শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০১:১১ পি.এম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : সেপ্টেম্বর মাসে জাপানে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মূল্যস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এর ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বাড়ানোর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাজা খাদ্যপণ্যের অস্থিতিশীল মূল্য বাদ দিলে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ২ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। আগের মাস আগস্টে এই হার ছিল ১ দশমিক ৭ শতাংশ।
সেপ্টেম্বরের এই হার বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও এটি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য মন্তব্য করেছেন, ‘মূল্যস্ফীতির অন্তর্নিহিত প্রবণতা আবারও জাপান ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে উঠে আসায় মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষে জোরালো ভিত্তি রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়াতে পারে। এতে ডিসেম্বরে আবারও সুদের হার বাড়ানোর পথ তৈরি হতে পারে।’
মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় জাপান ব্যাংক সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সুদের হার বাড়িয়েছিল। বিশ্বজুড়ে অন্যান্য প্রধান কেন্দ্রীয় ব্যাংকের মতো জাপানও জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির চাপ মোকাবেলার জন্য এ পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই চাপ আরও তীব্র হয়েছে।
এদিকে, জাপানি মুদ্রা ইয়েনের দুর্বলতার কারণে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বাড়িভাড়া এবং মোটরযান-সংশ্লিষ্ট ব্যয়ও মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
অর্থনীতিবিদ অভিজিৎ সূর্যের মতে, বাড়িভাড়ার মূল্যস্ফীতি প্রায় ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তবে পেট্রল ও বিদ্যুতের বিলে সরকারি সহায়তা জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কিছুটা কমিয়েছে বলে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।
খাদ্য ও জ্বালানি—উভয় খাতের মূল্য বাদ দিয়ে হিসাব করলেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ১ দশমিক ৯ শতাংশ। সেপ্টেম্বরের এই হার বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকেও অতিক্রম করেছে।
মূল্যস্ফীতির কারণে পরিবারের ক্রয়ক্ষমতার ওপর চাপ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের শেষ দিকে গৃহীত বড় ধরনের প্রণোদনা প্যাকেজ এবং জ্বালানির ওপর ব্যাপক করছাড়।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পূর্ববর্তী দুই পূর্বসূরি মূল্যস্ফীতি নিয়ে জনঅসন্তোষের কারণে রাজনৈতিকভাবে বিপদে পড়েছিলেন।
সরকার জানিয়েছে, আগামী এপ্রিল থেকে দুই বছরের জন্য খাদ্যপণ্যের ওপর ভোগকর ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হবে।
তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সরকারের কর রাজস্ব প্রায় ১০ লাখ কোটি ইয়েন (৬ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার) কমতে পারে।
এতে জাপানের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণেরও বেশি, যা বিশ্বের সর্বোচ্চ ঋণ-জিডিপি অনুপাতগুলোর একটি।
প্রাকৃতিক সম্পদে সীমিত জাপান জ্বালানির চাহিদা মেটাতে আমদানি করা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে, মস্কো স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তির আওতায় নিরাপত্তা-সংক্রান্ত শর্তাবলীর বিষয়ে আলোচনা করতে আগ্রহী। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানান।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে পুতিন উল্লেখ করেন, "এই আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা। যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের কোনো বিরতির পর নয়, বরং চূড়ান্ত চুক্তির অংশ হিসেবেই এ বিষয়ে আলোচনা করতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।
রোববারের চূড়ান্ত দফার ভোটের আগে সিদ্ধান্তহীন ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে দুই প্রার্থীই শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো লুলার চেয়ে দুই শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছিলেন। তিনি মোট ভোটের ৪৭ শতাংশ অর্জন করেছিলেন।
ফ্লাভিওর এই অপ্রত্যাশিত অগ্রগতি ব্রাজিলের বামপন্থিদের সক্রিয় করে তুলেছে। রোববারের রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আগে দেশজুড়ে বড় বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ৮১ বছর বয়সের কাছাকাছি পৌঁছানো বর্তমান প্রেসিডেন্ট লুলাও শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদার করেছেন। তিনি নিজের হাতে মোবাইল ধরে ভিডিও প্রকাশ করছেন।
এমনকি জীবনে প্রথমবারের মতো একটি মুঠোফোনও কিনেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ডেটাফোলহা ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীরই ভোটারদের সমর্থন ৫০ শতাংশ করে। অথচ দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপে ফ্লাভিও বলসোনারো চার শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ডোমিনিয়ামের পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক লিয়ান্দ্রো গাবিয়াতি এএফপিকে বলেন, ‘লুলার জনপ্রিয়তা বাড়ছে। তবে প্রতিদ্বন্দ্বিতার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে—এমন কোনো নির্ণায়ক আঘাত তিনি এখনো হানতে পারেননি। এই বিতর্কই হতে পারে তার শেষ সুযোগ।’
শুক্রবার রাতে রিও ডি জেনেইরোতে দেশটির বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক টিভি গ্লোবো আয়োজিত বিতর্কের দিকে তাকিয়ে আছেন ব্রাজিলের ভোটাররা।
রোববার অনুষ্ঠিত প্রথম বিতর্ক দ্রুতই পাল্টাপাল্টি অপমান ও কটাক্ষে রূপ নেয়। ফলে সেখানে নীতিগত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম ছিল।
রিওর দন্তচিকিৎসক লিজি মোরেইরা এএফপিকে বলেন, ‘বিতর্কগুলো আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতো পর্যায়ে নেমে গেছে, যা একেবারেই অযৌক্তিক।’
৬০ বছর বয়সী মোরেইরা বলসোনারোকে ভোট দেবেন। তার মতে, লুলার নীতিগুলো ‘জনতুষ্টিবাদী’।
‘ভুয়া খবর’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করার ব্যবস্থা চালুর দাবিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। এতে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনকারীরা টিভি গ্লোবোকে সরাসরি তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী প্রচারে ব্যাপক হারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে।
বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় এক নির্বাচনী সমাবেশে ফ্লাভিও বলসোনারো বলেন, তাকে ‘অনেক ভুয়া খবরের’ জবাব দিতে হয়েছে। বিশেষ করে ব্যয় কমানোর জন্য তিনি সামাজিক কল্যাণ কর্মসূচি বন্ধ করে দেবেন—এমন অভিযোগের প্রতিবাদ জানান তিনি।
লাতিন আমেরিকার অন্যান্য ডানপন্থি নেতার মতো ফ্লাভিওও কঠোর নিরাপত্তানীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং লুলাকে রাজনীতি থেকে ‘অবসর নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।
জবাবে লুলা বলেছেন, ‘পরিবর্তন মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়।’
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে এক বামপন্থি সমাবেশে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেন, ‘লুলা আমার সবকিছুর প্রতিনিধিত্ব করেন। আমি দরিদ্র। আমি একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আমি বৃত্তির ওপর নির্ভরশীল।’
সাবেক শ্রমিকনেতা লুলা নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরছেন। বলসোনারো পরিবারের আবার ক্ষমতায় ফেরার বিরোধিতার ওপরও তিনি অনেকাংশে নির্ভর করছেন।
২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে হাসপাতালের নতুন ভবনের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালে দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিশেষভাবে ডেঙ্গু প্রতিরোধের জন্য হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে এসে দালালদের দৌরাত্ম্যের কারণে সঠিকভাবে চিকিৎসা সেবা পান না। এই দালালদের দৌরাত্ম্য কমাতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সেবার জায়গা। এই হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে স্থায়ীভাবে দুজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নিয়োগ দেওয়া হবে। হাসপাতালে এসে রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হবে।
এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নতুন করে গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে, এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে দলের অস্থায়ী কার্যালয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং মাওলানা আশরাফ মাহাদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ