১০:০৪ পি.এম
টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই ২০২৬ (বুধবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়ার পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি খেয়াল রেখে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জুলাই জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তাই ১৫ জুলাই পর্যন্ত সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু
এ সময়ে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্না, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন