ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক


স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ এই সাক্ষাৎকালে বিশেষত স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার চিকিৎসাক্ষেত্রে মালয়েশিয়ার যথেষ্ট উন্নতির কথা উল্লেখ করে বলেন, কম্বোডিয়ার রোগীরা ইতোমধ্যে থাইল্যান্ড বাদ দিয়ে মালয়েশিয়া যাচ্ছে। বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়া অত্যন্ত ভালো গন্তব্য হতে পারে। তিনি আরও জানান, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে আগ্রহী বাংলাদেশীরা চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশও কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’

আরও পড়ুন: জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

একই সাথে তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথভাবে কিছু করার সম্ভাবনা ও সেক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশে তাদের দেশের কিছু শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বলেও জানান। স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার শিক্ষার্থীদের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মালয়েশিয়ার হাইকমিশনার জানান, মালয়েশিয়ায় চিকিৎসার বিভিন্ন খরচ, ওষুধের দাম ইত্যাদি বোর্ডে লেখা থাকে এবং খরচ অন্যান্য দেশের চেয়ে কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভালো সেবা পেলে এদেশের মানুষ মালয়েশিয়া যাবে চিকিৎসা নিতে। আমার পরিচিত অনেকের এমন অভিজ্ঞতা রয়েছে।’

হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে যাওয়ার কথা জানান। সাক্ষাৎকালে ঢাকাস্থ মালয়েশিয়া হাই কমিশনের কর্মকর্তা, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএসটিসি) কর্মকর্তারা, তাদের বাংলাদেশী অংশীদার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইউএনওর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: এসিল্যান্ডকে সিলেটে সংযুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের পতন ঘটেছে। রয়টার্স/ইপসোসের চার দিনব্যাপী সর্বশেষ যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে।

সোমবার (১৭ আগস্ট) শেষ হওয়া জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। বিপরীতে প্রায় ৬৪ শতাংশ নাগরিক তার বিষয়ে স্পষ্ট অসন্তোষ জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে তার সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। বর্তমানে এই সর্বনিম্ন রেটিং ২০১৭ সালের ডিসেম্বরে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বনিম্নের সমান।

জরিপে অংশগ্রহণকারী প্রায় ৮০ শতাংশ আমেরিকান মনে করছেন, ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধ বা সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার কারণে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় সরবরাহ রুট অসুবিধার সম্মুখীন হয়েছে, যার ফলে সাধারণ মার্কিন পরিবারের উপর পেট্রোলের দাম বাড়ছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে এই মূল্যস্ফীতি রিপাবলিকানদের রাজনীতিতে চাপ সৃষ্টি করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, একটি বিপজ্জনক দেশকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে পেট্রোলের দাম কিছুটা বেশি দেওয়া যুক্তিসঙ্গত। তবে জরিপে দেখা যাচ্ছে, প্রতি পাঁচজন মার্কিনির মধ্যে মাত্র একজন মনে করছেন যে এই সংঘাত বা যুদ্ধের মূল্য পরিশোধ করা যৌক্তিক।

চলতি মাসে অর্থনৈতিক সক্ষমতার বিচারেও ভোটারদের কাছে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। জরিপে ৩৮ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি আস্থা রেখেছেন, যেখানে রিপাবলিকানদের প্রতি আস্থা রয়েছে ৩৫ শতাংশের। এমনকি ট্রাম্পের প্রধান রাজনৈতিক অস্ত্র 'কঠোর অভিবাসন নীতিতেও' রিপাবলিকানদের জনসমর্থন আগের চেয়ে নাটকীয়ভাবে কমে আসছে।

অনলাইনে দেশজুড়ে পরিচালিত এই রয়টার্স/ইপসোস জরিপে ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপটির ফলাফল অনুযায়ী ৩ শতাংশ পয়েন্টের সম্ভাব্য ভুল (মার্জিন অব এরর) থাকতে পারে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

তীব্র সমালোচনার মুখে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান।

কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে কাওয়ালি পরিবেশন করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি, নুসরাত ফতেহ আলী খানের প্রায় তিন দশক আগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাহাত ফতেহ আলী খান তার ছেলে শাহজামান আলী খানকে সঙ্গে নিয়ে মাজারে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক ভক্তের সামনে তারা একটি কালাম (সুফি গান) পরিবেশন করেন।

কিন্তু, পরিবেশনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র আলোচনার সূচনা হয়। ভিডিওতে দেখা যায়, কাওয়ালি পরিবেশনের সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ আকাশে কাগজের টাকা ছুঁড়ে দিচ্ছে। আর এই দৃশ্যটি নিয়েই নেটিজেনদের একটি বড় অংশ আপত্তি তুলেছে।

অনেকের মতে, কবরের সামনে এভাবে গান পরিবেশন এবং টাকা ওড়ানোর বিষয়টি শ্রদ্ধা জানানোর উপযুক্ত পদ্ধতি নয়। ভিডিওটির মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী উল্লেখ করেন, ‘কবরের কোনো সম্মান রাখা হয়নি।’

অন্য একজন কটাক্ষ করে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে তিনি আবার মদ্যপ অবস্থায় আছেন।’ এ ছাড়া অনেকেই ‘আস্তাগফিরুল্লাহ’ লিখে পুরো ঘটনাটির নিন্দা জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন পরিবেশ তৈরি করা আদৌ কতটা সমীচীন।

যদিও রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে গান পরিবেশন করেছিলেন, তবে মাজারে গান গাওয়া এবং পরিবেশনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামছে না।

উল্লেখ্য, ১৯৯৭ সালের আগস্টে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। সংগীতজীবনের শুরু থেকেই চাচা নুসরাতের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় অংশ নিতেন রাহাত ফতেহ আলী খান। চাচার মৃত্যুর পর এককভাবে কাওয়ালি সংগীতে নিজের অবস্থান তৈরি করেন।

পরবর্তী সময়ে পাকিস্তানের অন্যতম প্রধান কাওয়ালি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাহাত এবং নুসরাত ফতেহ আলী খানের সংগীতের উত্তরাধিকারও বহন করে চলেছেন। কিন্তু এবার চাচার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তার পরিবেশনার ধরন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় নতুনকুঁড়ি স্পোর্টস রেজিষ্ট্রেশ বুথ স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


ভাণ্ডারিয়ায় নতুনকুঁড়ি স্পোর্টস রেজিষ্ট্রেশ বুথ স্থাপন

শিশু-কিশোরদেও ক্রীড়া প্রতীভা বিকাশে নতুনকুড়িঁ -২০২৬ কর্মসূচির রেজিষ্ট্রেশন কার্যক্রম পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ভাণ্ডারিয়া পৌরসভাসহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ভিত্তিক রেজিষ্ট্রেশন বুথ স্খাপনের নিদের্শনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এসব রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করে যথারীতি কার্যক্রম শুরু করেছে। এসব রেজিষ্ট্রেশনে বুথে সংগ্রহিত আবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে জমা দেওয়া হবে।
জানা গেছে, ভাণ্ডারিয়া বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়, শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা, ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয় , শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ শিয়ালকাঠি আলিম মাদ্রাসায় এ রেজিষ্ট্রশন বুথ স্থাপন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অন্তর্ভূক্ত রয়েছে।
মোট ১০টি ইভেন্টে বালক ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে একজন প্রতিযোগি দুইটি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত স্খাপনকৃত বুথে রেজিষ্ট্রেশন করা যাবে। ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে কিশোর কিশোরীদের খেলাধূলা আগ্রহী করার পাশাপাশি তাদের ক্রীড়ায় সুপ্ত বিকাশ ঘটবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়েই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


উপজেলা পর্যায়েই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় পরিকল্পনা

দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা আউটডোর, ইনডোর ও অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন। তিনি জানান, দেশে প্রায় ১০ লাখ চোখের ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসার লক্ষ্য নিয়ে একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হু স্পেকস ২০৩০ ইনিশিয়েটিভ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হু স্পেকস ২০৩০ ইনিশিয়েটিভ’ এই উদ্যোগের মাধ্যমে।

আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞ ড. মুহিত বলেন, সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং উপজেলা পর্যায় পর্যন্ত আধুনিক চক্ষু সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কাজ চলছে।

প্রায় ৫০০টি উপজেলায় চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে, যাতে তৃণমূলের মানুষকে আর চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে ছুটতে না হয়।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত আরো জানান, সরকারের নিয়োগ প্রক্রিয়ায় থাকা এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণে ‘প্রাইমারি আই কেয়ার’ বা প্রাথমিক চক্ষু সেবা একটি আবশ্যক অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি জেলা হাসপাতালগুলোর অবকাঠামো সমন্বয় করে খুব দ্রুত অন্তত অর্ধেক জেলায় নিয়মিত ছানি অপারেশন ও রিফ্রাকশন সেবা জোরদার করা হবে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এনআইওএইচ-এর আধুনিকায়ন ও সম্প্রসারণে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা শিগগিরই বাস্তবায়িত হবে।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ের এনজিওগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের চক্ষু সেবার সাফল্য তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত জানান, বিগত ছয় মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় চক্ষু সেবার উন্নয়ন ও সম্প্রসারণে আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের তৎপরতায় বাংলাদেশ একটি গ্লোবাল সামিট আয়োজনের বড় প্রতিশ্রুতিও অর্জন করেছে। সরকারের লক্ষ্য আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশের চক্ষু চিকিৎসা খাতে একটি যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এ এস এম এম কাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ডা. তাশি তবগে এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%