০৩:০৫ পি.এম
দেলোয়ার হোসাইন আকাইদ
কুমিল্লা, ২৯ নভেম্বর, ২০২৬ : প্রাচীন সভ্যতার অসাধারণ নিদর্শন, ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ ভাণ্ডার, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদন কেন্দ্র নিয়ে গঠিত কুমিল্লা হচ্ছে পর্যটনের একটি সম্ভাবনাময় জনপদ। জেলার লালমাই-ময়নামতি পাহাড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি, ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছার বাড়ি, প্রাকৃতিক বনাঞ্চল এবং বেসরকারি বিনোদন পার্ক- এই সব মিলিয়ে জেলা পর্যটন আকর্ষণে সমৃদ্ধ।
পর্যটন ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূমিরূপ এই অঞ্চলের পর্যটন বাণিজ্যের সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: ২০২৬ সালে তরুণেরা ১০ অদ্ভুত নতুন শব্দে মজেছেন
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম বাসস’কে জানিয়েছেন, দর্শনার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে তাল মিলিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটনসেবা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
তিনি বলেন, এ দুটি স্থান দেখতে বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ দর্শনার্থী আসেন। ২০২৫-২৬ অর্থবছরে শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরসহ সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা। দর্শনার্থীদের আগ্রহ ও সেবার মান উন্নয়নের উদ্যোগ অব্যাহত থাকায় ভবিষ্যতে রাজস্ব আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মো. শাহীন বলেন, দর্শনার্থীদের আধুনিক ও তথ্যসমৃদ্ধ অভিজ্ঞতা দিতে ময়নামতি জাদুঘরের প্রদর্শনী কেন্দ্র আধুনিকায়ন করা হচ্ছে। প্রদর্শিত প্রাচীন প্রত্নবস্তু, ভাস্কর্য ও অন্যান্য নিদর্শনের সঙ্গে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। দর্শনার্থীরা মোবাইল ফোনে কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট নিদর্শনের ইতিহাস ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে প্রযুক্তির মাধ্যমে সহজেই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নৈসর্গিক সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ ওয়েলস
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে জেলার দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। বর্তমানে পর্যটন মৌসুমকে সামনে রেখে সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
পর্যটকদের আগমনকে কেন্দ্র করে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা আশা করছেন, চলতি পর্যটন মৌসুমে কুমিল্লার সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলো ঘিরে প্রায় ৫০ কোটি টাকা আয় হতে পারে।
কুমিল্লার পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু লালমাই-ময়নামতি পাহাড়। এ অঞ্চলে ছড়িয়ে রয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শালবন বৌদ্ধবিহার, চন্দ্রমুড়া, রূপবান মুড়া, রানীর বাংলার পাহাড়সহ বিভিন্ন প্রত্নস্থল এ অঞ্চলের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করছে। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননে এসব স্থান থেকে উদ্ধার করা হয়েছে মূল্যবান মূর্তি, মুদ্রা, পোড়ামাটির ফলক, তৈজসপত্র ও অন্যান্য প্রত্নবস্তু। এসব নিদর্শনের উল্লেখযোগ্য অংশ সংরক্ষিত রয়েছে ময়নামতি জাদুঘরে।
কুমিল্লা নগরী থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় অবস্থিত শালবন বৌদ্ধবিহার। প্রায় ৩৭ একর এলাকাজুড়ে বিস্তৃত এ প্রত্নস্থল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধবিহার। ধারণা করা হয়, সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে দেববংশীয় রাজাদের শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন সমতট অঞ্চলের বৌদ্ধ ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যশিল্পের ইতিহাস জানতে শালবন বিহার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
শালবন বিহারের পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন সময়ে খননকাজে পাওয়া প্রাচীন ভাস্কর্য, মূর্তি, মুদ্রা, অলংকার, তৈজসপত্র ও প্রত্নবস্তু। প্রতিটি নিদর্শন যেন অতীতের মানুষের জীবনযাত্রা, ধর্মীয় বিশ্বাস, শিল্পবোধ ও সাংস্কৃতিক বিকাশের গল্প তুলে ধরছে। ফলে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থী ও গবেষকদের কাছে এ অঞ্চল বিশেষ গুরুত্ব বহন করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিভিন্ন দেশের সৈন্যদের স্মরণে নির্মিত ময়নামতি ওয়ার সেমেট্রি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্ডি মন্দির, রাজেশপুর ফরেস্ট বিট এবং লাকসামের পশ্চিমগাঁওয়ে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক বাড়ি।
প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় ঘটেছে জেলার বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতেও। লালমাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লালমাই লেকল্যান্ড পার্ক। কোটবাড়ি এলাকায় রয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, ডায়নোসর পার্ক ও ফ্যান টাউন। এ ছাড়া গোমতী নদীর তীরে গড়ে ওঠা গোমতি ট্যার্চসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র পর্যটকদের জন্য নতুন আকর্ষণ।
কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর পর্যটন কার্যক্রমের পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টিকিট বিক্রি, গাড়ি পার্কিং ও ইজারাসহ বিভিন্ন খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরে এ এলাকা থেকে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেছেন ৪ লাখ ৩ হাজার ২৭২ জন দেশি-বিদেশি দর্শনার্থী।
আরও পড়ুন: আজ ন্যাশনাল চকোলেটস ডে, খাওয়ার দিন
২০২৪-২৫ অর্থবছরে এলাকা থেকে রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ওই সময়ে দর্শনার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৫ হাজার ৫৯৬ জন।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থী রাশিদুল মুরসালিন বাসসকে বলেন, শালবন বৌদ্ধবিহার শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি দেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার গুরুত্বপূর্ণ দলিল। এখানে সরাসরি এসে ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়।
নোয়াখালীর চাটখিল থেকে আসা ব্যাংক কর্মকর্তা রেদুয়ানুর রহমান রনি বলেন, ময়নামতি জাদুঘর ঘুরে প্রাচীন বাংলার মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এখানে সংরক্ষিত মূর্তি, তৈজসপত্র ও অন্যান্য প্রত্নবস্তুর বিবরণ থেকে অতীতের অনেক অজানা বিষয় জানা যায়। বিভিন্ন যুগের নিদর্শন পর্যবেক্ষণ করে ইতিহাসের ধারাবাহিকতা বোঝা সম্ভব।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার শ্যামল সাহা বলেন, অনেক আগে এই প্রত্নস্থল পরিদর্শন করেছিলাম। তাই এবার পরিবারের সদস্যদের নিয়ে এসে পুরোনো স্মৃতি ফিরে পেলাম। প্রত্নস্থলটির পরিবেশ ও পর্যটন সেবায় নতুন কিছু সংযোজন করা গেলে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে।
আরও পড়ুন: তেল-গ্যাস ক্রয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ, প্রবৃদ্ধি কম থাকবে: অর্থমন্ত্রী
ঢাকার খিলক্ষেত থেকে আসা দর্শনার্থী মাহফুজুর রহমান বলেন, অনেক দিন ধরে শালবন বিহার ও ময়নামতির ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শুনেছি। এবার সরাসরি এসে প্রাচীন সভ্যতা ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে থাকা প্রত্ননিদর্শনগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল আনন্দের।
কুমিল্লার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। বিশেষ করে লালমাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে বনোদনকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে নতুন নতুন রাইড, আধুনিক সুযোগ-সুবিধা ও পারিবারিক বিনোদনের ব্যবস্থা যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য আকর্ষণের পরিধি বাড়ছে।
লাভ ফর ট্যুরিজম বাংলাদেশের সভাপতি ও লালমাই লেকল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. মফিজুল ইসলাম বাসস’কে বলেন, সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কুমিল্লায় পর্যটনের ভরা মৌসুম। এ সময়ে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। চলতি মৌসুমে সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলো মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও আয় হবে বলে আশা করি।
টুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসস’কে বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় পর্যটন মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। এ সময় পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ঘোরাফেরা নিশ্চিত করতে বিশেষ তদারকি করা হয়। স্থানীয় হকার বা দোকানিদের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।
আরও পড়ুন: নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, গাজীপুরের কারখানায় কর্মচাঞ্চল্য ফেরত
তিনি বলেন, শালবন বিহারসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পর্যটকেরা যাতে নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে ভ্রমণ করতে পারেন, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পুরো প্রত্নতাত্ত্বিক এলাকার বিভিন্ন স্থানে পূর্ণাঙ্গ মানচিত্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন প্রত্নস্থলের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে সহজে জানতে পারবেন। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বই কেনার জন্য বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য শৌচাগারের সংখ্যা বাড়ানো এবং গাড়ির পাশাপাশি মোটরসাইকেল পার্কিংয়ের পৃথক ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে চার স্তরের নিরাপত্তা-ব্যবস্থা।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম জানান, পর্যটকদের সেবার পরিধি আরও বাড়ানো এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়া লালমাই-ময়নামতি পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উন্মোচিত হয়েছে। এসব প্রত্নস্থল সংরক্ষণ, গবেষণা ও দর্শনার্থীদের কাছে তুলে ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের মতে, ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদন-এই তিনের সমন্বয়ে কুমিল্লার পর্যটন খাতের সম্ভাবনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর যথাযথভাবে সংরক্ষণ, পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও খাবারের সুবিধা সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকের আগমন আরও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন