০২:৩০ পি.এম
তীব্র সমালোচনার মুখে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান।
কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে কাওয়ালি পরিবেশন করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি, নুসরাত ফতেহ আলী খানের প্রায় তিন দশক আগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাহাত ফতেহ আলী খান তার ছেলে শাহজামান আলী খানকে সঙ্গে নিয়ে মাজারে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক ভক্তের সামনে তারা একটি কালাম (সুফি গান) পরিবেশন করেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
কিন্তু, পরিবেশনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র আলোচনার সূচনা হয়। ভিডিওতে দেখা যায়, কাওয়ালি পরিবেশনের সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ আকাশে কাগজের টাকা ছুঁড়ে দিচ্ছে। আর এই দৃশ্যটি নিয়েই নেটিজেনদের একটি বড় অংশ আপত্তি তুলেছে।
অনেকের মতে, কবরের সামনে এভাবে গান পরিবেশন এবং টাকা ওড়ানোর বিষয়টি শ্রদ্ধা জানানোর উপযুক্ত পদ্ধতি নয়। ভিডিওটির মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী উল্লেখ করেন, ‘কবরের কোনো সম্মান রাখা হয়নি।’
অন্য একজন কটাক্ষ করে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে তিনি আবার মদ্যপ অবস্থায় আছেন।’ এ ছাড়া অনেকেই ‘আস্তাগফিরুল্লাহ’ লিখে পুরো ঘটনাটির নিন্দা জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন পরিবেশ তৈরি করা আদৌ কতটা সমীচীন।
যদিও রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে গান পরিবেশন করেছিলেন, তবে মাজারে গান গাওয়া এবং পরিবেশনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামছে না।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
উল্লেখ্য, ১৯৯৭ সালের আগস্টে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। সংগীতজীবনের শুরু থেকেই চাচা নুসরাতের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় অংশ নিতেন রাহাত ফতেহ আলী খান। চাচার মৃত্যুর পর এককভাবে কাওয়ালি সংগীতে নিজের অবস্থান তৈরি করেন।
পরবর্তী সময়ে পাকিস্তানের অন্যতম প্রধান কাওয়ালি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাহাত এবং নুসরাত ফতেহ আলী খানের সংগীতের উত্তরাধিকারও বহন করে চলেছেন। কিন্তু এবার চাচার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তার পরিবেশনার ধরন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন