০৫:১০ পি.এম
নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরসভা কার্যালয়ে যান। ওই সময়, তিনি পৌরসভার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে নাগরিক সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনের সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, পৌরবাসীর দোরগোড়ায় দ্রুত হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং সময়ানুবর্তিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব। জনগণের কল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পৌর প্রকৌশলী তানভির আহম্মেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা এম এ জামানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন