করেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক ইতিবাচক ছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘খুবই আন্তরিক’ মনে করেন। তবে, ট্রাম্পকে বিশ্বাস করেন কি না- এ প্রশ্নের সরাসরি জবাব তিনি এড়িয়ে যান। একই প্রশ্ন পুনর্বার করা হলেও বার্নহ্যাম বলেন, “পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। পরিস্থিতি যেমন এগোবে, সেভাবেই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে।” তিনি আরও জানান, “আমি কখনওই বলতে পারি না যে, ট্রাম্পের সঙ্গে আমার মতপার্থক্য হবে না। যদি যুক্তরাজ্যের জন্য ভিন্ন অবস্থান নেওয়া প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি সেটি প্রকাশ করব।” বার্নহ্যাম স্পষ্টভাবে বলেন, “অবশ্যই।” এর আগে ট্রাম্পকে প্রয়োজন হলে প্রকাশ্যে সমালোচনা করবেন কি না- প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, “সবার আগে নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। একজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাইলে সেটাই করতে হবে।” প্রধানমন্ত্রী হওয়ার পরেও সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বদলাবে না বলেও জানান বার্নহ্যাম। এর ভাষায়, “আমার সবচেয়ে বড় শক্তি হলো মানুষের কাছাকাছি থাকা। প্রধানমন্ত্রী হওয়ার পরও সেটি বদলাবে না।” সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত শুরু করায় তার উদ্বেগ ছিল। এই ধরনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি কখনও পিছপা হবেন না বলেও মন্তব্য করেন। বার্নহ্যাম বলেন, “আমি যা সঠিক মনে করি, তা বলতে কখনওই দ্বিধা করব না।” সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় নিয়েও প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী। তিনি দেশের সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করবে- এ ব্যাপারে নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে রাজি হননি। উল্লেখ্য, আগের সরকারের চ্যান্সেলর জন হিলি ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি না থাকায় পদত্যাগ করেছিলেন। তার যুক্তি ছিল, এ প্রতিশ্রুতি ছাড়া দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ প্রসঙ্গে বার্নহ্যাম বলেন, তিনি নতুন চ্যান্সেলরকে নিয়োগ দিয়েছেন প্রতিরক্ষা ব্যয়ের গুরুত্ব সম্পর্কে তার অবস্থান জেনেই। প্রধানমন্ত্রী বলেন, “এখন আমাদের প্রথম কাজ হলো প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করা। বছরের শেষ দিকে বাজেট ঘোষণার আগে আমরা বিষয়টি নিয়ে কাজ করব।” তিনি বলেছেন, জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য নিয়ে আবারও প্রশ্ন করা হলে, “এটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ আমাদের খুঁজে বের করতে হবে।” সাক্ষাৎকারে আগামী সাধারণ নির্বাচন নিয়েও বার্নহ্যামের অবস্থান পরিষ্কার। তিনি স্পষ্ট করে জানান, ২০২৯ সালের আগে আগাম জাতীয় নির্বাচনের কোনও পরিকল্পনা নেই। তার ভাষায়, “আমি আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করছি। আমার মনে হয় না জনগণ এখন তা চায়।” বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের পরিস্থিতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীর অস্ত্রোপচার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীর অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির প্রবীন সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে তার অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছে।

শনিবার (২৫ জুলাই) এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর। তিনি জানান, ‘তার খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন, এবং তার সংকট এখনো কাটেনি।’

আবীর আরো বলেন, ‘চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে কিছু বলা যাবে না, তারা অপেক্ষা করতে বলেছেন।’

তিনি জানালেন, ‘তার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান সার্বক্ষণিক তার চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।’

এর আগে, গত ২১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলের ছদ্মবেশে সাংবাদিক, ঘুষ নিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


জেলের ছদ্মবেশে সাংবাদিক, ঘুষ নিল পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর ও বিষখালী নদীতে চলাচলকারী মাছ ধরার ট্রলার এবং পণ্যবাহী নৌযান থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঁদা প্রদান না করলে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা এবং নানা ধরনের প্রশাসনিক হয়রানি। অনুসন্ধানে গিয়ে এই চাঁদা দাবির মুখোমুখি হয়েছেন ছদ্মবেশী এক সাংবাদিক, যার দৃশ্য গোপন ক্যামেরায় বন্দি হয়েছে।

স্থানীয় জেলেদের কাছ থেকে জানা যায় যে, জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকার করে তাদের সংসার চলে। মহাজন ও এনজিওর চড়া সুদের ঋণ শোধ করতে জেলেরা হিমশিম খাচ্ছেন এবং নৌ-পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নিয়মিতভাবে প্রতি মাসে ট্রলার এবং ছোট জাহাজ প্রতি দুই থেকে তিন হাজার টাকা মাসোহারা না দিলে জেলেদের বিরুদ্ধে সাজানো মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সাধারণ জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামেন সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। অনুসন্ধানের একপর্যায়ে তিনি নিজেই নৌ-পুলিশের চাঁদাবাজির শিকার হন। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি এবং বিকাশের মাধ্যমে লেনদেন করেন, যা গোপন ক্যামেরায় বন্দি হয়।

এছাড়াও সংগৃহীত অডিও রেকর্ডে এএসআই কবিরকে দাবি করতে শোনা যায়, এই চাঁদাবাজির টাকার ভাগ ইনচার্জসহ ফাঁড়ির সকল সদস্য পেয়ে থাকেন।

ভুক্তভোগী আজাদ ও সোহেল, আরও অনেক জেলে ও জাহাজ মাঝিরা জানিয়েছেন, নদীতে মাছ ধরতে নামলেই পুলিশি হয়রানির ভয়ে তাদের তটস্থ থাকতে হয়। চাঁদা না দিলে ট্রলার জব্দ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়, যার ফলে তারা চরমভাবে বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হন।

ছদ্মবেশী সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ বলেন, জেলেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে নৌ-পুলিশ তাদের ওপর জুলুম করছে। সত্যতা নিশ্চিত করতেই আমি জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামি। ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি টাকা দাবি করেন এবং বিকাশের মাধ্যমে টাকা নেন। টাকা না দিলে নদীতে কোনো ট্রলার চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নৌ-পুলিশের অসাধু কর্মকর্তাদের কারণে সাধারণ জেলে এবং ট্রলার মালিকরা আজ দিশেহারা। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

ঘটনার বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ফাঁড়ির সদস্যরা এবং ভিডিও ধারণে বাধা প্রদান করেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গজ গভীর মিয়া জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, জেলেদের কাছ থেকে নৌ-পুলিশের টাকা নেওয়ার অভিযোগ তিনি এর আগেও একাধিকবার পেয়েছেন। তবে এবার ভিডিও প্রমাণ মেলায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশে ভালো কাজের পুরস্কার, অনিয়মে তিরস্কার অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


পুলিশে ভালো কাজের পুরস্কার, অনিয়মে তিরস্কার অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনবান্ধব পুলিশ গঠনে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করবেন, তাদের কর্মের যথাযথ স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে এবং যারা আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা অপকর্মে লিপ্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি তিরস্কারমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন এবং সমসাময়িক ও রাজনৈতিক নানা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, উল্টো রথযাত্রা বা কোনো বিশেষ ধর্মীয় উৎসবে লক্ষ্য করে এটি করা হয়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই; বরং এটি কাকতালীয়। তিনি জানান, ডিএমপি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতায় তা নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে।

সাবেক রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে জমা দেয়া হয়েছে এবং তা গৃহীত হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যেকোনো নাগরিক বা রাজনৈতিক দলের মতামত ও প্রতিবাদ প্রকাশের অধিকার রয়েছে। মন্ত্রী আরও বলেন, পদাধিকার বলে দায়িত্ব পালনকালীন সময়ে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) পেয়ে থাকেন, তা বলবৎ থাকবে। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতিকে এসএসএফ (SSF), পিজিআর (PGR) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে জানান, তাড়াহুড়ো করে তৈরি করা প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে, তাই তা পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের মাঝে বিশুদ্ধ তালিকা অনুযায়ী পুলিশ পদক প্রদান করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইজিপি মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মো. কামরুল আহসান।

অনুষ্ঠানে দুটি ভিন্ন সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ৩০ মিনিটের মধ্যে প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারকারী সাতজন পুলিশ সদস্য হলেন— যথাক্রমে ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

ট্রাফিক সার্জেন্ট কর্তৃক ছিনতাইকারী গ্রেফতারের ঘটনায় পুরস্কৃত দু’জন পুলিশ সদস্য হলেন— যথাক্রমে ডিএমপ’ της ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি ও সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%