০৮:৩২ পি.এম
অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল। তারা গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেন।
এই উৎসব গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এবারের উৎসবের মূল থিম ছিল ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড ইকোনমি: ডেভেলপিং অ্যাকশনেবল স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ’। জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং অর্থনীতির সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্য ছিল এই আয়োজনের।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এবং আয়োজক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির দলটি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের রিটেলার্স বিজনেস মিট-২০২৬ অনুষ্ঠিত
বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত এবং জান্নাতুল নাঈম। তারা সকলেই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাদের অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে ভবিষ্যতে শিক্ষাজীবন, গবেষণা এবং কর্মক্ষেত্রে আরো সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরো সমৃদ্ধ করবে।
এছাড়া সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত এবং বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, এই সাফল্য শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে।
আরও পড়ুন: ২০২৭ সালে ব্যাংকাররা কতদিন ছুটি পাবেন?
‘ইকোনোব্রিয়াম ৫.০’ জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন