মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
১১:২৯ পি.এম
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ধনবাড়ী উপজেলা ইউনিট সংস্থার অফিসে এই আয়োজন করে।
ইউনিটের অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন। তিনি তাঁর ভাষণের একপর্যায়ে স্পষ্টভাবে বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।" তাই তিনি বলেন, এই পেশার মর্যাদা ধরে রাখতে হলে সংগঠিত ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। তিনি আরো বলেন, "বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া-এগুলোই নৈতিক সাংবাদিকতার মূল ভিত্তি।" কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবাদকে বিকৃত করা বা প্রচারের গতি বাড়ানোর জন্য সত্যকে উপেক্ষা করা পেশার প্রতি বৈরী আচরণ, যা কখনোই কাম্য নয়।
সভাপতি মিলন ধনবাড়ী উপজেলার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলার সংবাদকর্মীরা দীর্ঘদিন ধরে পেশাগত দায়বদ্ধতা ও নিরপেক্ষতার আদর্শ ধরে রেখে জনগণের পক্ষে কাজ করে আসছেন। তাঁরা শুধু সংবাদই পরিবেশন করছেন না, বরং স্থানীয় নানা সমস্যা, দুর্ভোগ ও উন্নয়নের প্রতিবন্ধকতা তুলে ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও সামাজিক সচেতনতামূলক প্রতিবেদনের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন-যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, নিরপেক্ষ থাকা সত্ত্বেও তাঁরা কখনো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পিছপা হননি, যা একজন সত্যিকারের সাংবাদিকের পরিচায়ক।
ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের সদস্যরা যদি আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারেন, তাহলে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন অনেক সহজ হবে। ঐক্যের মাধ্যমে যেমন পারস্পরিক দক্ষতা বিনিময় সম্ভব, তেমনি যৌথ উদ্যোগে সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রচার আরও কার্যকরী হয়। তিনি সকল সাংবাদিককে পেশাগত প্রশিক্ষণ, নৈতিকতা মেনে চলা এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংগঠনের পক্ষ থেকে তরুণ সাংবাদিকদের জন্য মানবসম্পদ উন্নয়ন, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, এককভাবে নয়, যৌথ প্রচেষ্টায়ই সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এবং সমাজের কাছে সাংবাদিকদের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তিনি সকল সাংবাদিককে পেশার প্রতি অটুট থাকার, জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার এবং কোনো প্রকার চাপ বা প্রলোভনে বিচলিত না হওয়ার পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধনবাড়ী উপজেলার সাংবাদিকরা যদি এভাবেই নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করে যান, তবে তাঁরা শুধু স্থানীয় পর্যায়ে নয়, জেলা ও জাতীয় পর্যায়েও আদর্শ স্থাপন করতে সক্ষম হবেন। তাঁর এই বক্তব্য উপস্থিত সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে এবং পেশার প্রতি নতুন উদ্যম যোগায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি ও আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম।" সংবাদ মাধ্যমই হলো সমাজের আয়না, যা অসঙ্গতি তুলে ধরে, শাসক-শোষিতের মাঝে সেতুবন্ধন তৈরি করে এবং জনমত গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই নানা প্রতিকূলতার সম্মুখীন হন-কখনও হুমকি, কখনও মামলা। এমন প্রেক্ষাপটে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন এবং তথ্য অধিকার নিশ্চিতে যুগ যুগ ধরে যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে, তা অনস্বীকার্য।
আমি গর্বের সাথে বলতে চাই, টাঙ্গাইল জেলা ইউনিট এই সংগ্রামের অন্যতম শক্ত ঘাঁটি। আমাদের সংস্থা কেবল প্রতিবাদেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতার চর্চা এবং আইনি সহায়তা প্রদানের মাধ্যমেও তাঁদের পাশে দাঁড়িয়েছে। আজ আমি ধনবাড়ী উপজেলার নেতৃবৃন্দের বিশেষ প্রশংসা না করে পারছি না। তাঁদের আন্তরিকতা, কর্মঠতা এবং সংগঠনের প্রতি অগাধ ভালোবাসা জেলা পর্যায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁরা প্রমাণ করেছেন, সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায়েও সাংবাদিকতার মান উন্নীত করা সম্ভব। তাঁদের এই উদ্যোগ আমাদের সকলের জন্য প্রেরণা-এটি শুধু ধনবাড়ী বা টাঙ্গাইলের জন্য নয়, গোটা দেশের সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে বাস্তবতা হচ্ছে, সাংবাদিকতার স্বাধীনতা আজও হুমকির মুখে। কখনও গুজবের জালে, কখনও ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে, আবার কখনও মালিকপক্ষের চাপে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়। আমরা যদি সত্যিই জনগণের কণ্ঠস্বর হতে চাই, তাহলে এই বাধাগুলোকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা তার ইতিহাসে যেমন সবসময় অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নয়নমূলক সাংবাদিকতার পক্ষে কথা বলেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের অনুসন্ধানী প্রতিবেদক মো. ইউসুফ আলী। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের শৃঙ্খলা ও একতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, ঘাটাইল উপজেলা ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, ধনবাড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক রাকিব হাসান। আরও উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী ইউনিটের সকল সদস্যবৃন্দ। দ্বিতীয় পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কবি ইমাম হাসান সোহানকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়। মো. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সবার ঐকান্তিক অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে সভার সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পরে পুলিশ জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে তারা।
নিহত আসিফ টাঙ্গাইল সদরের চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে হিসেবে পরিচিত। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এরপর শনিবার (১৫ আগস্ট) সকালে সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির উদ্দেশ্যে পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে তিনি চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে চলে যান। এরপর থেকে আসিফ নিখোঁজ হয়ে যায়। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। এই ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিলে অংশ নেন। কুষ্টিয়ার এমপি আমির হামজার কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করে। এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকায় তাৎক্ষণিকভাবে একটি মশাল মিছিল করে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়ে পল্টন ও প্রেসক্লাব ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, "কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শহরে মানববন্ধনের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সেখানে জামাত শিবিরের লোকজন দেশীয় রামদা দিয়ে গণঅধিকার পরিষদের নেতা ও কর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের ৪০/৫০ জন নেতা কর্মী আহত হন। হামলার ফলে এক নেতার পায়ের গোড়ালি কেটে দেওয়ার ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদ জামায়াতে ইসলামীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চায় এবং তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায়। জামায়াত শিবির যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও, আমির হামজার অশোভন বক্তব্য নিয়ে গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি যোগ করেন, শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভারতে পলাতক রয়েছেন। জামায়াতে ইসলামী যদি তাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না করে, তাহলে তাদেরকেও পাকিস্তানে পালিয়ে যেতে হবে।
দলের মুখপাত্র আবু হানিফ বলেন, "কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। এ সময় আমির হামজার গাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে জামাতের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার কারণে নেতার পায়ের রগ কেটে যায়। জামাত শিবিরের রগ কাটার ইতিহাস অনেক পুরোনো। গণঅভ্যুত্থানের পর আজকের ঘটনা প্রমাণ করেছে জামাত শিবিরের রগকাটার ইতিহাস আবার ফিরে এসেছে। জামাতের কাছে আবেদন, হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক।
তিনি আরও বলেন, আমির হামজা পাগলের মত কথাবার্তা বলে, তার মত মানসিক ভাবে অসুস্থ একজন ব্যক্তি এমপি হতে পারে, এটা বোধগম্য নয়। জামাতের উচিত, আমির হামজাকে পাবনায় পাঠিয়ে মানসিক চিকিৎসা করানো।
এসময় মশাল মিছিলে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ফাতেমা রেসাসহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে, ইরানের বন্দরগুলোতে চলমান নৌ এবং অর্থনৈতিক অবরোধ বজায় রাখতে তারা সম্পূর্ণ সক্ষম। তারা জানায়, প্রয়োজনে অর্থনৈতিক এই সামরিক উপস্থিতি অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়া যেতে পারে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার চলমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের ভূরাজনৈতিক পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সংকট আরও ঘনীভূত হয়েছে। ইরান দাবি করেছে যে, তারা এই জলপথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের শর্ত পূরণ না হলে এই রুট বন্ধ থাকবে। প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন ব্লকেডের কারণে বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা দাবি করেছে যে, তারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত করেছেন যে, আগামী সপ্তাহে তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। এদিকে, মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরে দীর্ঘমেয়াদী এই মোতায়েন নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে পতাকাবাহী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করেছে, ফলে ক্রু এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য এবং দৈনন্দিন সুযোগ-সুবিধার ওপর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, একটানা দীর্ঘ সময় সাগরে অবস্থানের কারণে নাবিকদের ওপর মানসিক চাপ এবং ক্লান্তির বিষয়টি সামনে এসেছে, যা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মার্কিন সামরিক নেতৃত্ব এই অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছে এবং জানিয়েছে, রণতরীর কর্মীরা দেশের সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ও অবিচল রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত চাপের মুখেও তেহরান বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে, ইরানের নীতিনির্ধারকরা অর্থনৈতিক এই লড়াইয়ে টিকে থাকতে নিজেদের কৌশলে অনড় রয়েছেন এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন অক্ষের মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন অবরোধের কারণে তেহরানের তেল রপ্তানি বা আয়ের ওপর বড় ধরনের আঘাত হানলেও রাজনৈতিকভাবে দেশটির ভেতরে বর্তমান সরকার তাদের অবস্থানে অটল রয়েছে। সব মিলিয়ে পারস্য প্রণালী এবং মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সংকট উত্তরণের পথ আপাতত বেশ দীর্ঘ এবং জটিল বলেই মনে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চট্টগ্রামমুখী অংশে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রদীপ পাল চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কেউটিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ